ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ চিরকুট নিয়ে বোমা আতঙ্ক গাংনীতে


‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ চিরকুট নিয়ে বোমা আতঙ্ক গাংনীতে

মেহেরপুরের গাংনীতে একটি চিরকুট ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি জর্দার কৌটার গায়ে কালো টেপে মোড়ানো চিরকুটটি লাগানো ছিল। চিরকুটে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ তবে পুলিশ জানিয়েছে, বস্তুটি পরীক্ষা করার পর এর ভেতরে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার নবীনপুর গ্রামের একটি খেলার মাঠের পাশে নির্মাণাধীন ভবনের পিলারের ওপর স্থানীয় লোকজন বস্তুটি দেখতে পান। কালো টেপে মোড়ানো বস্তুটির গায়ে চিরকুট দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, সম্ভবত কোনো যুবক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে চিরকুটটি লিখেছেন। জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুটির গায়ে চিরকুট লাগিয়ে আলোচনার সৃষ্টি করার চেষ্টা করা হতে পারে। তবে এটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারীর প্রাণ গেল, আটক ২

ওসি আরও জানান, বস্তুটি নিষ্ক্রিয় করার সময় পরীক্ষা করে এর ভেতরে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন এ বিষয়ে মন্তব্য করেছেন, প্রেমের গল্পে সাধারণত প্রেমিক-প্রেমিকারা তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না। এমন কোনো পরিস্থিতি থেকেই কেউ হয়তো এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হতে কার্বন নিঃসরণ কমাচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে এবি ডি ভিলিয়ার্সের নতুন দাবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে এবি ডি ভিলিয়ার্সের নতুন দাবি

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে পরিচিত ‘স্যান্ডপেপার গেট’। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির সেই ঘটনা আবারও আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর।

এবার বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স। তার বক্তব্য, কেপটাউন টেস্টের পাশাপাশি সিরিজের প্রথম টেস্ট ডারবানেও বল বিকৃতি ঘটেছিল।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন খাজা। তিনি দাবি করেছেন, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সকল খেলোয়াড়ই অবগত ছিলেন। কিন্তু শাস্তির মুখে পড়েছিলেন কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার মতে, পুরো ঘটনার দায় শুধুমাত্র এই তিনজনের ওপর চাপানো উচিত হয়নি।

খাজার এই মন্তব্যের পর ডি ভিলিয়ার্স নিজের অবস্থান প্রকাশ করেছেন। ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ২০১৮ সালের সিরিজে বল বিকৃতির ঘটনা কেপটাউনেই সীমাবদ্ধ ছিল না। পোর্ট এলিজাবেথের পাশাপাশি ডারবানেও এমন কিছু ঘটেছিল বলে তার দৃঢ় বিশ্বাস।

ডি ভিলিয়ার্সের ভাষায়, “আমি দেখছি, অনেকেই এখন স্বীকার করছেন পোর্ট এলিজাবেথেও এমন ঘটনা ঘটেছিল। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও এর ব্যতিক্রম হয়নি। সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টি বোঝা যাবে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”

ডারবান টেস্টে বলের অস্বাভাবিক আচরণও তার সন্দেহের অন্যতম কারণ। ডি ভিলিয়ার্স বলেন, কিংসমিডে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হেরেছিল। সেই ম্যাচে অস্বাভাবিক সময়ে বল রিভার্স সুইং করছিল। তার মতে, কিংসমিডের মতো মাঠে এত দ্রুত বলের রিভার্স সুইং হওয়ার কথা নয়। সেখানে দীর্ঘদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই এমনটা মনে হয়েছে তার।

স্যান্ডপেপার-কাণ্ডে কে এই পরিকল্পনা সম্পর্কে জানতেন, আর কে জানতেন না—সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে সেই প্রশ্ন। তবে ডি ভিলিয়ার্স মনে করেন, আলোচনাটি ভুল দিকে যাচ্ছে। তার মতে, বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল কি না, সেটি মূল বিষয় নয়; বরং আগে থেকেই অবৈধ কিছু করার পরিকল্পনা করাটাই সবচেয়ে গুরুতর অপরাধ।

তিনি বলেন, “সবাই এখন স্যান্ডপেপার নিয়ে ব্যস্ত। কে এটি ব্যবহারের কথা জানত, আর কে জানত না, সেটিই যেন আলোচনার মূল বিষয়। অথচ সবাই জানত, তারা নিয়মের সীমা অতিক্রম করে অবৈধ কিছু করতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।”

অস্ট্রেলিয়া দলের প্রত্যেক খেলোয়াড়ই পরিকল্পনাটি সম্পর্কে অবগত ছিলেন বলে বিশ্বাস করেন ডি ভিলিয়ার্স। তবে এ ঘটনায় নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে চান না তিনি। তার ভাষায়, কাউকে বিপদে ফেলা কিংবা কে সঠিক, কে ভুল—সেই বিচার করা তার উদ্দেশ্য নয়। কিছু বিষয়ে নিজের দৃঢ় অবস্থান থাকলেও তা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়।

স্যান্ডপেপার-কাণ্ডে জড়িত ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি নিয়েও সহমর্মিতা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তবে মাঠে সেদিনের অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ওই ঘটনার আগেও অন্য কোনো ম্যাচে এমন অনিয়ম হয়েছিল কি না, তা নিয়েও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে ৮ মাস পর মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


হামে ৮ মাস পর মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

হামের প্রকোপ শুরু হওয়ার পর দীর্ঘ আট মাসেরও বেশি সময় পেরিয়ে অবশেষে দেশের জনগণের জন্য একটি স্বস্তির খবর এসেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত কিংবা সন্দেহজনক কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটি প্রথম মৃত্যুশূন্য দিন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

যদিও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে, তবে সংক্রমণ পুরোপুরি থামেনি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।

নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগীর সব কটিই দেশের তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন শনাক্ত হয়েছেন, সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে। দেশের বাকি পাঁচ বিভাগ–ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

তবে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে দেশের আটটি বিভাগেই। ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%