ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মোসাদের অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর তথ্য: তুরস্কে ইরানি জেনারেল


মোসাদের অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর তথ্য: তুরস্কে ইরানি জেনারেল

প্রায় চার দশক আগে লেবাননে বিধ্বস্ত হওয়া এক ইসরায়েলি পাইলটের সন্ধানে নেমে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপহরণ করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এর মধ্যে একজনকে তুরস্ক থেকে অপহরণের পর কয়েক সপ্তাহ ধরে অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে লেবাননের বিভিন্ন গ্রামে বোমাবর্ষণ করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট রন আরাদের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সে সময় প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও আরাদ নিখোঁজ হন। নিখোঁজ সেনাদের দেশে ফিরিয়ে আনার ইহুদি ঐতিহ্যের অংশ হিসেবে এরপর থেকেই আরাদের সন্ধানে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। এই অভিযানের জেরে গত কয়েক দশকে অন্তত ৪০ জনের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত

নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এই অভিযানের প্রথম দিকের শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল এবং দেশটির সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আসগারি। ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম এলাকার সেলান হোটেলে ওঠেন আসগারি। এর কিছুক্ষণ পরই মোসাদ এজেন্টরা তাকে অপহরণ করে।

ঘটনার কয়েক বছর পর ইরান আসগারির বিষয়ে তথ্য চাইলে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের জানান, আরাদের বিষয়ে আসগারির কাছে তথ্য আছে—এমন ভুল ধারণা থেকে তাকে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে মোসাদ নিশ্চিত হয় যে, ওই পাইলটের ব্যাপারে আসগারি কিছুই জানতেন না। তা সত্ত্বেও মোসাদ এজেন্টরা তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণ সাগরে ফেলে দেয়। সে সময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান এবং ২০০৭ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। একজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার মতো সিদ্ধান্তে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল বলে ধারণা করা হয়।

অন্যদিকে, ইরানের নিজস্ব তদন্তেও বেরিয়ে আসে যে, ইস্তাম্বুলের হোটেল কক্ষের তালা ভেঙে আসগারিকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল এবং অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণ সাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

আরাদ নিখোঁজের ঘটনায় ইরানের সম্পৃক্ততার কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও ২০২১ সালে দামেস্কে প্রাতঃভ্রমণের সময় আইআরজিসি কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে মোসাদ। তাকে একটি রেফ্রিজারেটরের বাক্সে ভরে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় ধরে নির্যাতন ও জিজ্ঞাসাবাদের পর অপহরণের বিষয়টি গোপন রাখতে তাকে জীবিত অবস্থায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফেলে রেখে যায় ইসরায়েলি এজেন্টরা। সাবেরিও ওই পাইলটের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

আরও পড়ুন: ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম

পরবর্তীতে হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে উঠে আসে, বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবী চিত গ্রামে রন আরাদের মৃত্যু হয় এবং সেখানেই তাকে কবর দেওয়া হয়েছিল। তবে ইসরায়েল বরাবরই দাবি করে আসছিল যে ইরান এ বিষয়ে সব জানে।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে একটি ব্যবসায়িক বৈঠকের কথা বলে ডেকে নিয়ে অপহরণ করে ইসরায়েলি এজেন্টরা। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ১৯৮৮ সালে নবী চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে শুকর পাইলট আরাদকে হত্যা করেছিলেন।

এছাড়া চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবী চিত গ্রামের একটি কবরস্থানে আরাদের মরদেহ রয়েছে—এমন ধারণায় সেখানে ৪০টিরও বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হলেও আরাদের মরদেহের কোনো সন্ধান মেলেনি। উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন প্রাণ হারিয়েছেন। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও মিডল ইস্ট আই।

আরও পড়ুন: ফটোশুটের প্রলোভনে তরুণীকে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানক্ষেতে কঙ্কাল, পাশের কাপড় দেখে ১ মাস আগে নিখোঁজ বৃদ্ধ কজিবর ফকিরকে শনাক্ত পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


ধানক্ষেতে কঙ্কাল, পাশের কাপড় দেখে ১ মাস আগে নিখোঁজ বৃদ্ধ কজিবর ফকিরকে শনাক্ত পরিবার

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশ একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে। কঙ্কালের পাশে পড়ে থাকা কাপড় দেখে পরিবারের সদস্যরা দাবি করেছেন, এটি এক মাস আগে নিখোঁজ কজিবর ফকির (৭৫) নামে এক বৃদ্ধের। তবে পুলিশ জানিয়েছে, পরিচয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের একটি ধানক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, কজিবর ফকির মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি গত ১৭ অক্টোবর দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ২২ অক্টোবর সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাকে খুঁজে পেতে মাইকিংও করা হয়েছিল।

সোমবার সকালে মাঝবাড়ী মাঠের একটি ক্ষেতে শ্রমিকরা ধান কাটার সময় মানুষের কঙ্কাল দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, কজিবর ফকিরের মরদেহ শিয়াল বা কুকুরে খেয়ে থাকতে পারে।

কঙ্কালের পাশে পড়ে থাকা কাপড় দেখে পরিবারের সদস্যরা সেটি কজিবর ফকিরের বলে দাবি করেন। তার ছেলে পিন্টু মিয়া বলেন, ‘সকালে লোকজনের মুখে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পড়ে থাকা লুঙ্গি ও শার্ট দেখে বাবার মরদেহ শনাক্ত করি। বাবা একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। কিন্তু কীভাবে তিনি এই দুর্ঘটনার শিকার হলেন, তা আমাদের বোধগম্য নয়।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরপর প্রাপ্ত কঙ্কাল উদ্ধার করেছি। শুধু মাথার খুলি ও পায়ের কয়েকটি হাড় পাওয়া গেছে। থানার ডায়েরি অনুযায়ী কঙ্কালের প্রকৃত পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করানো হবে। এখনো কোনো মামলা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জমিয়তের জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


নারায়ণগঞ্জ জমিয়তের জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি বিশেষ বৈঠক করেছে। এই বৈঠকে সংগঠনের কার্যক্রমকে জোরদার করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জের জামতলায় হীরা ড্রাগন রেস্টুরেন্টে জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়ব আল হুসাইনী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সদস্যসচিব মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া।

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, আব্দুর রশিদ, মাওলানা জাকারিয়া আল ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইসমাইল সরকার, মুফতি মাসউদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা সাইফুল ইসলামসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

বৈঠকে আলোচনা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়টি, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পূর্বে তিন সদস্যের কমিটি থাকলেও বর্তমানে এটি পাঁচ সদস্যের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের লক্ষ্যে কমিটির পরিধি বৃদ্ধি করা হয়েছে। তদন্ত কমিটি ভিডিওটির বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করে সংগঠনের দায়িত্বশীলদের কাছে প্রতিবেদন দেবে।

বৈঠকে নেতারা উল্লেখ করেন, দ্বীনি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভূমিকা আরও গতিশীল করতে জেলা ও মহানগর পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শতভাগ বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শতভাগ বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’ প্রকল্পের মাধ্যমে ২০২৭ সালের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য আবেদন আহ্বান করেছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে স্নাতক পর্যায়ে শতভাগ বৃত্তিতে পড়াশোনা করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৬ নভেম্বর) এই তথ্য জানানো হয়।

নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ব্যবসায় প্রশাসন ও ফ্যাশন ডিজাইন বিভাগে অধ্যয়ন করার সুযোগ পাবেন। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এই বৃত্তির অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা এবং তাদের সৃজনশীল ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করা।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, ‘আমাদের উদ্দেশ্য, শিল্পা চাকমার স্মৃতিকে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির একটি স্থায়ী উদ্যোগে রূপ দেওয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে তাদের শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এ বৃত্তির মূল লক্ষ্য।’

আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, শিল্পা চাকমা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের আগস্টে কক্সবাজারে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার স্মৃতি ধরে রাখা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণে সহায়তার লক্ষ্যে ২০২২ সালে তার নামে এ বৃত্তি প্রবর্তন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, ১৬ শিক্ষক-কর্মচারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, ১৬ শিক্ষক-কর্মচারী

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এমপিওভুক্ত শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি ইনস্টিটিউটে শিক্ষার্থী উপস্থিতি নিয়ে একটি চাঞ্চল্যকর চিত্র প্রকাশ পেয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত আছেন, যা ব্যানবেইস অনুযায়ী নির্ধারিত। গত রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাত্র একজন শিক্ষার্থীকে একটি শ্রেণিকক্ষে পাঠদান করছেন পাঁচজন প্রভাষক।

প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা সম্পর্কে জানতে চাইলে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। এর ফলে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা এবং নিয়মিত উপস্থিতির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরেজমিনে দেখা যায়, পাঁচ প্রভাষক একই শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে পাঠদান করছেন, যা শিক্ষা কার্যক্রমের বাস্তব অবস্থার উপর নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রভাষক দানিয়েল হোসাইনের কাছে শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা জানাতে তিনি অপারগ।

এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক বলেন, “এখানে যারা ভর্তি হয় সবাই পাথর উত্তোলন করেন যারা তারা আর ট্রলির ড্রাইভাররা। মেয়েরা বাড়িতে থাকলেও প্রতিষ্ঠানে আসে না। শিক্ষার্থীদের ডেকে ডেকে আনা কি সম্ভব? আপনারাই বলেন।” তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশে একই অবস্থা, পঞ্চগড়ের এমন কলেজ আছে ভর্তি করানো হয়েছে ২০০ জন কলেজে আসে ২০জন।’

অধ্যক্ষ আরও স্বীকার করেন যে, শিক্ষার্থী উপস্থিতি না থাকায় পাঠদান কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। তিনি মন্তব্য করেন যে, এ অবস্থায় তাঁরা যে বেতন-ভাতা পাচ্ছেন, তা হালাল হচ্ছে না।

অধ্যক্ষের বক্তব্যের পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। শিক্ষার্থীরা নিয়মিত প্রতিষ্ঠানে না এলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিয়েছে? প্রতিষ্ঠানটিতে প্রকৃতপক্ষে কতজন শিক্ষার্থী ভর্তি রয়েছে? আর শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত না করেই কীভাবে চলছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম? সচেতন মহল এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখা জরুরি মনে করছেন।

একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিপরীতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা অপরিহার্য। তাই প্রতিষ্ঠানটির প্রকৃত শিক্ষার্থী সংখ্যা, উপস্থিতির হার এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%