১০:৪০ এম
গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী, যার ফলে আবাসিক ভবন ধ্বংস হচ্ছে। গত বছরের যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের জন্য নির্ধারিত সীমারেখা অতিক্রম করেও হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরাইলি হামলা ও বাড়িঘর ধ্বংসের প্রতিবাদে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।
আলজাজিরার গাজা প্রতিনিধি মোয়াথ আল-কালহুত গতকাল শনিবার মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখার নিকটবর্তী এলাকায় বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বিক্ষোভে অংশ নেন। ওই অঞ্চলে ইসরাইলের বিমান হামলা বৃদ্ধি পাওয়ায় তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইল ও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকা আলাদা করছে এই ‘ইয়েলো লাইন’।
দেইর আল-বালাহর মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ আলজাজিরাকে জানান, এক মাসেরও কম সময়ে ৫০০টির বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ‘এটি এমন একটি পরিকল্পিত নীতির অংশ বলে মনে হচ্ছে, যার লক্ষ্য ধীরে ধীরে মানুষকে বাস্তুচ্যুত করা। বাসিন্দাদের শিবির ছাড়তে বাধ্য করা এবং যত বেশি সম্ভব বাড়িঘর ধ্বংস করাই এর উদ্দেশ্য।’
গাজার গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় উপত্যকার ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এতে ৩ লাখ ৫০ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্যায় অস্থায়ী তাঁবুর আবাসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুন: মাফিয়া হত্যাকাণ্ডের তদন্তের মধ্যেই আত্মহত্যা করেছেন ইতালির সাবেক পুলিশপ্রধান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা পরিকল্পনার আওতায় প্রথমবার ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়েছিল। এর মাধ্যমে ইসরাইলি বাহিনীকে যে এলাকা পর্যন্ত পিছু হটার কথা ছিল, সেটি চিহ্নিত করা হয়। পরে ধাপে ধাপে আরো সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে ইসরাইলি বাহিনী উল্টো আরো বেশি এলাকা দখল করেছে।
আলজাজিরার প্রতিনিধি মোয়াথ আল-কালহুত বলেন, ‘২০২৫ সালের অক্টোবরে যখন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন ইয়েলো লাইন বর্তমান অবস্থানের তুলনায় অনেক বেশি পূর্ব দিকে ছিল।’
বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে অথবা সেখানে মানুষের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাড়ছে প্রাণহানি
আরও পড়ুন: হরমুজে অচলাবস্থার মধ্যেও বাণিজ্য সচল রাখছে ওমান
গাজায় গতকাল শনিবার ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নিহত হন গাজা সিটিতে বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্যসহায়তা নিয়ে যাওয়া একটি ভ্যানে ইসরাইলি ড্রোন হামলায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬১।
একই সময়ে আহত হয়েছেন আরো ৫৫ জন। যুদ্ধবিরতির পর থেকে আহত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬২।
ধ্বংসস্তূপ থেকে ১২৯ জনের দেহাবশেষ উদ্ধার
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় আগুন, ৩৯ জন নিখোঁজ
এদিকে মধ্য গাজায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে ১২৯ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।
গতকাল শনিবার বাহিনীটি এ তথ্য জানিয়েছে।
বাহিনীটির সদস্যরা মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবির, আজ-জাওয়াইদা ও দেইর আল-বালাহ এলাকার ৩৯টি বাড়ি এবং অন্যান্য ধ্বংস হওয়া স্থাপনা থেকে এসব দেহাবশেষ উদ্ধার করেন।
মধ্য গাজায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রামি আল-আইদি বলেন, এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও ২৩৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধ এড়ানো সম্ভব ছিল: আলভারো দে সতো
টানা ৫৩ দিনের এ উদ্ধার অভিযান ছিল মধ্য গাজায় পরিচালিত একটি উদ্ধার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শেষ ধাপ। আন্তর্জাতিক রেডক্রস কমিটির অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হয়েছে।
এর আগে গত অক্টোবরে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, পুরো উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার মানুষের লাশ পড়ে রয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার লাশ রয়েছে ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকায়।
বাহিনীটি সতর্ক করে বলেছিল, বর্তমানে তাদের হাতে থাকা সরঞ্জাম দিয়ে এসব মরদেহ উদ্ধার করতে আট থেকে ১০ বছর সময় লাগতে পারে।
এএম
আরও পড়ুন: ওহাইওতে বেবি শাওয়ারে গুলিতে অনাগত শিশুটির বাবাসহ ৩ নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন