শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০৪ পি.এম
ফেলিপে কৌতিনহো ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগদান করেছেন। দীর্ঘ সময় পর তিনি আবারও বন্ধু নেইমারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাচ্ছেন।
শৈশবে ভাস্কো দা গামায় বেড়ে উঠেছিলেন কৌতিনহো, অন্যদিকে নেইমার জুনিয়র প্রতিদ্বন্দ্বী ক্লাব সান্তোসকে মাতাতেন। দীর্ঘ সময় পর আবারও সান্তোসের জার্সিতে নতুন সমীকরণ গড়তে চলেছেন তারা।
ব্রাজিলিয়ান লিগ ‘ব্রাসিলেইরাও’-এ সান্তোসের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। নিজেদের পারফর্ম্যান্স পুনরুজ্জীবিত করার জন্য ক্লাবটি লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই প্লে-মেকারকে ফ্রি-এজেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের কাঁধে এখন সান্তোসের বর্তমান দুর্দশা কাটানোর মূল দায়িত্ব রয়েছে। তবে কৌতিনিয়োর এই চমকপ্রদ দলবদলের পেছনে রয়েছে নেইমারের একটি দুর্ভাগ্যজনক খবর।
বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড সান্তোসে ফিরে পুরোনো সাফল্য ফেরাতে চেয়েছিলেন, কিন্তু সম্প্রতি ডান উরুর ‘রেকটাস ফেমোরিস’ পেশিতে ‘গ্রেড ২বি’ মাত্রার মারাত্মক চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
বন্ধুর মাঠে ফেরার বিলম্বের কারণে দ্রুত ব্যবস্থা হিসেবে অভিজ্ঞ কৌতিনিয়োকেই ভিলা বেলমিরোয় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সান্তোস কর্তৃপক্ষ।
ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, চলতি বছরের শেষ পর্যন্ত উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয়েছে। এখন দেখার বিষয়, শৈশবের বন্ধু নেইমার ফিরে আসলে দুই বন্ধুর রসায়ন সান্তোসকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : কোস্ট গার্ড মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতি থানাধীন চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন রামগতি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময়, দুইটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা (৩২ হাজার ৫০০ কেজি) সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত দুইটি বোটসহ পাচজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জীবনের নানা প্রতিকূলতার মধ্যে থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে সংগীতাঙ্গনে ফিরে এসেছেন জনপ্রিয় শিল্পী কিম হেই-রিম। তার নতুন গান ‘অ্যাডাল্টস ড্রিম’ গত ৬ সেপ্টেম্বর বিশ্বজুড়ে অনলাইন মিউজিক প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শৈশবের সোনালি স্মৃতি ও বর্তমান জীবনের কঠিন বাস্তবতাকে একত্রিত করে গানটির মেলোডি তৈরি করেছেন কিম হেই-রিম। জীবনের শত প্রতিকূলতার মধ্যেও যেন মানুষ থেমে না যায়, হারিয়ে যাওয়া স্বপ্নকে আবারও আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে পারে, গানটির মূল বার্তা মূলত সেটিই।
‘অ্যাডাল্টস ড্রিম’এ রয়েছে রিফ্রেশিং রক ব্যান্ড সাউন্ড। কিম হেই-রিমের আবেগঘন ও মিষ্টি কণ্ঠের সমন্বয় গানটিকে দিয়েছে আলাদা মাত্রা। প্রাণবন্ত সুরের আড়ালে উঠে এসেছে প্রাপ্তবয়স্ক জীবনের নানা চাপ, হতাশা ও হারিয়ে ফেলা স্বপ্নের গল্প।
গানটির প্রতিটি স্তরে ফুটে উঠেছে শৈশবের সরলতা হারিয়ে কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়া মানুষের অনুভূতি। যারা জীবনের বাস্তবতায় ক্লান্ত হয়ে কখনো অতীতে ফিরে যেতে চান, তাদের জন্য ‘অ্যাডাল্টস ড্রিম’ হয়ে উঠেছে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
শুধু অতীতের স্মৃতিচারণ নয়, বরং সেই স্মৃতিকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে নতুন ভবিষ্যৎ নির্মাণের বার্তাও দিচ্ছে গানটি। প্রতিকূলতার দেয়াল পেরিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সাহস জোগানোই যেন এই গানের অন্যতম প্রধান উদ্দেশ্য।
কিম হেই-রিমের এজেন্সি ডাবল রিং মিউজিক জানিয়েছে, বাস্তবতার চাপে মানুষ যেন তার ফেলে আসা স্বপ্ন ও লক্ষ্য ভুলে না যায়, সেই অনুপ্রেরণা থেকেই গানটি তৈরি করা হয়েছে। তাদের ভাষ্য, উদ্দীপনাময় জে-রক সাউন্ড ও সতেজ সুর শ্রোতাদের ক্লান্তি দূর করে নতুনভাবে উজ্জীবিত করবে।
শৈশবের স্বপ্ন, প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তবতা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়—এই তিনের মেলবন্ধনই ‘অ্যাডাল্টস ড্রিম’কে শ্রোতাদের কাছে আলাদা করে তুলেছে। আর সেই কারণেই মুক্তির পর গানটি দ্রুতই ছড়িয়ে পড়ছে শ্রোতাদের মধ্যে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি কনফারেন্সে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অব দ্য ওয়েস্টার্ন কেপ এলান উইন্ডের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন ব্যারিস্টার কায়সার কামাল। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনে সিপিসি নেতাদের সঙ্গে এক সংসদীয় কর্মশালায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদল। সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিনিধিদলটির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীতে ছিনতাই প্রতিরোধের উদ্দেশ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার দুপুরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সুযোগ বুঝে ছিনতাই করার কথা স্বীকার করেছে।
পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে এসেছে।
গোয়েন্দা পুলিশ জানায়, কুমিল্লা নগরীতে ছিনতাই প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ