০৬:২২ পি.এম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজারে ব্যক্তিগত স্থাপনার সুবিধার্থে একটি সরকারি সেতুর রেলিং ভেঙে ফেলার অভিযোগ সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে উঠেছে। স্থানীয় বাসিন্দারা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাথেরপেটুয়া-হাসনাবাদ সড়কের বাইশগাঁও বাজারে অবস্থিত সরকারি সেতুটির পাশেই সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের একটি বহুতল স্থাপনা ও দোকান রয়েছে। অভিযোগ করা হয়েছে যে, উক্ত দোকানে ক্রেতাদের চলাচলের সুবিধার্থে এবং স্থাপনা রক্ষার স্বার্থে সেতুর রেলিংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল বারী তুহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা রাষ্ট্রীয় সম্পদ। কোনো জুলুমকারী বা অত্যাচারকারীর এই ধরনের কাজকে সমর্থন করা যায় না। সংশ্লিষ্ট সরকারি বিভাগকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
আরও পড়ুন: মনপুরায় স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক
আরেক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ উল্লাহ মন্তব্য করেন, “সরকারি সম্পত্তি মানেই জনগণের সম্পত্তি। উনি কোন ক্ষমতায় এটা ভাঙছেন, উনিই ভালো জানেন। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
রেলিং ভাঙার বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “দোকানে কাস্টমার যেন সহজে যাতায়াত করতে পারে, সে জন্য দোকানদার এটা ভেঙে ফেলেছিল। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী আমাকে বিষয়টি জানানোর পর আমি গতকালই সেটি মেরামত করে দিয়েছি।”
এদিকে, স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান জানিয়েছেন, “ইতিমধ্যে ক্ষতিপূরণ আদায় করে রেলিংটি মেরামত করিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
উপজেলা প্রকৌশলী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সড়ক নিরাপত্তা আইনের খসড়ায় মানবিক উদ্ধারকারীদের আইনি সুরক্ষার প্রস্তাব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন