১০:১২ এম
তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার মাত্র ১২ দিনের ব্যবধানে আবারও বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, "প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আমাদের পাঁচ বীর সহযোদ্ধা নিহত হয়েছেন।"
আরও পড়ুন: মার্কিন ভোটারদের ৫৫% ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের পক্ষে
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টারগুলো সাধারণত সেনা পরিবহণের কাজে ব্যবহৃত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ উড়ার পর প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা তৃণভূমিতে ভূপাতিত হয় হেলিকপ্টারটি। তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, জরুরি পরিষেবার যানবাহনগুলো একটি বিশাল খোলা প্রান্তরে অবস্থান করছে।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি। মঙ্গলবারের ঘটনার ১২ দিন আগে, ১২ নভেম্বর, তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যেখানে থাকা চারজন সেনা সদস্য নিহত হন। সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তাদের বাহিনী আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসন ইকুয়েডরের সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করেছে
কুর্দি বিদ্রোহের অবসানের পর থেকে তুরস্কের নিজস্ব ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে এই বিদ্রোহের সমাপ্তি ঘটেছে।
সূত্র: এএফপি, এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন