ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর, লুটপাট ; পুলিশ সদস্য আহত


রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর, লুটপাট ; পুলিশ সদস্য আহত

রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলা টিফিন ও বঙ্গভোজ নামে দুটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রেস্তোরাঁ মালিকপক্ষ।
হামলাকারীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে মতিহার থানার কাজলা ফাঁড়ির পুলিশ সদস্য মোঃ ফয়েজ উদ্দিন আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিনোদপুর বাজারের একটি রেস্তোরাঁর এক কর্মচারীর সঙ্গে এক ব্যক্তির কথাকাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে রাতের দিকে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে বাংলা টিফিন ও বঙ্গভোজ রেস্তোরাঁয় হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শুরুতেই আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। পরে হামলাকারীরা দুটি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্সসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। এতে কাজলা ফাঁড়ির পুলিশ সদস্য ফয়েজ উদ্দিন আহত হন।
ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ মালিক মোর্শেদ শাকিল বলেন, কোনো গ্রাহকের সঙ্গে খারাপ আচরণ বাংলা টিফিন কখনো সমর্থন করে না। কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে এমন ভয়াবহ হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এর পেছনে অন্য কোনো কারণ বা পূর্বপরিকল্পনা থাকতে পারে।
তিনি আরও বলেন, হামলায় রেস্তোরাঁর আসবাবপত্র, কাচ, ফ্রিজ ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুর ও লুটপাটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের ছোড়া ককটেলে পুলিশ সদস্য মোঃ ফয়েজ উদ্দিন আহত হয়েছেন। বর্তমানে বিনোদপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় রেস্তোরাঁ মালিক বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে হামলার ঘটনায় বিনোদপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:১১ পি.এম


অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সিজার আহম্মেদ নয়ন (২৫) ও আমরুল মৃধা (৫০)।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে দুইজন মাদক কারবারী মোটরসাইকেলযোগে হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়।
চেকপোস্ট চলাকালে বর্ণীত একটি মোটরসাইকেল আরোহীদের থামানো হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হেরোইন বহনের কথা স্বীকার করে। এ সময় তাদের পরিহিত লুঙ্গির ভেতরে দুই পায়ের উরুর সঙ্গে অভিনব কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুই প্যাকেটে ১৮৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীর সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক।
কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমানো এবং দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক সমন জারি, গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী আদালতে উপস্থিতকরণ, সাক্ষীদের নিরাপত্তা, তদন্ত ও ইনকোয়ারির প্রতিবন্ধকতা দূরীকরণ, মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্ত প্রতিবেদন, ফরেনসিক ও ভিসেরা রিপোর্ট দ্রুত প্রাপ্তি, আলামত আদালতে উপস্থাপন এবং বিচারাধীন আসামিদের যথাসময়ে আদালতে হাজির করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল স্টেকহোল্ডারের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
কনফারেন্সে রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেট, পিবিআই পুলিশ সুপার, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি, র‌্যাব, বিজিবি, সিআইডি, ডিবি পুলিশ, কারা কর্তৃপক্ষ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর, প্রবেশন অফিসার এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা

অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এবং গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য ইসলামী ব্যাংক একটি সতর্কবার্তা প্রকাশ করেছে। এই সতর্কবার্তায় বলা হয়, ব্যাংকের কার্যক্রমে যদি কেউ বাধা দেয়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

শনিবার (২০ জুন) আর্থিক প্রতিষ্ঠানটি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার কারণে ইসলামী ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। যদি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা তৈরি হয় কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়, তাহলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত হবে। এরূপ পরিস্থিতিতে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন মন্তব্য করেন, ইসলামী ব্যাংক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আমানত জমা বাড়ছে এবং আমানত উত্তোলনের চাপও হ্রাস পাচ্ছে। তিনি বলেন, ব্যাংকের কার্যক্রমকে কেন্দ্র করে যাতে কেউ অযথা বিভ্রান্তি, বিশৃঙ্খলা বা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা না করে, সেজন্যই এই নোটিশটি জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে তারল্য সংকট এবং বিভিন্ন গুজবের ফলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এরফলে অনেক গ্রাহক একসাথে আমানতের টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক থেকে গত ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নেওয়া হয়।

ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ৭ জুনের মধ্যে আমানত কমেছিল ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়, যার ফলে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ সৃষ্টি হয়। তবে, বাংলাদেশ ব্যাংকের সহায়তা এবং ব্যাংক ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপের ফলস্বরূপ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, যদি বাংলাদেশ ব্যাংকের নজরদারি, তারল্য সহায়তা এবং ব্যাংক ব্যবস্থাপনার উদ্যোগ অব্যাহত থাকে, তবে ইসলামী ব্যাংক দ্রুতই সম্পূর্ণ স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভিন্ন কিছু করার কথা ভাবছি’ বলে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


‘ভিন্ন কিছু করার কথা ভাবছি’ বলে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের প্রতাপ বিহারে একটি মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে মনে হচ্ছে, তবে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আগামী রোববার (২১ জুন) ভারতে নতুন করে মেডিকেল ভর্তি পরীক্ষা (এনইইটি) অনুষ্ঠিত হবে। গত মে মাসে প্রশ্নফাঁসের অভিযোগে এই পরীক্ষা স্থগিত করা হয়। মাত্র দুদিন আগে, গত শুক্রবার (১৯ জুন), ওই শিক্ষার্থীর মৃত্যু ঘটে।

মৃত শিক্ষার্থীর পরিচয় হচ্ছে যতিন কুমার। তিনি বিজয়নগরের এইচ-ব্লকে থাকতেন এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তিনি নিজের ঘরে পড়াশোনা করছিলেন এবং ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিলেন।

তবে শুক্রবার সকালে তার পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে তার নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা একটি ছেঁড়া ফাঁস পাওয়া যায় এবং মরদেহটি মেঝেতে পড়ে ছিল।

তদন্তের সময় যতিনের মোবাইল ফোন থেকে ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়, যা মৃত্যুর ঠিক আগে ধারণ করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এ ভিডিওতে তিনি নিজের পড়ার ঘর দেখান এবং বলেন, ‘আজ আমি ভিন্ন কিছু করার কথা ভাবছি।’ এরপর তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা ফাঁসের দিকেও ক্যামেরা ঘুরিয়ে দেখান।

পুলিশের দাবি, ভিডিওতে যতিন উল্লেখ করেছেন যে তিনি কোনও চাপের মধ্যে ছিলেন না এবং এনইইটি পরীক্ষাকে কেন্দ্র করে মানসিক চাপে ভুগছিলেন না। তিনি আরও বলেন, তার বাবা তাকে পরীক্ষার বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছিলেন।

ভিডিওতে যতিন বলছেন, তিনি পরীক্ষায় সফল হতে চেয়েছিলেন এবং যদি সফল হন, তাহলে মানুষ এই ভিডিওটি দেখবে। এরপরই ভিডিওটি শেষ হয়ে যায়। বর্তমানে পুলিশ ভিডিওটির সত্যতা যাচাই করছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

যতিন ছিলেন পরিবারের একমাত্র সন্তান। তার বাবা একটি সরকারি বিভাগে কর্মরত এবং মা গৃহিণী। আকস্মিক এই ঘটনায় পরিবার গভীর শোকাহত। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

কোতওয়ালি নগরের সহকারী পুলিশ কমিশনার উপাসনা পাণ্ডে জানিয়েছেন, শিক্ষার্থীর তৈরি করা ভিডিওটি উদ্ধার করা হয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%