১১:২৪ এম
গাজীপুরের শ্রীপুরের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে। তার ভাড়া বাসার কক্ষে ১৪ হাজার ৪’শ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (প্রশিকা মোড়ের) এলাকার ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর আলম তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়া, যিনি লাল মিয়া নামেও পরিচিত, তার পুত্র।
আরও পড়ুন: বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন
স্থানীয়রা জানিয়েছেন, জাহাঙ্গীর আলম দীর্ঘ সময় ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ শেষে জামিনে বের হয়ে মাদক ব্যবসা আবার শুরু করে। এলাকাবাসীর মধ্যে জাহাঙ্গীর মাদক সম্রাট হিসেবে পরিচিত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেছেন, বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে কেওয়া পশ্চিম খণ্ডের (প্রশিকা মোড়ের) দক্ষিণ পাশে সাইজুদ্দিনের মালিকানাধীন পাঁচ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় পুলিশ অভিযান চালায়। পরে দক্ষিণ পাশের ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণার বেডরুম থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে কালো রঙের ব্যাগে রাখা ১৪ হাজার ৪’শ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়। জাহাঙ্গীর একজন চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
তিনি আরও বলেছেন, গত বছরের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে, কেওয়া পশ্চিম খণ্ডে (পিয়ার আলী কলেজ) পুলিশের মাদক উদ্ধার অভিযানের সময় মাদক সম্রাট জাহাঙ্গীরের নেতৃত্বে ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়, যার ফলে তিন পুলিশ সদস্য আহত হন। ওই সময়ে হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং দুই আসামিকে ছিনিয়ে নেয়। সম্প্রতি জাহাঙ্গীর কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা শুরু করে। পরে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ওসি বলেন, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: রংপুরে দোলনচাঁপা ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন