০৩:৫৬ পি.এম
লালমনিরহাটের কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) উত্তর বাংলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা, অভিজ্ঞতা বিনিময়, পুরস্কার বিতরণী এবং প্রীতিভোজসহ নানা আয়োজন।
স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে দক্ষতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্ব দেওয়া হয়। কর্মব্যস্ততার বাইরে একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা।
মিলনমেলার শুরুতে স্বেচ্ছাসেবীদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কার্যক্রম, স্বেচ্ছাসেবীদের দায়িত্ব, সামাজিক কাজে নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা, দলগত সমন্বয়, দায়িত্বশীলতা ও মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আরও পড়ুন: ঢাকায় দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব শুরু
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় নারী ও পুরুষদের পৃথক বালিশ খেলা। নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন সুবর্ণা এবং দ্বিতীয় হন হালিমাতুস সাদীয়া। পুরুষ বিভাগে প্রথম হন সামু ইসলাম এবং দ্বিতীয় স্থান অর্জন করেন হৃদয় মিয়া।
এ ছাড়া সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন নিলা আক্তার, নৃত্য পরিবেশন করেন নোহা আক্তার, আবৃত্তি করেন সুমি আক্তার এবং গজল পরিবেশন করেন আনিছুর রহমান। দলীয় নৃত্যে অংশ নেন জাকিয়া ফেরদৌসী জীম ও হালিমাতুস সাদীয়া। স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান। তিনি বলেন, “একটি সংগঠনের শক্তি শুধু তার কর্মসূচি কিংবা সদস্যসংখ্যায় নয়, বরং স্বেচ্ছাসেবীদের পারস্পরিক সম্পর্ক, আন্তরিকতা ও কাজের প্রতি দায়বদ্ধতার মধ্যে নিহিত। স্বেচ্ছাসেবীরা যখন একে অপরকে জানার, বোঝার এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান, তখন সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় হয়। এ ধরনের মিলনমেলা স্বেচ্ছাসেবীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে। আনন্দের পাশাপাশি দক্ষতা উন্নয়নের এমন আয়োজন প্রতিটি শাখায় নিয়মিত হওয়া প্রয়োজন। আমি আশা করি, কালীগঞ্জ উপজেলা শাখার স্বেচ্ছাসেবীরা আগামীতেও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।”
বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবীরা সারা বছর মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সময় ও শ্রম দিয়ে থাকেন। তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি কিছুটা আনন্দের সময় উপহার দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। একই সঙ্গে কর্মশালার মাধ্যমে স্বেচ্ছাসেবীদের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফল ও আনন্দমুখর হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করছি।”
আরও পড়ুন: অভিনয়ের স্বপ্ন পূরণে মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন দীপিকা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. শাহ আলম, মো. মজিবুর রহমান ও মো. শাহজামাল; সহসভাপতি বখতিয়ার খলজি; যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মিয়া; সাংগঠনিক সম্পাদক মো. শফিনুর ইসলাম; সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ হাসান; শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার আহমেদ হিমেল; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন; নারী বিষয়ক সম্পাদক মোছা. জেসমিন আক্তার এবং কার্যকরী সদস্য মো. সোহেল রানা, মো. জাহিদ হাসান ও মো. ফাতাউর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উত্তর বাংলা কলেজ শাখার সভাপতি সুরুজ আলী, সহসভাপতি তমা আক্তার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা।
দিনের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে প্রীতিভোজে অংশ নেন। হাসি, আনন্দ, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলার সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: ন্যাশনাল লাইফ ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন