০৫:০৯ পি.এম
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উদ্যোগে ‘প্ল্যানিং পারস্পেক্টিভ অন দ্য ইন্ডাস্ট্রিস অন দ্য ইমার্জিং ইন্ডাস্ট্রিজ ইন দ্য ব্লু ইকোনোমি সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জাভেদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম।
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, সুনীল অর্থনীতি বা সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা সরকারের জন্য একটি অন্যতম অগ্রাধিকার খাত। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সুনীল অর্থনীতি সেল প্রতিষ্ঠিত হয়েছে। তারা এই বিষয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করছেন এবং সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কিছু থ্রাস্ট সেক্টর চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে জাহাজনির্মাণ শিল্প, বন্দর ব্যবস্থাপনা ও উন্নয়ন অন্তর্ভুক্ত। সরকারের আরেকটি অগ্রাধিকার হলো আমাদের বন্দরগুলোর সঙ্গে উৎপাদন কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। সড়ক যোগাযোগের পাশাপাশি রেল ও নদীপথের উন্নয়নকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে হলে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনাকে জিডিপির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করতে হবে। এর জন্য যে দক্ষ মানবসম্পদ প্রয়োজন, সেটি তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকেই। সরকারি খাত, উচ্চশিক্ষা খাত এবং বেসরকারি খাতের মধ্যে একটি সমন্বয় বা মেলবন্ধন গড়ে তুলতে হবে। আইইউবি এবং সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজকে ধন্যবাদ, কারণ তারা তাদের অংশটি করছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য জাভেদ হোসেইন মন্তব্য করেন, বাংলাদেশের কন্টেইনার ওঠানামার প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দরে পরিচালিত হয়। ২১ হাজার টনের একটি জ্বালানি তেলের ট্যাংকার খালাস করতে ৩-৫ দিন সময় লাগে, যেখানে সিংগাপুরে এই কাজটি ৪-৫ ঘণ্টায় সম্পন্ন হয়। তাছাড়া, আমাদের দেশে তৈরি পোশাকের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ৯৫ দিন সময় লাগে, যেখানে ভিয়েতনামে ৬১ দিন এবং চীনে ৩২ দিন সময় লাগে। এর পেছনে মূল কারণ হলো দুর্নীতি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের পরিচালক রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম (অব.)। তিনি বঙ্গোপসাগর ও সুনীল অর্থনীতি এবং এই খাতের উদীয়মান শিল্পগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মারিয়াম বিনতে হাসান ফারিন।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন