০৬:০৫ পি.এম
উত্তরের জনপদ নীলফামারীতে হেমন্তের প্রকৃতিতে শীতের আমেজ জেঁকে বসছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেয়েছে। শীতের আগমনী বার্তার সঙ্গে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত শীতপ্রবণ জেলা নীলফামারীতে প্রতি বছরই শীতের তীব্রতা বেশি থাকে। এবছরও হেমন্তের শুরু থেকেই প্রকৃতির রূপ ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভোরের ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, মাঠজুড়ে সোনালি ধান এবং কুয়াশার চাদর শীতের আগমনী বার্তা দিচ্ছে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
শীতের আগমনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির দোকানগুলোতে ব্যস্ততা বেড়েছে। কোথাও কোথাও দোকানিরা পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে গাছিরাও ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে, হেমন্তের সোনালি মাঠে পাকা ধান কাটতে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। তবে আজকের বৃষ্টির কারণে জমিতে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এ অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছিল এক হাজার থেকে এক হাজার ৮০০ মিটারে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হাকিম জানিয়েছেন, রোববার (২২ নভেম্বর) পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় শীতের অনুভূতি বাড়তে পারে। মাসের শেষ দিকে এ অঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়তে শুরু করবে।
এদিকে, শীত ও বৃষ্টির কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ দেখা দিচ্ছে। সকাল থেকে বৃষ্টির কারণে জনজীবনেও শীতের প্রভাব পড়েছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬ হাজার মানুষের চোখের চিকিৎসা ক্যাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন