ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সেনেগাল থেকে ইউরোপগামী নৌকা নিখোঁজ, ১৭৫ অভিবাসীর সন্ধান মেলেনি দুই সপ্তাহে


সেনেগাল থেকে ইউরোপগামী নৌকা নিখোঁজ, ১৭৫ অভিবাসীর সন্ধান মেলেনি দুই সপ্তাহে

উন্নত জীবনের সন্ধানে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করার পথে সাগরে প্রায় ১৭৫ অভিবাসী নিখোঁজ হয়ে গেছেন। সেনেগালের রাজধানী ডাকার থেকে ইউরোপের দিকে যাত্রা করা একটি কাঠের নৌকার সঙ্গে যোগাযোগ প্রায় দুই সপ্তাহ আগে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে নৌকাটির যাত্রীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মানবাধিকার সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৯ বা ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। স্থানীয়ভাবে এই ধরনের কাঠের নৌকাকে ‘পিরোগ’ বলা হয়। ইয়ফ এলাকার মেয়র সেদিনা ইসা লায়ে জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ১৭৫ জন যাত্রী ছিলেন।

তবে অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থা দাবি করেছে, নৌকাটির ১৭২ জন যাত্রী নিখোঁজ রয়েছে। সংস্থাটি তাঁদের সন্ধানে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার দাবি করেছে।

আরও পড়ুন: মার্কিন ভোটারদের ৫৫% ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের পক্ষে

এদিকে, সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, গত সোমবার পাঁচটি নৌকায় থাকা ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা সমুদ্রযাত্রার আগেই থামানো হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের প্রথম ১২ দিনে ৮ হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

তবে ইউরোপে পৌঁছানোর এই সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে। শুধু চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ৬৩৫ জন প্রাণ হারিয়েছেন। তথ্যসূত্র: রয়টার্স

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসন ইকুয়েডরের সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাগলনাইয়ায় ৮ কোটি টাকায় ৫ কিমি সড়ক উন্নয়ন কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


ছাগলনাইয়ায় ৮ কোটি টাকায় ৫ কিমি সড়ক উন্নয়ন কাজ শুরু

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে দাইয়াবিবি বাজার পর্যন্ত (ভায়া মহামায়া ঘাট) পাঁচ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে। সড়কটির বর্তমান ১০ ফুট প্রস্থ বাড়িয়ে সাড়ে ১৬ ফুট করা হবে। উন্নয়নকাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

সড়কটির উন্নত হলে ছাগলনাইয়া, ফুলগাজী ও ফেনী সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তির শিকার হওয়া স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে কাজ করবে।

সড়কটি পূর্ব সোনাপুর, পূর্ব পাঠানগড়, উত্তর হরিপুর, দক্ষিণ হরিপুর ও বাথানিয়া গ্রামের মধ্য দিয়ে বিস্তৃত। এসব এলাকার মানুষের উপজেলা সদর, স্থানীয় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের অন্যতম মাধ্যম এই সড়ক।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়নকাজ শেষ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অনেকটা সমাধান হবে। বর্ষা মৌসুমে কাদা-পানি, জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার কারণে যে দুর্ভোগ পোহাতে হয়, তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। শিক্ষার্থীদের বিদ্যালয়-কলেজে যাতায়াত, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করাও সহজ হবে।

এ ছাড়া উন্নত যোগাযোগব্যবস্থার ফলে স্থানীয় কৃষি ও ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন চলাচলের সুযোগ আরও সহজ হবে।

সড়কটির প্রস্থ ১০ ফুট থেকে বাড়িয়ে সাড়ে ১৬ ফুট করার ফলে যানবাহন চলাচলে বাড়তি সুবিধা তৈরি হবে। স্থানীয় পর্যায়ে যোগাযোগের সক্ষমতা বাড়ার পাশাপাশি তিন উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে।

ছাগলনাইয়া উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে এবং আগামী তিন মাসের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির পক্ষে ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম ও শাফায়েত।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ হলে সড়কটি তিন উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগ, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে যুবলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


তুরাগে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে যুবলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানের মাধ্যমে তুরাগ থানার যুবলীগের জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার হয়েছেন।

ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, মঙ্গলবার রাতের আনুমানিক ৮টা ১০ মিনিটে তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তি রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান ও ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন গাদি আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন গাদি আইজেনকোট

অক্টোবর মাসের নির্বাচনের পর ইসরাইলের সরকার গঠনের উদ্দেশ্যে একটি ডানপন্থি বিরোধী দলের সঙ্গে জোট গঠনের কথা ঘোষণা করেছেন গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি। মঙ্গলবার ‘ইয়াশার’ পার্টি জানায়, তারা ইসরাইলের ‘আওয়ার হোম’ পার্টির নেতা আভিগদোর লিবারম্যানের সঙ্গে আলোচনা শেষে জোট চুক্তিতে সম্মত হয়েছে।

নির্বাচনে কোনো দল এককভাবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ গ্রহণ করেছে ইসরাইলের পার্লামেন্ট। ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিনের সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। প্রয়োজন হলে আরো ১৪ দিনের সময় চাওয়ার সুযোগ রয়েছে। যদি তিনি ব্যর্থ হন, তাহলে নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। যদি কেউ সরকার গঠনে ব্যর্থ হন, তাহলে আগামী বছর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরব দল নিয়ে জটিলতা

আইজেনকোটের ইয়াশার পার্টি নির্বাচনে ২১টি আসন এবং লিবারম্যানের আওয়ার হোম পার্টি সাতটি আসন পেয়েছে। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধী লিবারম্যানের সঙ্গে আইজেনকোটের এই জোট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৩।

আইজেনকোটের সম্ভাব্য জোটের আসনসংখ্যা ৪৮। তবে ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ১৯টি আসনের সমর্থন পেলে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।

ঐক্য সরকার নিয়েও আলোচনা

এদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আইজেনকোটের আলোচনা চলছে। তবে এ উদ্যোগে অসন্তোষ প্রকাশ করেছে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি। দলটি আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে।

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান জানিয়েছেন, নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পক্ষেই তারা।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের শুরুতে অতিথি পাখির কলকাকলিতে মুখর জাবি ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


শীতের শুরুতে অতিথি পাখির কলকাকলিতে মুখর জাবি ক্যাম্পাস

কুয়াশার চাদরে মোড়ানো ভোরের দৃশ্য। লেকের স্থির জলে একঝাঁক হাঁস ভেসে বেড়াচ্ছে। কখনো তারা ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে, আবার কখনো খাবারের সন্ধানে পানিতে ডুব দিচ্ছে। চারপাশে পাখির কলকাকলিতে মুখরিত। প্রকৃতির এই স্নিগ্ধ আয়োজন যেন শীতকে বরণ করে নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

তবে এবারের শীতের শুরুটা কিছুটা বেশি আনন্দের। দীর্ঘ দুই বছর পর মৌসুমের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর ও ওয়াইল্ড রেসকিউ সেন্টার এলাকায় পরিযায়ী পাখির দল ফিরে আসতে শুরু করেছে।

প্রতি বছর শীত এলেই ক্যাম্পাস নতুন রূপে সেজে ওঠে। সবুজে ঘেরা বিস্তৃত জলাশয়গুলো ধীরে ধীরে দূরদেশ থেকে উড়ে আসা পাখিদের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। শীতের হিমেল হাওয়ার সঙ্গে উত্তরের দেশগুলো থেকে আসা এসব পাখির কিচিরমিচিরে ক্যাম্পাস যেন নতুন করে ছন্দময় হয়ে ওঠে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নগরজীবনের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়। তবে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেই চারপাশের দৃশ্যপট বদলে যায়। সারি সারি গাছ, সবুজে ঘেরা পথ এবং বিস্তৃত জলাশয় মিলিয়ে এখানে প্রকৃতি যেন আপন ছন্দে বেঁচে আছে। শীতের সকালে সেই ছন্দে নতুন মাত্রা যোগ করে পাখিরা।

ভোরের আলো ফোটার আগেই লেকের পাড়ে পাখির কলকণ্ঠ শোনা যায়। কুয়াশার আবরণ ভেদ করে পানির ওপর ভেসে ওঠে তাদের অবয়ব। কখনো একঝাঁক পাখি একসঙ্গে ডানা মেলে উড়ে যায়, কখনো শান্ত জলের ওপর সারিবদ্ধভাবে ভেসে থাকে। আবার কিছু পাখি হঠাৎ ডুব দিয়ে মুহূর্তেই অন্যত্র মাথা তুলে তাকায়। প্রকৃতির এই দৃশ্যপট নাগরিক জীবনের ব্যস্ততা ও ক্লান্তি ভুলিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন এলাকার লেকে পরিযায়ী পাখির আগমন নিয়ে এবার বাড়তি আশাবাদ তৈরি হয়েছে। দুই বছর ধরে মৌসুমের শেষ দিকে পাখির দেখা মিললেও শুরুর দিকে এ এলাকায় তাদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছিল। তবে এবার মৌসুমের শুরুতেই পাখিদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার জানান, "প্রশাসন ও বিগত জাকসুর সহযোগিতায় নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে এ এলাকার জলাশয়ে এবার প্রায় ৩৫০টি পাখির আগমন ঘটেছে। দীর্ঘ দুই বছর পর আবার নভেম্বরের দিকে পাখি দেখতে পাওয়াটা আমাদের জন্য একটি নতুন বিজয়।"

শুধু পাখির সংখ্যা বৃদ্ধি নয়, মৌসুমের শুরুতেই তাদের ফিরে আসাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। তাদের মতে, পাখিদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতি বছরই এসব জলাশয়ে অতিথি পাখির বিচরণ বাড়ানো সম্ভব।

এ সময় জাবির জলাশয়গুলোতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির হাঁস ও জলচর পাখির। পাতি সরালি, বড় সরালি, নীলশির হাঁস, খুন্তে হাঁস, পাতি তিলিহাঁস, রাজহাঁস, চোখা ডুবুরি হাঁস ও পাতি ডুবুরির মতো পাখির বিচরণ জলাশয়গুলোকে করে তোলে আরও প্রাণবন্ত। পাশাপাশি কালেম, শঙ্খচিল, খোঁচা ও টিটি পাখির উপস্থিতিও প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।

কিছু পাখি পানিতে ভেসে খাবার খোঁজে, কিছু ডুব দিয়ে শিকার ধরে, আবার কিছু লেকের পাড় ধরে হেঁটে বেড়ায়। আকাশে শঙ্খচিলের চক্কর এবং পানিতে হাঁসের দল—সব মিলিয়ে জাবিতে শীত যেন প্রকৃতির নিজস্ব এক চিত্রশালা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেক, প্রশাসনিক ভবনের আশপাশের জলাশয়, পরিবহন এলাকার লেক ও রংপুকুর—সবখানেই শীতের সময় দেখা মেলে অতিথি পাখিদের। কোথাও তারা দলবদ্ধভাবে ভেসে থাকে, কোথাও খাবার সংগ্রহে ব্যস্ত সময় কাটায়। কোনো জলাশয় তাদের বিশ্রামের জায়গা, আবার কোনোটি সাময়িক আশ্রয়স্থল।

ক্যাম্পাসে শীতের সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্মৃতি ও আবেগ। কারো কাছে শীতের সকাল মানেই ক্লাসে যাওয়ার পথে লেকের পাড়ে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকা। কারো কাছে পরীক্ষার প্রস্তুতির ফাঁকে পাখির বিচরণ দেখা। আবার কারো কাছে একাকী কোনো ভোরে পাখির ডাকই হয়ে ওঠে নিঃসঙ্গতা কাটানোর সঙ্গী।

ক্যাম্পাসের লেকপাড় দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পাখির ঝাঁক চোখে পড়লে অনেকেই থমকে দাঁড়ান। কেউ মোবাইলে ধারণ করেন সেই মুহূর্ত, কেউ ক্যামেরায় বন্দি করেন ডানা মেলার দৃশ্য। আবার কেউ কোনো ছবি না তুলেই নীরবে উপভোগ করেন প্রকৃতির এই আয়োজন।

এই বিশ্ববিদ্যালয়কে ‘পাখিদের ক্যাম্পাস’ বলা হয় শুধুমাত্র আবেগের কারণে নয়; দীর্ঘদিন ধরে শীতকালীন পাখির উপস্থিতিও এই পরিচয়কে প্রতিষ্ঠিত করেছে। আশির দশকের মাঝামাঝি সময় থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতের অতিথি পাখির আগমন মানুষের নজরে আসতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের জলাশয়গুলো পরিযায়ী পাখিদের পরিচিত বিচরণক্ষেত্র হিসেবে পরিচিতি পায়।

প্রতি বছর শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখি এখানে এসে সাময়িক আশ্রয় নেয়। তাদের আগমন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। পাখি দেখতে আসেন প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী ও বিভিন্ন বয়সের মানুষ।

তবে মানুষের এই আগ্রহের পাশাপাশি পাখিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। লেকপাড়ে অতিরিক্ত মানুষের উপস্থিতি, যানবাহনের চলাচল, উচ্চ শব্দ এবং রাতের বেলায় মানুষের আনাগোনা পাখিদের স্বাভাবিক আচরণে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে বিশ্রাম ও নিরাপদ আশ্রয়ের জন্য জলাশয়ে অবস্থান নেওয়া পাখিরা বিরক্ত বা আতঙ্কিত হলে অন্যত্র চলে যেতে পারে।

পরিবহন এলাকার লেকে পাখির বড় ঝাঁকের অবস্থান পরিবর্তনের ঘটনাও উদ্বেগকে সামনে এনেছে। রাতের বেলায় মানুষের উপস্থিতিতে পাখিদের উড়ে অন্য জলাশয়ে আশ্রয় নেওয়ার ঘটনা মনে করিয়ে দেয়, তাদের জন্য শুধু পানির উপস্থিতিই যথেষ্ট নয়; প্রয়োজন নিরুপদ্রব পরিবেশও।

এছাড়া জলাশয়ের চারপাশের গাছপালা কমে যাওয়া এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের প্রভাব পাখিদের আবাসস্থলের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই জলাশয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা, পাখিদের বিশ্রামের জায়গা নিরাপদ রাখা, অপ্রয়োজনীয় মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ কমানো জরুরি বলে জানান শিক্ষার্থীরা। তাদের নিরাপদ বিচরণ নিশ্চিত করা গেলে প্রতি বছরই শীতের আগমনী বার্তায় নতুন করে মুখর হয়ে উঠবে পাখিদের এই প্রিয় ক্যাম্পাস।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "দীর্ঘদিন ক্যাম্পাসে পরিযায়ী পাখি আসা বন্ধ ছিল। আমরা পাখিদের নিরাপদ আবাস নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে দীর্ঘদিন পর পাখি এসেছে। আমরা পুকুরের লিজ বন্ধ করেছি। যেসব পুকুরে পাখি আসে এসব এলাকায় উচ্চ শব্দে যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।"

তিনি বলেন, "অতিথি পাখিদের নিরাপদ আবাসন নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%