ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল


মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল

সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের মধুপুরে রাতে বিশেষ পুলিশি টহল পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদসহ মধুপুর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা।
টহলকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধে প্রশাসন ও পুলিশের তৎপরতা জোরদার করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, মধুপুরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের এমন সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চন্দ্রগঞ্জে সংবাদকর্মী রিমনের ওপর যুবদল নেতার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


চন্দ্রগঞ্জে সংবাদকর্মী রিমনের ওপর যুবদল নেতার হামলা

লক্ষ্মীপুরে সংবাদকর্মী তানভীর আহমেদ রিমনের ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। বুধবার বিকেল বেলায় চন্দ্রগঞ্জ বাজারে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সাদ্দাম এই হামলা করেন।

রিমন দৈনিক নতুন চাঁদ' পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন, এবং তার চন্দ্রগঞ্জ বাজারে ফলের ব্যবসা রয়েছে।

রিমন জানিয়েছেন, ঘটনার সময় চন্দ্রগঞ্জ বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিলের আয়োজন করা হয়েছিল, যা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হচ্ছিল। মিছিলের সময় সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত থাকাকালীন হঠাৎ করে যুবদল নেতা সাদ্দাম তার ওপর হামলা চালান। পরে বিএনপি নেতাকর্মীরা তাকে উদ্ধার করেন।

রিমনের দাবি, তিনি বাজারে ব্যবসা করেন এবং যুবদল নেতা সাদ্দাম বিভিন্ন সময় তার দোকানে এসে চাঁদা দাবি ও হুমকি দিতেন। এই বিষয়ে তিনি স্থানীয় ও জেলা নেতাদের কাছে অভিযোগ করেছিলেন, যা সাদ্দামের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এর ফলস্বরূপ, মিছিল চলাকালীন তিনি 'আওয়ামী লীগ' বলে হামলার শিকার হন।

বক্তব্য নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সাদ্দামের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব মন্তব্য করেছেন, "ঘটনাটি আমি শুনেছি। বিএনপির সিনিয়র নেতারা বিষয়টি বসে সমাধান করবেন বলে দায়িত্ব নিয়েছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা দূরপাল্লার বাস চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন পরিবহণ মালিকরা। এই সিদ্ধান্তের ফলে টার্মিনালে এসে যাত্রীরা বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুরের দিকে গোপালগঞ্জের বেশ কিছু পয়েন্টে বিচ্ছিন্নভাবে বাসে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে পরিবহন মালিকরা নিজ উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের উপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও আপাতত বন্ধ রাখা হয়েছে।

এদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে বিকল্প পথে কিছু বাস চলাচল করলেও ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএলএর নতুন প্রধান রহমান গুল, পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


বিএলএর নতুন প্রধান রহমান গুল, পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র শীর্ষ নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ১৪ নভেম্বর, নতুন প্রধান বা কমান্ডার-ইন-চিফ হিসেবে রহমান গুলকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সংগঠনের ভেতরে ‘উস্তাদ মুরিদ’ নামে পরিচিত। খবরটি প্রকাশ করেছে দ্য ডিপলোম্যাট।

রহমান গুলের সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন সাবেক ক্যাপ্টেন। নিরাপত্তা বিশ্লেষক রিজওয়ান নাসিরের লেখা এক বিশ্লেষণে, এই নেতৃত্ব পরিবর্তনের পেছনের কারণ, রহমান গুলের সামরিক পটভূমি এবং আঞ্চলিক নিরাপত্তায় এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

দ্য ডিপ্লোম্যাট-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রহমান গুলের উত্থান কেবল একটি সাধারণ সাংগঠনিক পরিবর্তন নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী সামরিক অভিজ্ঞতা ও কৌশলগত পটভূমি। পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের পর, তিনি সেনাবাহিনী ত্যাগ করে বেলুচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যোগ দেন। বিএলএ-তে যোগ দেওয়ার পর, তিনি সংগঠনটির বিশেষায়িত আত্মঘাতী শাখা ‘মাজিদ ব্রিগেড’-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের অক্টোবরে করাচি বিমানবন্দরে ভয়াবহ হামলাসহ পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও চীনা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলার পেছনে এই মাজিদ ব্রিগেডের সরাসরি সম্পৃক্ততা ছিল।

বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে কমান্ডার রহমান গুল ওরফে মুরিদের এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সংগঠনটির শীর্ষ নেতৃত্বে ছিলেন বশির জেব। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিএলএ-র সমন্বিত অভিযান ‘অপারেশন হেরফ ২’-এর ফলাফল এবং অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয় নিয়ে বশির জেবের সঙ্গে মাজিদ ব্রিগেডের প্রধান রহমান গুলের মতবিরোধ তৈরি হয়েছিল বলে জানা যায়। পরবর্তীতে বশির জেবকে সরিয়ে দেওয়ার পর, সংগঠনটির সিনিয়র কমান্ড কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্ব গ্রহণ করে এবং শেষ পর্যন্ত জ্যেষ্ঠ নেতৃত্বের মধ্য থেকেই রহমান গুলকে কমান্ডার-ইন-চিফ হিসেবে নির্বাচিত করা হয়।

নিরাপত্তা বিশ্লেষক রিজওয়ান নাসির তাঁর নিবন্ধে সতর্ক করে বলেছেন, রহমান গুল সম্ভবত এমন এক নেতৃত্বের ধরন ও সামরিক কৌশল বাস্তবায়ন করবেন, যা পাকিস্তান এবং চীন; উভয় দেশের জন্যই বিপজ্জনক হয়ে উঠবে।

প্রতিবেদনটির বিশ্লেষণে আরও বলা হয়েছে, যেহেতু রহমান গুল নিজে পাকিস্তান সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত সাবেক কর্মকর্তা, তাই তিনি পাকিস্তানি সামরিক বাহিনীর কৌশল, দুর্বলতা এবং গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা রাখেন। প্রথাগত গেরিলা যুদ্ধের বদলে পেশাদার সামরিক কৌশল ও আধুনিক সমরবিদ্যা প্রয়োগের মাধ্যমে, তিনি বিএলএ-র আক্রমণের ধরনকে আরও বিধ্বংসী ও সুসংগঠিত করে তুলতে পারেন। বিশেষ করে বেলুচিস্তানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্প এবং সেখানে কর্মরত চীনা নাগরিক ও অবকাঠামোগুলো তার নেতৃত্বে নতুন করে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবমিলিয়ে, পাকিস্তান সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তার হাতে বিএলএ-র সর্বোচ্চ কমান্ড চলে যাওয়া ইসলামাবাদের নিরাপত্তা প্রতিষ্ঠানের জন্য যেমন একটি বড় মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা, তেমনি বেইজিংয়ের আঞ্চলিক বিনিয়োগের নিরাপত্তার ক্ষেত্রেও নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে গৃহযুদ্ধ লাগনোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


দেশে গৃহযুদ্ধ লাগনোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার উদ্দেশ্যে দেশে গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন।

স্পিকার বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’

স্পিকার আরও বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন।’ স্পিকার বলেন, ‘এ অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান স্পিকার। তিনি বলেন, ‘মাননীয় ডেপুটি স্পিকার এবং সভাপতি মণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%