বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৬:১৪ পি.এম
রাজধানীর সবুজবাগে ছুরাইয়া আক্তার ফালানী নামে এক তরুণীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের মামলায় আদালত তার বান্ধবী নুসরাত জাহান সাহিদার স্বামী মনজুরুল ইসলাম রাব্বী এবং তার সহযোগী শাওনকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এই রিমান্ডের আদেশ প্রদান করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিকী আদালতে হাজির হয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবী খলিলুর রহমান (আসাদ) রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির জন্য ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৬ অগাস্ট সবুজবাগের মাদারটেক বাগানবাড়ির গরুর খামার লাগোয়া সেতুর নিচ থেকে একটি খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করে পুলিশ। পরে ছবি দেখে দেহাংশটি ছুরাইয়া আক্তার ওরফে ফালানীর বলে শনাক্ত করেন তার মা-বাবা। ১৯ বছর বয়সী ফালানী মুন্সীগঞ্জের ঢালীকান্দি গ্রামের বজলুল ব্যাপারীর মেয়ে।
এ ঘটনায় ওইদিনই অজ্ঞাতদের আসামি করে সবুজবাগ থানায় মামলা দায়ের করেন এসআই রাশেদুল হাসান। ঘটনার তদন্তে নেমে পুলিশ হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ২১ অগাস্ট ফালানীর বান্ধবী সাহিদা, ফারুক, সুজন, মামুন ও বাপ্পিকে গ্রেপ্তার করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার এরুলিয়া এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া-সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তিনি।
গ্রেপ্তার নেছারুল ইসলাম (৪৫) সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের প্রয়াত আয়েজ উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট সাতজন নিহত এবং ১৪ জন আহত হন।
দুর্ঘটনার পর বাসচালক নেছারুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা বাসচালককে আসামি করে মামলা করা হয়।
ফিরোজ আহমেদ বলেন, দুর্ঘটনার পর থেকেই পলাতক বাসচালককে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া-সৈয়দপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় সেখান থেকে নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর নেছারুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি সংক্রান্ত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ইউজিসি ও ইউএন উইমেনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ ঘোষণা দেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় এ সমঝোতা স্বাক্ষরিত হয়। ইউজিসির পক্ষে সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং ইউএন উইমেনের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং এতে স্বাক্ষর করেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, হাইকোর্টের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হলেও অনেক ক্ষেত্রে তারা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। কমিটি শুধু গঠন করলেই হবে না, প্রতিটি অভিযোগ দ্রুত তদন্ত করে সমাধান নিশ্চিত করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ইইউ প্রতিনিধিদলের ডেপুটি হেড বেইবা জেরিনা নারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ এবং বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।
এই সমঝোতার আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এআইইউবি—এই ৫টি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। এ কাজে ইউএন উইমেন এবং আইন ও সালিশ কেন্দ্র যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের জরিপের তথ্য তুলে ধরে জানানো হয়, দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের ১৬ শতাংশই প্রযুক্তির মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হচ্ছেন। অনুষ্ঠানে ইউজিসির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং ইউএন উইমেনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।
এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩০ হাজার ৮১৬ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসংখ্যা ১২ হাজার ২৪ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীসংখ্যা ৭ হাজার ৬৬৪ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী।
বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল গেজেট উপাচার্যের নিকট হস্তান্তর করেন এবং উপাচার্য আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টি নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা ও ফলাফল প্রকাশ প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে, যা ফলাফল প্রকাশে বিলম্বের পূর্ববর্তী ধারণা থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উপাচার্য কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাজীবন অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ফলাফল প্রকাশ ও পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, পরীক্ষা কমিটি, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার, পরীক্ষা বিভাগ, আইসিটি বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাউবিকে একটি মানবিক ও গুণগত শিক্ষার বিশ্ববিদ্যালয় হিসেবে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
পরশ ও তার স্ত্রী ছাড়াও তাজনীন ওহাব বৃষ্টি নামে একজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে শামস পরশ তার নিজ নামে এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানি লন্ডারিংপূর্বক অবৈধ সম্পদ অর্জন করেছেন- এমন অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ