মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৪ পি.এম
বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত বিমানে উঠতে পারলেন না ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকী। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হন তিনি। একই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঘটনাটি আলোচনায় এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা কমিটির সদস্য।
পুলিশের সূত্র অনুযায়ী, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রের দাবি, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তার যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত ব্যবহার করে ভারতে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে। পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের সংগঠিত করার কাজে তিনি সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে আটকের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। পূর্বঘোষিত সময়সূচি (রুটিন) অনুযায়ী আগামীকাল বুধবারের (২৫ নভেম্বর) সব পরীক্ষা যথারীতি নির্ধারিত সময় ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এছাড়া পরীক্ষার অন্যান্য সময়সূচিও অপরিবর্তিত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত যেকোনো সঠিক তথ্যের জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে ফিরেছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর ১০ জন শিক্ষক। তাঁরা সৌদি আরবের জামিয়াতুল কাসিমের অধীন মারকাযুন নুখব আল-ইলমিয়ায় এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে জামিয়া কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ আসর জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.), কক্সবাজারের উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম, সদর মুহতামিম আবছার উদ্দিন চৌধুরী, শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নাদিমসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আল্লামা আবদুল গফুর নাদিম।
সৌদি আরবে প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরে জামিয়ার নির্বাহী পরিচালক কারি ওসমান বলেন, "আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এই সফরে আমরা হাতে-কলমে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। সেখানকার আলেমদের ইলম, জ্ঞান ও আমল অত্যন্ত উচ্চমানের। তাঁদের জ্ঞান ও প্রজ্ঞার তুলনায় নিজেদের অর্জন সীমিত বলে উপলব্ধি হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা যেসব হাদিস অধ্যয়ন করেছি, সেগুলোর বাস্তব প্রতিফলন সেখানকার আলেমদের জীবনাচরণ ও আমলের মধ্যে দেখতে পেয়েছি। যেসব উস্তাদের কাছে পড়াশোনা করেছি, তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও জীবনাদর্শ আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। অর্জিত জ্ঞানের সামান্য অংশও যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই এ শিক্ষা সফর সার্থক হবে।"
কারি ওসমান আরও উল্লেখ করেন, "উস্তাদদের সোহবত ও তাঁদের রুহানি ফয়েজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে পারলে দুনিয়া ও আখিরাত—উভয় জীবনে সফলতা অর্জন সম্ভব হবে।"
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "শিক্ষকদের নিয়মিত জ্ঞানচর্চা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব। সৌদি আরবে প্রশিক্ষণ গ্রহণের এ উদ্যোগ জামিয়ার শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।"
জামিয়া সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষকদের ইলমি যোগ্যতা, পেশাগত দক্ষতা, পাঠদানের সক্ষমতা ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যেই এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিন মাসের এ প্রশিক্ষণে অংশ নিয়ে শিক্ষকরা জ্ঞানচর্চা, পাঠদান ও শিক্ষাব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। ভবিষ্যতেও শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন—আবু আমের ইউসুফ (মুহাদ্দিস), মুহাদ্দিস ছৈয়দ আলম, শেখ জুনায়েদ, হোসাইন মাহমুদ (মুফতি), আকতার কামাল (সিনিয়র শিক্ষক), আবদুল্লাহ সাদেস (মুফতি), আমিনুর রহমান, আল-কামা ও হাসানুল বান্না।
প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সৌদি আরবে অর্জিত জ্ঞান, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষকরা নিজেদের পাঠদান পদ্ধতিকে আরও সমৃদ্ধ করবেন। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জামিয়ার শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে কক্সবাজার অঞ্চলের দ্বীনি শিক্ষার গুণগত মানোন্নয়নেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের হাতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববিখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের রেস্ট হাউজে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ সিটি প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময়, নবনিযুক্ত পরিচালককে স্বাগত জানিয়ে তার মাধ্যমে কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান ডা. শাহাদাত হোসেন। সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেন, ‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। আমরা চাই, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হোক। কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে আমাদের শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে।’
চট্টগ্রামে ফুটবলের জনপ্রিয়তা ও তরুণদের আগ্রহের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। একটি স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।’
এসময় চট্টগ্রামে ফরাসি ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে আলিয়ঁস ফ্রঁসেজের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন চসিক প্রশাসক। একই সঙ্গে চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ বলেন, ‘এটি অত্যন্ত সম্মানজনক একটি আমন্ত্রণ। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।’
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, ‘চট্টগ্রামের তরুণ সমাজের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে একজন আদর্শ খেলোয়াড়। তার চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
বৈঠকে ফ্রান্সের বিনিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ফ্রান্স সরকারের ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) মাধ্যমে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় যে বৃহৎ বিনিয়োগ করা হচ্ছে, সে বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আশা প্রকাশ করা হয়, এ বিনিয়োগের মাধ্যমে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার টেকসই সমাধান হবে এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে। এছাড়া সাক্ষাৎকালে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ততায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের ১১ জন ক্রিকেটার আইপিএলের আগামী আসরের নিলামে নাম নিবন্ধন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে প্রাথমিক তালিকায় তাদের নাম পাঠানো হয়েছে। তবে এই তালিকায় বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের নাম নেই।
নিলামে নাম দেওয়া বাংলাদেশের ১১ ক্রিকেটারের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় এবং মো. রুবেল।
আইপিএলের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে। এবারের নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ৯৩৯ জন এবং বিদেশি ২৮১ জন। দলগুলো সর্বাধিক ৬৬ জন ক্রিকেটার নিতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য ২৫টি জায়গা রয়েছে।
এবারের নিলামে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ডের বেন স্টোকসের নাম নিয়ে। এই অলরাউন্ডার ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া স্টোকস এর আগে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
প্রাথমিক তালিকার বাইরে থাকা ক্রিকেটারদের নাম যুক্ত করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ২৭ নভেম্বর পর্যন্ত বিসিসিআই-এর কাছে আবেদন করতে পারবে। এরপর ১ ডিসেম্বরের মধ্যে নিলামের জন্য নিজেদের পছন্দের খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে দলগুলোকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ