০৩:০৭ পি.এম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তিনি দীর্ঘ অভিনয়জীবনে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। টেলিভিশন নাটকেও তাঁকে দেখা গেছে। তবে মঞ্চনাটকে এই অভিনেত্রী কখনো অভিনয় করেননি। এবার সেই পূর্ণিমা থিয়েটার অঙ্গনের বিশেষ সম্মাননা লাভ করলেন।
‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ পূর্ণিমাকে প্রদান করা হয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ‘থিয়েটার (তোপখানা)’ আয়োজন করে।
এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট সাতজন অভিনয়শিল্পীকে সম্মানিত করা হয়েছে। পূর্ণিমা ছাড়াও পদক পেয়েছেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।
আরও পড়ুন: মৃত্যু হল ‘বিচ বয়েজ’-এর সহ-প্রতিষ্ঠাতা মাইক লাভের
পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে পূর্ণিমা বলেন, “প্রথমবারের আয়োজনেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে এমন সম্মাননা পাওয়া তাঁর জন্য আনন্দ, আবেগ ও গর্বের বিষয়।” তিনি জানান, দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এই স্বীকৃতি বিশেষ জায়গা করে নেবে।
অভিনেত্রীর ভাষ্য, “একজন শিল্পীর কাজ ও শিল্পীসত্তাকে মূল্যায়ন করার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।” তিনি উল্লেখ করেন, এই সম্মাননা তাঁর দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন হয়ে থাকবে। একই মঞ্চে অন্যান্য গুণী শিল্পীদের সঙ্গে পদক গ্রহণ করাকেও বিশেষ আনন্দের বলে উল্লেখ করেন তিনি। এ জন্য পূর্ণিমা আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে মঞ্চনাটকের পুরোনো যোগসূত্রের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় তাঁর বড় বোন ঢাকা নান্দনিতে মঞ্চনাটক করতেন। দুলাভাই রফিকুল্লাহ সেলিমও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সুবাদে আট-নয় বছর বয়স থেকেই মঞ্চের পরিবেশের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। মঞ্চে গিয়ে নাটকের মহড়া ও আয়োজন দেখতেন তিনি। তাই মঞ্চনাটকে অভিনয় না করলেও এই জগৎ তাঁর কাছে একেবারে অপরিচিত নয়।
উল্লেখ্য, পদক পাওয়া অন্য ছয় শিল্পীর প্রত্যেকেরই মঞ্চনাটকের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
আরও পড়ুন: বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা মার্কিন সংগীতশিল্পী মাইক লাভের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন