ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন খান আসছেন, নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু


কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন খান আসছেন, নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যে পালাবদলের পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিভাবে সাজানো হবে, অতিথি তালিকা থেকে কাদের নাম যুক্ত বা বাদ হবে, এ নিয়ে বেশ কিছুদিন ধরে সিনেপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।

মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, চলতি বছরের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সলমন খান কলকাতায় আসছেন।

আরও পড়ুন: ‘আমার চেয়ে ভাল অভিনেতা, অনেক বেশি পরিশ্রমী’, অকপট জিতেন্দ্র তুষারকে নিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামের ভুলে ১৮ বছর বন্দি বাদল ফরাজী ২৮ দিনের প্যারোলে মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ এম


নামের ভুলে ১৮ বছর বন্দি বাদল ফরাজী ২৮ দিনের প্যারোলে মুক্তি পেলেন

বাদল ফরাজী, বাগেরহাটের মোংলা উপজেলার যুবক, তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিলেন। কিন্তু নামের মিলের কারণে তাকে হত্যামামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়, ফলে তিনি ১৮ বছর ধরে বন্দিজীবন কাটান। দেশে ফিরে আসার পরও তিনি মুক্তি পাননি। অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর ২৮ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ওই দিন রাত ১২টায় তিনি তার পরিবারের কাছে পৌঁছান।

পরিবারের সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই মোংলার বাসিন্দা আব্দুল খালেক ফরাজীর ছেলে বাদল ফরাজী পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল তাজমহল দেখা। কিন্তু বিএসএফ তাকে হত্যামামলার আসামি বাদল সিং হিসেবে আটক করে।

বাদলের পরিবার দাবি করে, যে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছিল, সেই ঘটনার দুই মাস সাত দিন পর তিনি ভারতে প্রবেশ করেন। তাই ওই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেন স্বজনরা।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির আদালত বাদল ফরাজীকে দোষী সাব্যস্ত করে। একই বছরের ২২ আগস্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে দিল্লি হাইকোর্টও তার সাজা বহাল রাখে। তিহার কারাগারে বন্দি থাকা অবস্থায় বাদল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।

২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। নিজ দেশে ফিরে আসার পরও মুক্তি না পাওয়ায় তার পরিবার দীর্ঘদিন অপেক্ষা করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার মাধ্যমে বাদলের প্যারোলে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার ভাইয়ের প্যারোলের জন্য আবেদন করেন। পরে ১৬ নভেম্বর চার সপ্তাহের প্যারোল কার্যকরের জন্য গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে ফেরানোর ব্যবস্থা করা হয়।

বাদলের মা দীর্ঘ ১৮ বছর পর তার ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন। বোন আকলিমা বেগমের প্রত্যাশা, তার ভাই যেন আর কখনো কারাগারে ফিরে না যান। পরিবারের চাওয়া, সাময়িক এই মুক্তি যেন স্থায়ী মুক্তির পথ তৈরি করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, বাদল ফরাজীর পরিবারের কাছে ফেরার বিষয়টি অত্যন্ত আবেগঘন ও মানবিক। প্যারোলের শর্ত ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হবে। তার স্থায়ী মুক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার সমাধান হোক, সেটিও প্রত্যাশা করেন তিনি।

তবে বাদল ফরাজীর মুক্তি স্থায়ী নয়। ২৮ দিনের প্যারোল শেষে তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘ ১৮ বছর পর স্বজনদের কাছে ফেরার আনন্দের পাশাপাশি পরিবারের একটাই প্রত্যাশা—বাদল যেন এবার স্থায়ীভাবে মুক্ত জীবনে ফিরতে পারেন।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ এম


যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এফবি বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে এই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের আয়োজনে অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষার্থীদের সততা ও সঠিক পথ অবলম্বনের আহবান জানিয়ে বলেন, “জীবনে সফল হতে হলে সত্য ও সঠিক পথ বেছে নিতে হবে। কর্মজীবনে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের বাসস্থান, যেখানে নানা ধরনের অভিজ্ঞতা ও পথের সম্মুখীন হতে হয়; সেখান থেকে সঠিক পথ বেছে নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত তোমাদের।" তিনি আরও বলেন, স্বল্প সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, এ তিনটি বিষয়ে প্রশাসন অনড় এবং সবার সহযোগিতা কামনা করেন।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান এ. এইচ. এম শাহরিয়ার শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। পরিবর্তনশীল চাকরির বাজারের চাহিদা বিবেচনায় আধুনিক প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

তিনি মনে করেন, প্রচলিত আর্থিক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক আর্থিক প্রবণতা সম্পর্কে সম্যক ধারণা অর্জনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে রাখবে।

অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান এ. এইচ. এম. শাহারিয়ার-এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, এফবি বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস, মো. শাহনুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে এফবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এফবি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি ‘প্রমিথিউস বাউন্ড’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ এম


নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি ‘প্রমিথিউস বাউন্ড’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে গ্রিক ট্র্যাজেডি ভিত্তিক নাটক ‘প্রমিথিউস বাউন্ড’। এই নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল ড্রামা’ পরীক্ষার অংশ হিসেবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নাটকটির প্রথম দিনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির নাট্যরূপ, নকশা ও নির্দেশনার দায়িত্ব পালন করেছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

গ্রিক ট্র্যাজেডির অন্যতম নাট্যকার এস্কাইলাসের বিখ্যাত রচনা ‘প্রমিথিউস বাউন্ড’ এর ভিত্তিতে নাটকটি নির্মিত হয়েছে। নাটকের মূল উপজীব্য হচ্ছে গ্রিক পুরাণের দেবরাজ জিউস এবং প্রমিথিউসের দ্বন্দ্ব ও তার পরিণতি। দেবতাদের আদলে মানুষ সৃষ্টি করা এবং মানবজাতির কল্যাণে দেবতাদের কাছ থেকে আগুন চুরি করার অপরাধে অমর প্রমিথিউসকে শাস্তি দেন দেবরাজ জিউস। শাস্তির অংশ হিসেবে ১৩ প্রজন্ম ধরে জিউসের পাঠানো ঈগলের নির্যাতন সহ্য করতে হয় প্রমিথিউসকে।

নাটকে প্রমিথিউসের শাস্তি, তার প্রতি অন্যদের সহমর্মিতা, দেবতাদের বিভিন্ন অবস্থান এবং জিউসের শাসনের বিরুদ্ধে তার অবিচল অবস্থান তুলে ধরা হয়েছে। হেফেস্টাসের মমত্ববোধ, ক্রাটোস ও বায়ার নির্মমতা, ওশেনাসের পরামর্শ এবং হার্মিসের অনুশাসন কোনো কিছুই প্রমিথিউসকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারে না। মানবতার কল্যাণে নিজের কাজকে ন্যায়সংগত মনে করে স্বৈরাচারী জিউসের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানায় সে।

নাটকটির নির্দেশক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, ‘মিথ ও এস্কাইলাসের ধ্রুপদি নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ নিয়ে গবেষণামূলক দৃষ্টিকোণ থেকে প্রযোজনাটির স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। নবীন নাট্য শিক্ষার্থীদের থিয়েটারকর্মী হয়ে ওঠার নিরলস ও নিবেদিত প্রচেষ্টা তাকে মুগ্ধ করেছে। পরিবারের ত্যাগ এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও সময়ের সমন্বিত ফল এই থিয়েটার প্রযোজনা।’

নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা ২৫ নভেম্বর, অচলাবস্থা নিরসনে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ এম


চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা ২৫ নভেম্বর, অচলাবস্থা নিরসনে আলোচনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এবং পরবর্তী করণীয় নির্ধারণের জন্য জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। এই সভাটি আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

গত ২৩ নভেম্বর (সোমবার) চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও, এতে উল্লেখ করা হয়েছে যে, চুয়েটে চলমান অচলাবস্থার কারণে বিভিন্ন ধরনের জটিলতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনাসমূহ শিক্ষক সমিতির সদস্যদের অবহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এই জরুরি সভার আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে।

চুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে সকল সদস্যকে এই জরুরি সাধারণ সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%