ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তিন মাসে খেলাপি ঋণ ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে


তিন মাসে খেলাপি ঋণ ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে

দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৪ শতাংশ বর্তমানে শ্রেণিকৃত হয়ে রয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় পৌঁছেছে। মোট বিতরণ করা ঋণের বিপরীতে এর হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়ে ২০ হাজার ৮৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে খেলাপি ঋণও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র প্রকাশিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকায় পৌঁছেছে। গত জুন শেষে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় চার গুণ।

গত জুন মাসের শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বর মাসের শেষে তা বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ এক প্রান্তিকে এই হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। এ সময়ে নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়ে ১৬ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে।

আরও পড়ুন: বাংলাদেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে

অন্যদিকে, সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকায়। জুন মাসের শেষে যা ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকায়। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হারও বেড়ে ৩২ দশমিক ১৯ শতাংশে পৌঁছেছে।

পরিসংখ্যানে দেখা যায়, শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর মাসের শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকায়। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণ রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকায়।

এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশন ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকায়।

তবে জুন মাসের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। ওই সময় ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। একই সঙ্গে প্রভিশন কভারেজ অনুপাত বেড়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে, জুন মাসে যা ছিল ৫৪ শতাংশ।

আরও পড়ুন: চিকিৎসার জন্য বছরে ৫০০ কোটি ডলার বিদেশে ব্যয় করছেন বাংলাদেশীরা: ডিসিসিআই

খাতসংশ্লিষ্টদের মতে, বিপুল পরিমাণ খেলাপি ও মন্দ ঋণের পাশাপাশি প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঋণ আদায় পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংক খাতে ঝুঁকি আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপিকলম্বো মহাকাশযান বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে, গুরুত্বপূর্ণ তথ্যের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


বেপিকলম্বো মহাকাশযান বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে, গুরুত্বপূর্ণ তথ্যের প্রত্যাশা

বুধ গ্রহ সৌরজগতের সূর্যের নিকটতম। বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে গ্রহটি নিয়ে গবেষণা করলেও এর অনেক রহস্য এখনো অজানা রয়ে গেছে। ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান ‘বেপিকলম্বো’ এবার সেই রহস্য উন্মোচনের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। শনিবার মহাকাশযানটি দীর্ঘ ও জটিল পথ পেরিয়ে বুধের কক্ষপথে প্রবেশ করেছে। এটি ইতিহাসে দ্বিতীয় কোনো মহাকাশ অভিযান, যা বুধের কক্ষপথে পৌঁছেছে।

২০১৮ সালে বেপিকলম্বো মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে ইউরোপ ও জাপানের তৈরি দুটি কক্ষপথযান অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় ১৮ দিন পর, এই দুটি যান আলাদা হয়ে বুধকে ঘিরে পৃথকভাবে কাজ শুরু করবে। এই যানগুলোর বিশেষ আবরণ রয়েছে, যা সূর্যের নিকটবর্তী প্রচণ্ড তাপ সহ্য করতে সক্ষম। মহাকাশযান দুটি গ্রহটির চৌম্বকক্ষেত্রের বাইরের অংশ থেকে শুরু করে বিশাল লৌহকেন্দ্রের গঠন পর্যন্ত বিভিন্ন বিষয় পরীক্ষা করবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) বেপিকলম্বো প্রকল্পের বিজ্ঞানী গেরাইন্ট জোনস মন্তব্য করেন, ‘সৌরজগতের পাথুরে গ্রহগুলোর মধ্যে বুধ সম্পর্কেই আমাদের জানা সবচেয়ে কম।’

বেপিকলম্বো থেকে প্রাপ্ত তথ্য বুধের গঠন ও বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করতে পারে। একই সঙ্গে সৌরজগতের উৎপত্তি সম্পর্কেও নতুন কিছু তথ্য জানা সম্ভব হতে পারে। বিজ্ঞানীরা আশা করছেন, এই অভিযান থেকে পাওয়া তথ্য অন্য নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা বহির্গ্রহ সম্পর্কেও ধারণা দেবে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিকস ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী ক্যারোলিন আর্নস্ট বলেন, বহির্গ্রহগুলোকে কাছ থেকে দেখতে কেমন, তা বিজ্ঞানীদের জানা নেই। তবে আবিষ্কৃত অনেক বহির্গ্রহই তাদের নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান করছে, অনেকটা বুধের মতো।

এসব গ্রহের কিছু আকারে পৃথিবীর কাছাকাছি। আবার সেগুলো যদি সূর্যের চেয়ে ছোট ও অপেক্ষাকৃত শীতল নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, তাহলে সেখানে প্রাণের অস্তিত্বের উপযোগী পরিবেশও থাকতে পারে।

বুধ সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে, তা হলো, এটি খালি চোখেই দেখা যায়। প্রাচীনকাল থেকেই মানুষ গ্রহটিকে পর্যবেক্ষণ করে আসছে। কিন্তু আকারে ছোট এবং সূর্যের খুব কাছে অবস্থানের কারণে পৃথিবী থেকে এর বিস্তারিত পর্যবেক্ষণ করা কঠিন।

১৯৭৪ থেকে ১৯৭৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘মেরিনার ১০’ তিনবার বুধের পাশ দিয়ে উড়ে যায়। এরপর নাসার আরেকটি মহাকাশযান ‘মেসেঞ্জার’ প্রথমবারের মতো বুধের কক্ষপথে প্রবেশ করে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত এটি গ্রহটির বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এসব অভিযানে বুধ সম্পর্কে বেশ কিছু বিস্ময়কর তথ্য পাওয়া যায়।

বিজ্ঞানীরা দেখেছেন, গ্রহটি সংকুচিত হওয়ার সময় এর উপরিভাগে ফাটল ও ভাঁজ তৈরি হয়েছে। এর ফলে কোথাও কোথাও প্রায় দুই মাইল উঁচু খাড়া পাহাড়ের সৃষ্টি হয়েছে। বুধের চারপাশে পৃথিবীর মতো একটি বৈশ্বিক চৌম্বকক্ষেত্রও রয়েছে। মঙ্গল ও শুক্র গ্রহের ক্ষেত্রে এমন চৌম্বকক্ষেত্র দেখা যায় না।

গ্রহটির মাধ্যাকর্ষণ শক্তি খুব কম এবং বায়ুমণ্ডলও অত্যন্ত পাতলা। তারপরও এর উপরিভাগের সঙ্গে সামান্য বায়বীয় স্তর লেগে রয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, সূর্যের এত কাছে অবস্থান করেও বুধের উপরিভাগে বরফ ও সহজে বাষ্পে পরিণত হয় এমন কিছু পদার্থ টিকে আছে।

মেরিনার ১০ মহাকাশযানের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখা ইতালীয় বিজ্ঞানী জুসেপ্পে কলম্বোর ডাকনাম ছিল বেপি। তাঁর নাম অনুসারেই নতুন এই অভিযানের নাম রাখা হয়েছে বেপিকলম্বো।

জাপান মহাকাশ গবেষণা সংস্থার (জাক্সা) বুধের চৌম্বকমণ্ডলবিষয়ক কক্ষপথযানের প্রকল্প বিজ্ঞানী গো মুরাকামি বলেন, বুধকে ঘিরে এখনো অনেক রহস্য রয়ে গেছে।

কীভাবে তৈরি হয়েছিল বুধ গ্রহ?

পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন ও ভূতাত্ত্বিক তৎপরতার কারণে অতীতের অনেক চিহ্ন মুছে যায়। কিন্তু বুধের বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে। গ্রহটিতে সক্রিয় টেকটোনিক প্লেটও নেই। ফলে এর উপরিভাগে কোটি কোটি বছর আগের বিভিন্ন পরিবর্তনের চিহ্ন এখনো রয়ে গেছে। বিজ্ঞানীরা এসব চিহ্ন বিশ্লেষণ করে গ্রহটির অতীত সম্পর্কে ধারণা পেতে পারেন।

বুধ শীতল হওয়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হয়েছে। এতে গ্রহটির উপরিভাগে হাজার হাজার বড় খাড়া ফাটল ও উঁচু অংশ তৈরি হয়েছে। এগুলোকে বলা হয় স্কার্প। এ ছাড়া গ্রহটির উপরিভাগে ছোট ছোট ঢেউখেলানো শৈলশিরাও রয়েছে। এগুলো থেকে বোঝা যায়, বুধ এখনো ধীরে ধীরে সংকুচিত হচ্ছে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার পরিচালিত বুধ গ্রহের কক্ষপথযান পুরো গ্রহের মানচিত্র তৈরি করবে। এর মাধ্যমে ভূতত্ত্ববিদেরা এসব পাহাড়, ফাটল ও শৈলশিরার বিন্যাস বিশ্লেষণ করতে পারবেন। এতে গ্রহটির সংকোচনের ইতিহাস সম্পর্কে আরো বিস্তারিত জানা সম্ভব হবে।

বুধের উপরিভাগে প্রাচীন আগ্নেয়গিরির তৎপরতার চিহ্নও রয়েছে। একসময় লাভার প্রবাহ প্রায় পুরো গ্রহের বড় অংশ ঢেকে দিয়েছিল। পরে সেই লাভা ঠান্ডা হয়ে বিস্তীর্ণ পাথুরে সমভূমি তৈরি করে।

তবে এর পরও গ্রহটির অভ্যন্তরে আগ্নেয় তৎপরতা চলছিল। কখনো কখনো বিস্ফোরণের মাধ্যমে আগ্নেয় পদার্থ বেরিয়ে এসেছে। এসব বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে বিশেষ ধরনের গর্ত, যেগুলোকে পাইরোক্লাস্টিক ভেন্ট বলা হয়।

এই গর্তগুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেলে বিজ্ঞানীরা সেগুলো কখন তৈরি হয়েছিল, তা নির্ণয় করতে পারবেন। এর মাধ্যমে বুধের আগ্নেয় তৎপরতা কখন শেষ হয়েছে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। গ্রহটির মূল উপাদান ও গঠন বুঝতে এই তথ্য গুরুত্বপূর্ণ।

সূর্যের এত কাছে থেকেও কীভাবে বরফ টিকে আছে?

নাসার মেসেঞ্জার অভিযানে পাওয়া সবচেয়ে বিস্ময়কর তথ্যগুলোর একটি হলো, বুধের উপরিভাগে বরফ ও সালফাইডের মতো সহজে বাষ্পে পরিণত হয় এমন পদার্থের উপস্থিতি। সূর্যের কাছাকাছি হওয়ায় গ্রহটির দিনের তাপমাত্রা ৮০০ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হয়। তারপরও এসব পদার্থ সেখানে টিকে আছে।

পৃথিবীর মতো বুধের অক্ষও হেলে নেই। গ্রহটি প্রায় সোজা অবস্থায় ঘোরে। ফলে এর মেরু অঞ্চলের কিছু গর্তের তলদেশে কখনো সূর্যের আলো পৌঁছায় না। এসব স্থানের তাপমাত্রা মাইনাস ২৮০ ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যেতে পারে।

মেসেঞ্জার মহাকাশযানের সংগৃহীত তথ্য থেকে ধারণা পাওয়া গেছে, এসব অন্ধকার গর্তে বিপুল পরিমাণ বরফ জমে থাকতে পারে। বেপিকলম্বোর বিভিন্ন যন্ত্রের সাহায্যে বরফের রাসায়নিক গঠন আরও বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে।

তবে বুধের মেরু অঞ্চলের অন্ধকার গর্তই এসব পদার্থের একমাত্র আশ্রয় নয়। গ্রহটির উপরিভাগে বিশেষ ধরনের উজ্জ্বল গর্ত দেখা যায়। এগুলোকে বলা হয় হোলোস। বিশেষ করে বিভিন্ন আঘাতে তৈরি হওয়া গর্তের ভেতরে এসব গহ্বর বেশি দেখা যায়। সৌরজগতের অন্য কোনো গ্রহে এ ধরনের গর্ত পাওয়া যায়নি।

গর্তগুলোর উজ্জ্বলতা দেখে বিজ্ঞানীরা মনে করেন, এগুলো তুলনামূলকভাবে নতুন। কারণ দীর্ঘদিন সূর্যের আলো ও বিকিরণের সংস্পর্শে থাকলে গ্রহের উপরিভাগের পদার্থ কালচে হয়ে যায়।

ক্যারোলিন আর্নস্ট বলেন, এসব গর্ত দেখতে বেশ নতুন মনে হয়। তবে ভূতাত্ত্বিক সময়ের হিসাবে নতুন বলতে গতকালও হতে পারে, আবার এক কোটি বছর আগেও হতে পারে। এগুলো ঠিক কখন তৈরি হয়েছে, তা জানা যায়নি।

বিজ্ঞানীদের ধারণা, গ্রহাণুর আঘাতে পাথরের ভেতরে থাকা সহজে বাষ্পে পরিণত হয় এমন পদার্থ উন্মুক্ত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ার ফলে এসব গর্ত তৈরি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী প্রক্রিয়ায় এগুলোর সৃষ্টি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আর্নস্ট আশা করছেন, বেপিকলম্বো অভিযান থেকে পাওয়া তথ্য এসব গর্তের উৎপত্তি সম্পর্কে নতুন ধারণা দেবে।

বুধের কেন্দ্রে এত লোহা কেন?

কোনো মহাকাশযান বুধে পৌঁছানোর আগেই বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্রহটির আকার ও ভর নির্ণয় করেছিলেন। এসব পরিমাপে দেখা যায়, বুধের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ হলেও এর ঘনত্ব পৃথিবীর কাছাকাছি।

এর কারণ হিসেবে বিজ্ঞানীরা গ্রহটির বিশাল লৌহকেন্দ্রের কথা বলছেন। বুধের মোট ব্যাসার্ধ ১ হাজার ৫১৬ মাইল। এর প্রায় ৮৫ শতাংশজুড়ে রয়েছে লৌহসমৃদ্ধ কেন্দ্র।

ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানী গেরাইন্ট জোনস বলেন, বিজ্ঞানীদের প্রচলিত ধারণা হলো, সুদূর অতীতে অন্য একটি বিশাল বস্তুর সঙ্গে বুধের সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের আঘাতে গ্রহটির উপরিভাগ ও ম্যান্টলের বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আবার সরাসরি আঘাতে গ্রহটি ভেঙে গিয়ে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ থেকে বর্তমান বুধের সৃষ্টি হয়ে থাকতে পারে।

ইউরোপের তৈরি কক্ষপথযানটি বুধের অভ্যন্তরীণ গঠন ও কেন্দ্রের আকৃতি পরীক্ষা করবে। একই সঙ্গে গ্রহটির বিভিন্ন খনিজ উপাদানের হিসাব আরো নিখুঁতভাবে নির্ণয় করা হবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন, কীভাবে একটি গ্রহের কেন্দ্রে বিপুল পরিমাণ ধাতু জমা হয়ে তার চারপাশে পাথরের পাতলা স্তর তৈরি হতে পারে।

জোনস বলেন, আগামী কয়েক বছরে বিভিন্ন যন্ত্র থেকে পাওয়া তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা হলে বুধের অতীত সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

বুধের চৌম্বকক্ষেত্র কীভাবে তৈরি হয়?

পৃথিবী ছাড়া সৌরজগতের পাথুরে গ্রহগুলোর মধ্যে বুধই একমাত্র গ্রহ, যার বৈশ্বিক চৌম্বকক্ষেত্র রয়েছে। গ্রহটির কঠিন অভ্যন্তরীণ কেন্দ্রের চারপাশে থাকা তরল লৌহস্তরের নড়াচড়ার কারণে এই চৌম্বকক্ষেত্র তৈরি হয়।

১৯৭০-এর দশকে মেরিনার ১০ মহাকাশযান প্রথম বুধের চৌম্বকক্ষেত্রের অস্তিত্ব শনাক্ত করে। বিষয়টি তখন বিজ্ঞানীদের বিস্মিত করেছিল। কারণ, তাঁরা মনে করেছিলেন, গ্রহটি অনেক আগেই ভূতাত্ত্বিকভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে।

পরে মেসেঞ্জার অভিযানে আরো একটি বিস্ময়কর তথ্য পাওয়া যায়। বুধের চৌম্বকক্ষেত্র সব জায়গায় সমান নয়। গ্রহটির উত্তর গোলার্ধে চৌম্বকক্ষেত্র তুলনামূলকভাবে বেশি শক্তিশালী।

জাপানের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানী গো মুরাকামি বলেন, কেন এমন হচ্ছে, তা এখনো বোঝা যায়নি। এ বিষয়ে বিজ্ঞানীদের কয়েকটি ধারণা রয়েছে। এর মধ্যে রয়েছে তরল লৌহকেন্দ্রের বাইরের স্তরের শান্ত অবস্থা এবং কেন্দ্রের দিকে লোহার স্ফটিকের তুষারের মতো জমে যাওয়ার প্রক্রিয়া। আবার একাধিক ধারণার সমন্বয়েও এই অস্বাভাবিকতার ব্যাখ্যা পাওয়া যেতে পারে।

বেপিকলম্বোর জাপানি মহাকাশযানটি বুধের চৌম্বকমণ্ডলে প্রবেশ করবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে। চৌম্বকমণ্ডল হলো গ্রহের চৌম্বকক্ষেত্রের সীমানা, যেখানে সূর্য থেকে আসা বৈদ্যুতিক আধানযুক্ত কণার প্রবাহ বা সৌরবায়ুর সঙ্গে চৌম্বকক্ষেত্রের মিথস্ক্রিয়া ঘটে।

জাপানের মহাকাশযানটি চৌম্বকমণ্ডলের বাইরের অংশ পর্যবেক্ষণ করবে। অন্যদিকে ইউরোপের মহাকাশযানটি গ্রহের কাছাকাছি অঞ্চলের চৌম্বকক্ষেত্র পরিমাপ করবে।

দুটি মহাকাশযানের সংগৃহীত তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন, কীভাবে সৌরবায়ু বুধের চৌম্বকক্ষেত্রে প্রবেশ করে এবং গ্রহটির দিকে এগিয়ে যাওয়ার সময় সেই ক্ষেত্রকে বাঁকিয়ে ও বিকৃত করে।

গেরাইন্ট জোনস বলেন, এই অভিযান থেকে বুধের চৌম্বকক্ষেত্র সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাবে। একই সঙ্গে কীভাবে এই চৌম্বকক্ষেত্র তৈরি হয়, সে সম্পর্কেও বিজ্ঞানীরা আরও ভালো ধারণা পাবেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ, কী ভাবছে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ, কী ভাবছে ওয়াশিংটন

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে যত দ্রুত সম্ভব ইরানে যৌথ সামরিক অভিযানের জন্য চাপ দিচ্ছেন। এই তথ্য রোববার (২১ নভেম্বর) ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর বরাত দিয়ে জানা গেছে, যা বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের চাপ সত্ত্বেও তিনি এখনও ইরানে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট আপাতত তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনিচ্ছুক বলেও জানা গেছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে ইসরাইলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, ইরানে নতুন করে ইসরাইলের যেকোনো আক্রমণ লেবানন, সিরিয়া ও গাজাসহ বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সময়ে ইসরাইল ওয়াশিংটনের ওপর যৌথ অভিযান চালানোর জন্য চাপ বাড়াচ্ছে এবং ইরানের পক্ষ থেকে কোনো আকস্মিক হামলার আশঙ্কায় নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের ধারণা, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষে আগামী কয়েক দিনের মধ্যে হামলার অনুমোদন দেয়ার সম্ভাবনা কম। কারণ, বর্তমান সময়টিকে মার্কিন স্বার্থের অনুকূল বলে মনে করছে না প্রশাসন।

রোববার ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি নতুন বছরের আগে ইরানে কোনো হামলার নির্দেশ দেয়ার পক্ষে নন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ২০০ পথশিশুকে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


ঢাবিতে ২০০ পথশিশুকে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি)-এর সহযোগিতায় ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডব্লিউবিএস) ও নবোদ্যম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উপকারভোগী শিশুরা মূলত নবোদ্যম ফাউন্ডেশন পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেভ দ্য স্কুল’-এর হাকিম চত্বর শাখা, হাইকোর্ট শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থী। এছাড়া বিএনপি বাজার বস্তির সুবিধাবঞ্চিত শিশুরাও এ সহায়তা পেয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি শিশুর হাতে একটি করে বিশেষ সহায়তা প্যাকেজ তুলে দেওয়া হয়। এর মধ্যে শীতকালীন সুরক্ষার জন্য কম্বল, মাফলার, শীতের টুপি ও মোজা; শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, বই ও পেন্সিল এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য সাবান, লোশন, তেল, তোয়ালে, চিরুনি, টুথব্রাশ ও টুথপেস্টসহ প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়। উপকরণ বিতরণের পাশাপাশি শিশুদের জন্য গরম খাবারেরও ব্যবস্থা করেন আয়োজকরা।

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রতিনিধিরা জানান, প্রতিটি শিশুর জন্য আনন্দময়, নিরাপদ ও সম্ভাবনাময় শৈশব নিশ্চিত করার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন শীতে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ধরে রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৫২১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৫২১

রাজধানীতে গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে ৫২১ জনকে আটক করেছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃতদের মধ্যে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটককৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১, লালবাগ বিভাগ থেকে ৪৪, ওয়ারী বিভাগ থেকে ৭০, মতিঝিল বিভাগ থেকে ৫৭, তেজগাঁও বিভাগ থেকে ৬৩, মিরপুর বিভাগ থেকে ১৫০, গুলশান বিভাগ থেকে ৩৩, উত্তরা বিভাগ থেকে ৫৭ এবং গোয়েন্দা বিভাগ থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইলফোন এবং একজন ভিকটিম।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%