১১:৫৭ এম
বরিশাল-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারণে বাসযাত্রীদের মধ্যে ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সংঘটিত এই দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যদিও তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরগুনার পাথরঘাটাগামী ‘আলিফ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
এ এই সংঘর্ষে উভয় যানবাহনের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা ৫ জন যাত্রী এবং ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেছে। দুর্ঘটনাকবলিত যানগুলি সড়ক থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন