০৩:৩৬ পি.এম
ফেনীর দাগনভূঞায় একটি যাত্রীবাহী বাস, ট্রাক্টর এবং ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার ফলে অটোরিকশার আরো দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম দাগনভূঞা থানার অভিরামপুর গ্রামের আব্দুল আলীর পুত্র। তিনি দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী লেনে একটি নম্বরবিহীন ট্রাক্টর ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালীগামী ‘আল্লাহরদান’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক্টরটির পেছনে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাক্টরটি উল্টে গিয়ে মহাসড়কের বিপরীত পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু ঘটে। একই সঙ্গে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন।
আরও পড়ুন: বরিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালির মাধ্যমে উদযাপন
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, খবর পাওয়ার পর পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে যানজট এড়াতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয়দের সহযোগিতায় যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। আহত দুই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তের কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন