বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:১১ এম
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পাথরবোঝাই ট্রাকের আঘাতে একটি বসতঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘটনায় ঘরের ভিতরে থাকা মাত্র তিন মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মো. মোহন (২২)-এর বাড়িতে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় বাড়ির একটি শয়নকক্ষ সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘরের ভিতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়।
শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এখন পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। চালক এবং ট্রাক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও জর্ডান যৌথভাবে ব্যবসায়িক ফোরাম গঠনের বিষয়ে সম্মত হয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক হবে। একইসঙ্গে, অনিবন্ধিত কর্মীদের বৈধকরণ এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার সিদ্ধান্তও গ্রহণ করেছে উভয় দেশ।
এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে বুধবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দুই দেশের দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভায়।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তাবিত যৌথ ব্যবসায়িক ফোরামের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পুনরায় কার্যকর করার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
এটি ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক সরবরাহে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার সুযোগ তৈরি করবে। বৈঠকে তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতেও সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। অন্যদিকে, জর্ডানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। এসময় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
জর্ডান বাংলাদেশের কর্মীদের অবদানের স্বীকৃতি প্রদান করে, বিশেষ করে তৈরি পোশাক খাতে তাদের অবদানের কথা উল্লেখ করে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যৌথ শ্রমবিষয়ক কমিটির কার্যক্রম নিয়ে দুই পক্ষ একমত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ জর্ডানের আবাসিক দূতাবাস ঢাকায় খোলার অনুরোধ জানায়। জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, এ প্রস্তাব সক্রিয় বিবেচনায় রয়েছে।
এছাড়া, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য সংসদীয় মৈত্রী কমিটি গঠনের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি ঝুলে থাকা দ্বিপক্ষীয় চুক্তিগুলোর চূড়ান্তকরণ দ্রুত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।
বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার এবং ন্যায়সংগত ও স্থায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। একইসঙ্গে, জেরুজালেমের মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র ধর্মীয় স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি দেয় বাংলাদেশ।
অন্যদিকে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জর্ডান।
বৈঠকের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠায় রাজনৈতিক পরামর্শবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে, দিনের শুরুতে আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. নজরুল ইসলাম। এসময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাঙাচোরা বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। লকডাউন বিষয়ক পরিস্থিতির প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, এর প্রতিবাদে বুধবার রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে দলের সদস্যরা এই চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বুধবার রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে নেতাকর্মীরা শামীম ওসমানের জামতলার ভাঙা বাড়ির সামনে জড়ো হয়ে আগুন লাগানোর চেষ্টা করেন। তবে তারা বাড়িটিতে আগুন দিতে সক্ষম হননি। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ মিছিল করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এ বিষয়ে বলেন, জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা সম্পর্কে আমরা অবগত হয়েছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শামীম ওসমানের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর থেকে বাড়িটি ফাঁকা অবস্থায় রয়েছে। বর্তমানে বাড়িটিতে কোনো নিরাপত্তাকর্মীও নেই। একসময়কার জৌলুশপূর্ণ ডুপ্লেক্স বাড়িটি এখন ভূতুড়ে অবস্থায় পরিণত হয়েছে।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায়, সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির গাড়ি রাখার জন্য ব্যবহৃত পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, ভিডিওটি কখন ধারণ করা হয়েছে এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে আমার দেশকে জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির গ্যারেজটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে। সেখানে কোনো গাড়ি রাখা হয় না। আগুনের সূত্রপাতের পর তা ছড়িয়ে পড়ার আগেই নিভে যায়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগুনের একটি সংক্ষিপ্ত ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ সেকেন্ডের ওই ভিডিওতে ভবনের নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওটি কে ধারণ করেছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কী এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বের করার চেষ্টা চলছে।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি উল্লেখ করেন, দেশের বীমা খাতে মোট বীমা দাবির প্রায় ৭৩ শতাংশ এখনও পরিশোধ করা হয়নি। এ খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের গ্রুপ বীমা চুক্তি নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বীমা খাতের সংকট তুলনামূলকভাবে কম আলোচনায় আসে। অথচ এ খাতেও গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।
তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংক ও বীমা খাতে যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, তার প্রভাব এখন সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে।
বীমা খাতের পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশে জীবন ও সাধারণ বীমা মিলিয়ে ৭২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৬০টি প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে লাইসেন্স দেওয়া হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট বীমা দাবির পরিমাণ ১০ হাজার ৬১১ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৭৭৯ কোটি টাকা এখনও পরিশোধ করা হয়নি। অর্থাৎ মোট দাবির প্রায় ৭৩ শতাংশই অনিষ্পন্ন রয়েছে।
তিনি বলেন, সাধারণ বীমা খাতের পরিস্থিতি আরও উদ্বেগজনক। এ খাতে বীমা দাবি পরিশোধের হার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ। এসব পরিসংখ্যান বীমা খাতের ব্যবস্থাপনা, লাইসেন্স প্রদান এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে।
সাংবাদিকদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু ‘বীমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি’—এ ধরনের শিরোনাম করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কেন এত বিপুল পরিমাণ দাবি অনিষ্পন্ন রয়েছে, এর জন্য কারা দায়ী এবং কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব বিষয়ও অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো তথ্য-প্রমাণের ভিত্তিতে জনগণের সামনে আনতে হবে।
তিনি বলেন, বীমা খাত বা অর্থনীতির এই চিত্র শুধু কোনো একটি সরকারের বিষয় নয়; এটি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের করের টাকা দিয়ে আর্থিক খাতের দুর্বল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বিষয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিতুমীর বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতিকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার প্রভাব দীর্ঘদিন বহন করতে হবে। বৈদেশিক ঋণের ক্ষেত্রেও ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ওই সময়ে ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।
তিনি বলেন, ব্যাংক, বীমা এবং অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান- সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। আর্থিক খাতের সংকট মোকাবিলায় জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। কোনো একটি রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থে এসব তথ্য জনগণের সামনে প্রকাশ করা জরুরি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সংগঠনের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার যে প্রত্যাশা রয়েছে, ডিআরইউ তা ধরে রেখেছে। বিভাজনের ঊর্ধ্বে থেকে সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রশংসনীয়। একইভাবে দেশের আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও পেশাগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের গ্রুপ বীমা সুবিধা অব্যাহত রাখতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে পূর্বের সম্পাদিত চুক্তি এক বছরের জন্য নবায়ন করা হয়। এতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
চুক্তির আওতায় ২০ থেকে ৬০ বছর বয়সি ডিআরইউর প্রায় দুই হাজার সদস্য গ্রুপ বীমার সুবিধা পাবেন। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে তিন লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তিন লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানির ক্ষেত্রে এক লাখ টাকা এবং গুরুতর অসুস্থতাজনিত অস্ত্রোপচারের ক্ষেত্রে ৭০ হাজার টাকা বীমা সুবিধা দেওয়া হবে।
অনুষ্ঠানে পূর্ববর্তী গ্রুপ বীমা চুক্তির আওতায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবি হিসেবে তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির বিপরীতে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ