০৩:১৫ এম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে গ্রিক ট্র্যাজেডি ভিত্তিক নাটক ‘প্রমিথিউস বাউন্ড’। এই নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল ড্রামা’ পরীক্ষার অংশ হিসেবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নাটকটির প্রথম দিনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির নাট্যরূপ, নকশা ও নির্দেশনার দায়িত্ব পালন করেছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।
গ্রিক ট্র্যাজেডির অন্যতম নাট্যকার এস্কাইলাসের বিখ্যাত রচনা ‘প্রমিথিউস বাউন্ড’ এর ভিত্তিতে নাটকটি নির্মিত হয়েছে। নাটকের মূল উপজীব্য হচ্ছে গ্রিক পুরাণের দেবরাজ জিউস এবং প্রমিথিউসের দ্বন্দ্ব ও তার পরিণতি। দেবতাদের আদলে মানুষ সৃষ্টি করা এবং মানবজাতির কল্যাণে দেবতাদের কাছ থেকে আগুন চুরি করার অপরাধে অমর প্রমিথিউসকে শাস্তি দেন দেবরাজ জিউস। শাস্তির অংশ হিসেবে ১৩ প্রজন্ম ধরে জিউসের পাঠানো ঈগলের নির্যাতন সহ্য করতে হয় প্রমিথিউসকে।
আরও পড়ুন: চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা ২৫ নভেম্বর, অচলাবস্থা নিরসনে আলোচনা
নাটকে প্রমিথিউসের শাস্তি, তার প্রতি অন্যদের সহমর্মিতা, দেবতাদের বিভিন্ন অবস্থান এবং জিউসের শাসনের বিরুদ্ধে তার অবিচল অবস্থান তুলে ধরা হয়েছে। হেফেস্টাসের মমত্ববোধ, ক্রাটোস ও বায়ার নির্মমতা, ওশেনাসের পরামর্শ এবং হার্মিসের অনুশাসন কোনো কিছুই প্রমিথিউসকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারে না। মানবতার কল্যাণে নিজের কাজকে ন্যায়সংগত মনে করে স্বৈরাচারী জিউসের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানায় সে।
নাটকটির নির্দেশক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, ‘মিথ ও এস্কাইলাসের ধ্রুপদি নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ নিয়ে গবেষণামূলক দৃষ্টিকোণ থেকে প্রযোজনাটির স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। নবীন নাট্য শিক্ষার্থীদের থিয়েটারকর্মী হয়ে ওঠার নিরলস ও নিবেদিত প্রচেষ্টা তাকে মুগ্ধ করেছে। পরিবারের ত্যাগ এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও সময়ের সমন্বিত ফল এই থিয়েটার প্রযোজনা।’
নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন