ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে মৌমি পেলেন এইচএসসিতে জিপিএ-৫


দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে মৌমি পেলেন এইচএসসিতে জিপিএ-৫

সিলেট, ৩ নভেম্বর ২০২৬ : দৃষ্টি প্রতিবন্ধকতা মৌমির স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় ও মনোবলের জোরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্পের কন্যা মৌমি। তিনি সিলেটের গ্রিন ডিজ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী। শিশু শ্রেণি থেকে এ প্রতিষ্ঠানে তার শিক্ষাজীবনের শুরু।

তবে মৌমির শিক্ষা জীবনের এই যাত্রা ছিল নানা প্রতিবন্ধকতায় ভরা। বিশেষ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শ্রুতি লেখক নিয়ে জটিলতা তৈরি হলে মৌমির পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানার পর সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

মন্ত্রী এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী পল্লব দেবকে মৌমির শ্রুতি লেখক হিসেবে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। এর ফলে মৌমির পরীক্ষায় অংশগ্রহণের অনিশ্চয়তা দূর হয়।

পরীক্ষা শেষে প্রকাশিত ফলাফলে মৌমি জিপিএ-৫ অর্জন করে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখেন। তার এই সাফল্য আবারও প্রমাণ করে যে, যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও নিজেদের যোগ্যতা ও সামর্থ্যের সর্বোচ্চ বিকাশ ঘটাতে সক্ষম।

মৌমির এই অসাধারণ অর্জনকে সাধুবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপি।

মৌমির পরীক্ষার ফলাফল শুনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌমি ও জিডিএফ কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মৌমির ভবিষ্যৎ শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহযোগিতা এবং প্রতিষ্ঠানটির জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: ঢাকা বোর্ডের ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, শতভাগ ফেলের অভিযোগ

তার এই সাফল্যে শুভেচ্ছা জানাতে গত ১ নভেম্বর বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল জিডিএফে যায়। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা মৌমিকে ফুলেল শুভেচ্ছা জানান।

জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা মৌমির এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

সচেতন নাগরিকদের মতে, মৌমির এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, সমান সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত। একই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের সংকট নিরসনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সহযোগিতা মানবিক দায়িত্ববোধেরও পরিচয় বহন করে। প্রতিবন্ধকতাকে জয় করে মৌমির এই সাফল্য নতুন স্বপ্ন দেখাবে অন্য অনেক শিক্ষার্থীকে।

আরও পড়ুন: বেরোবি এআইএস ক্লাবের নতুন কমিটি, সহসভাপতি রিয়াদ ও সাধারণ সম্পাদক পাপ্পু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে তিন দশক পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


যুক্তরাষ্ট্রে তিন দশক পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই রোগে মৃত্যুর ঘটনা অঙ্গরাজ্যটিতে এটিই প্রথম। সোমবার নিউইয়র্কের রাজ্য স্বাস্থ্য বিভাগ এবং লুইস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।

তারা জানায়, লুইস কাউন্টিতে টিকা না নেওয়া এক শিশু হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল চার সপ্তাহ আগে অঙ্গরাজ্যজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

গভর্নর শিশুটির মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘একজন মা ও দাদি হিসেবে এই পরিবারটি এখন কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা আমি কল্পনাও করতে পারছি না। যারা শিশুটিকে চিনতেন ও ভালোবাসতেন, তাদের সবার প্রতি আমার সমবেদনা রইল।’

গভর্নর ক্যাথি হচুল বলেন, ‘হাম অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক একটি রোগ। এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা নেওয়া। নিউইয়র্কে গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। এটি একটি ভয়াবহ সতর্কবার্তা।’

শিশুটির পরিচয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি। শিশুটির বয়স ও লিঙ্গ সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি। নিউইয়র্কে সর্বশেষ হামে মৃত্যুর ঘটনা ঘটেছিল ১৯৯০ সালের মার্চ থেকে ১৯৯১ সালের গ্রীষ্মকাল পর্যন্ত। ওই সময় নিউইয়র্ক সিটিতে বড় ধরনের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, যেখানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছিল।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকা নর্থ কান্ট্রির লুইস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা অঙ্গরাজ্যের জেলাগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ। গত সপ্তাহ পর্যন্ত সেখানে ১৫ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে অঙ্গরাজ্যের সেনেকা কাউন্টিতে হামে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে এ বছর ৩০ জন আক্রান্ত হয়েছেন।

লুইস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর শনাক্ত হওয়া ১৫ জন হামে আক্রান্তের কেউই টিকা নেননি। গত মাসে গভর্নর ক্যাথি হচুল হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি নির্বাহী আদেশ জারি করেন। এর উদ্দেশ্য ছিল দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আরো বেশি মানুষকে এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা দেওয়ার সুযোগ বাড়ানো।

জরুরি অবস্থার আওতায় নার্সরাও হাম শনাক্তের পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। রাজ্য কর্তৃপক্ষ আক্রান্তদের শনাক্ত, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা (কন্টাক্ট ট্রেসিং) এবং পরীক্ষার ফল দ্রুত নিশ্চিত করতে অতিরিক্ত সহায়তা দেবে।

স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে এমএমআর টিকার প্রয়োজনীয় ডোজ নেওয়া আছে কি না, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের নিয়ে ভ্রমণের সময় স্বাস্থ্য সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ এক বিবৃতিতে জানিয়েছে, ‘হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। এটি গুরুতর জটিলতা তৈরি করতে পারে এবং মৃত্যুর কারণও হতে পারে। এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা নেওয়া।’

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, চলমান প্রাদুর্ভাব মোকাবিলায় লুইস কাউন্টিকে স্থানীয়ভাবে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। হামের ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি বা কথা বললে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। এমনকি আক্রান্ত ব্যক্তি কোনো জায়গা ছেড়ে যাওয়ার পরও সেখানে বাতাসে থাকা ভাইরাসের কারণে টিকা না নেওয়া কেউ দুই ঘণ্টা পর্যন্ত সংক্রমিত হতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের ছবি ফাঁসের ঘটনায় গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


বিয়ের ছবি ফাঁসের ঘটনায় গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর

মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির গোপন বিয়ের ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার কারণে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন এই গায়িকা। অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন হওয়া এই জুটির বিয়ের ছবি কিভাবে জনসমক্ষে এলো, তা জানার জন্য তিনি প্রয়োজন হলে ব্যক্তিগত তদন্তকারী (প্রাইভেট ইনভেস্টিগেটর) নিয়োগের কথা ভাবছেন।

গত জুলাই মাসের ৩ তারিখে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই অনুষ্ঠানের কিছু অপ্রকাশিত ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় টেইলর দারুণ ধাক্কা খেয়েছেন। স্টার ম্যাগাজিন ও এক্সামিনার সূত্রে জানা গেছে, গায়িকা সন্দেহ করছেন যে ম্যাডিসন স্কয়ার গার্ডেন বা প্রোডাকশন টিমের সাথে জড়িত কেউ এই বিশ্বাসের অমর্যাদা করেছে। কে বা কারা এই তথ্য ফাঁস করেছে, তা নিশ্চিত করতে তিনি কাছের মানুষদেরও প্রশ্ন করছেন; যার ফলে তার বন্ধু ও সহযোগীদের সাথে সম্পর্কের পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছে।

এদিকে, ট্র্যাভিস কেলসি তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছেন। ফাঁস হওয়া ছবি তাদের সুন্দর স্মৃতিগুলোকে মলিন করতে পারবে না, এই আশ্বাস টেইলরকে দিতে তিনি চেষ্টা করছেন। তবে এই বিশ্বাসঘাতকতা সহজে মেনে নিতে পারছেন না টেইলর। দোষীকে খুঁজে বের করতে শেষ পর্যন্ত প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনাও করছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


মালয়েশিয়ায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুক ইনতান-বিদোর সড়কের ১৯ কিলোমিটার এলাকায় একটি লরির ধাক্কায় এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

হিলির পেরাক জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার চুয়া কোক লিয়ান জানিয়েছেন, সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পায় ট্রাফিক তদন্ত ও প্রয়োগ শাখা। প্রাথমিক তদন্তে দেখা গেছে, লরি এবং মোটরসাইকেল উভয়ই বিদোর থেকে তেলুক ইনতানের দিকে যাচ্ছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে একটি মোড় ঘুরতে গিয়ে বাংলাদেশের দুই নাগরিককে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় স্থানীয় এক মালয়েশীয় চালিত লরি। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান এবং তার সাথে থাকা অপর বাংলাদেশি দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যান। লরি চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

তদন্তে জানা গেছে, নিহত মোটরসাইকেল চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। পুরো বিষয়টি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় তদন্ত করা হচ্ছে এবং চালকের রক্তের নমুনা টক্সিকোলজি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বর্তমানে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি পলাতক আরোহীকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং প্রত্যক্ষদর্শীদের নিকটস্থ থানায় বা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিরা প্রিজন ফ্রেশ সাবানসহ বিভিন্ন পণ্য তৈরি করে লাভবান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিরা প্রিজন ফ্রেশ সাবানসহ বিভিন্ন পণ্য তৈরি করে লাভবান

বিএম নূর আলম

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিরা প্রিজন ফ্রেশ সাবান, পোশাক এবং ফার্নিচার সামগ্রী তৈরি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তারা বেকারি ও প্রেসে খাতা তৈরির কাজ করেও অর্থ উপার্জন করছেন।

কারাগারের বন্দিরা সেলাই মেশিন ব্যবহার করে কয়েদিদের পোশাক তৈরি করছেন। এছাড়া, তারা ফার্নিচার এবং কারাগারে ব্যবহৃত রেজিস্টার খাতা তৈরির কাজের পাশাপাশি বেকারিতেও কাজ করছেন। এসব পণ্য বিক্রি করে যে লাভ হচ্ছে, তার অর্ধেক বন্দিদের দেওয়া হচ্ছে। উপার্জিত অর্থের একটি অংশ নিজেদের প্রয়োজনে রাখতে এবং পরিবারের কাছে পাঠাতে পারছেন বন্দিরা।

এ প্রসঙ্গে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দিরা প্রিজন ফ্রেশ সাবান, পোশাক, ফার্নিচার সামগ্রী তৈরির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

তিনি উল্লেখ করেন, তারা কারাগারে কাজের মধ্যদিয়ে নিজেদের অভিজ্ঞতা অর্জন করছেন। পর্যায়ক্রমে সব কারাগারে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।

কারা অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে এসব সাবান বিভিন্ন কারাগারের বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য সরবরাহ করার পর বাজারেও বিক্রির সুযোগ তৈরি হচ্ছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরেই চালু করা হয়েছে অত্যাধুনিক অটো সাবান উৎপাদন কারখানা। এই উদ্যোগের ফলে বন্দিরা যেমন আধুনিক শিল্পকারখানায় কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন, তেমনি পাচ্ছেন নিয়মিত পারিশ্রমিকও। ফলে কারামুক্তির পর তাদের কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছে কারা কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বাসসকে বলেন, সরকার কারাগারকে শুধু বন্দি রাখার স্থান হিসেবে নয়, বরং প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কর্মসংস্থান কেন্দ্রে পরিণত করার একটি উদ্যোগ নিয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ৬ জুলাই কারাগারে সাবান তৈরির কাজ উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে এখানে তিন ধরনের সাবান তৈরি হচ্ছে। সেখানে প্রতি ঘণ্টায় প্রায় দেড় হাজার সাবান তৈরি হচ্ছে। প্রতিটি সাবানের দাম ৫০ টাকা।

কারাগারে সাবান কারখানায় বন্দিরা কয়েকটি ধাপে কাজ করছেন। কাঁচামাল ও রাসায়নিক উপাদান মেশানো, থ্রি-রোলার মেশিনে সাবানের মিশ্রণ প্রক্রিয়াজাত করা, প্লোডার মেশিনে সাবানের নির্দিষ্ট আকৃতি তৈরি করা, সাবানে লোগো ও ছাপ দেওয়া এবং মোড়কজাত ও প্যাকেট প্রস্তুত করা হয়।

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আরিফুর রহমান বাসসকে জানান, এখানে বর্তমানে বন্দির সংখ্যা ৫ হাজার ৫৬৯ জন। এর মধ্যে ১৪৯ জন কারাগারের উৎপাদন শাখায় কাজ করছেন। কারাজীবনের অবসর সময়কে উৎপাদনশীল কাজে লাগাতে বন্দিদের কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হচ্ছে। বর্তমানে একজন বন্দি মাসে প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। উপার্জিত অর্থের একটি অংশ তারা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারছেন, আরেকটি অংশ পরিবারের কাছে পাঠানোর সুযোগও পাচ্ছেন। বর্তমানে দেশের ৭৫টি কারাগারে বন্দিদের জন্য প্রায় ৯০ হাজার পিস এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ হাজার পিস, অর্থাৎ মোট ১ লাখ পিস সাবানের চাহিদা রয়েছে।

কারা অধিদপ্তর জানায়, নিজস্ব কারখানায় উৎপাদনের ফলে বাইরে থেকে সাবান কেনার প্রয়োজন কমবে এবং সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। বন্দি ও কারা কর্মকর্তা-কর্মচারীদের চাহিদা পূরণের পর এ সাবান বাণিজ্যিকভাবে বাজারেও বিক্রির পরিকল্পনা রয়েছে। এতে কারাগারের সুযোগ-সুবিধা আরও বাড়ানো সম্ভব হবে। বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও কারাগারভিত্তিক শিল্পায়ন বন্দিদের পুনর্বাসন, দক্ষতা বৃদ্ধি এবং পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%