ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

গোদাগাড়ীতে পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, নৌবন্দর ঝুঁকিতে


গোদাগাড়ীতে পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, নৌবন্দর ঝুঁকিতে

রাজশাহীর গোদাগাড়ীর সুলতাগঞ্জে পদ্মা-মহানন্দা নদীর মোহনায় অবস্থিত একটি আন্তর্জাতিক নদীবন্দর বা নৌপ্রটোকল রয়েছে, যা অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ দ্বারা পরিচালিত হচ্ছে। এই বন্দরের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ময়া নৌবন্দরের নৌযোগাযোগ স্থাপন করা হয়েছে কয়েক বছর আগে।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি সুলতানগঞ্জ-ময়া পথে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। নৌবন্দরটির কার্যক্রম বর্তমানে সচল রয়েছে। আশপাশের উজান-ভাটির ২০ কিলোমিটার নদী এলাকা সুলতানগঞ্জ নৌবন্দরটির সীমানা হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। এই সীমানার সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে বিআইডব্লিউটিএ।

এদিকে, বিআইডব্লিউটিএ সুলতানগঞ্জ নৌবন্দর সন্নিহিত পদ্মা নদীর এলাকা থেকে বালু উত্তোলনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নৌপরিবহণ ও ভূমি মন্ত্রণালয়সহ রাজশাহীর জেলা প্রশাসনকে বালুমহালের ইজারা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। এর ফলে চলতি বছরে গোদাগাড়ী এলাকায় অবস্থিত পদ্মার ছয় মৌজা বালুমহালের ইজারা কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং বালুমহালটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে রাজশাহী জেলা মাটি ও বালু ব্যবস্থাপনা কমিটি তথা জেলা প্রশাসন। প্রতিবছর এলাকাবাসী পদ্মার নদী থেকে বালু উত্তোলন বন্ধের জন্য আন্দোলন করলেও তা কোন কাজে আসেনি।

আরও পড়ুন: সিলেটে আ.লীগের প্রচার সম্পাদকসহ ৩ নেতা গ্রেফতার

শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, বন্ধ বালুমহালটির সাবেক ইজারাদার মাম এন্টারপ্রাইজের মালিক আব্দুল মান্নাফ বালু উত্তোলন বন্ধ করেননি। বরং, বন্যার পানি নেমে যাওয়ার পর থেকেই নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভেকু দিয়ে উর্বর পলিমাটি কেটে সাবাড় করছেন। পাশাপাশি, পদ্মার উজানে সুলতানগঞ্জ থেকে ভাটিতে ফুলতলা পর্যন্ত ১০ কিলোমিটার নদী এলাকায় ড্রেজার নামিয়ে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছেন। রহস্যজনক কারণে বিআইডব্লিউটিএ এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। সুলতানগঞ্জ, সারাংপুর, ফরিদপুর, বিদিরপুর, প্রেমতলী প্রভৃতি এলাকায় বিশ্বরোডের ধারে বিশাল বিশাল বালুর স্তুপ এবং উচ্চু উচ্চু বালুর পাহাড় তৈরি করে রাখা হয়েছে। ভেকু দিয়ে ড্রাম ট্রাক, ট্রাক, টলি ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে বালু নিয়ে যাওয়া হচ্ছে।

অন্যদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন, গোদাগাড়ীর বিয়ানাবোনা, প্রেমতলী, বিদিরপুর ফুলতলা থেকে উজানে রেলবাজার, হাটপাড়া, সুলতানগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ নদীতট এলাকায় এবার উর্বর পলিমাটি পড়ে জমিগুলো উঁচু হয়েছে। এসব জমি নদীপাড়ের মানুষের। তারা কয়েক বছর ধরে বালুমহালটি বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। নতুন পলিবাহিত উর্বর মাটিতে ফসল আবাদের পরিকল্পনা ছিল তাদের; কিন্তু গত দুই মাস ধরে আগের ইজারাদার বালুমহালের দখল নিয়ে পলি কেটে উজাড় করছেন। ফুলতলাসহ চার-পাঁচটি পয়েন্ট দিয়ে প্রতিদিন কয়েক লাখ ঘনফুট বালু ও শতাধিক ট্রাক মাটি লোপাট হচ্ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, জেলা প্রশাসন বালুমহালটি বন্ধ ঘোষণা করার পর এবারের জন্য ইজারা দেয়নি। কিন্তু সাবেক ইজারাদার কিভাবে ভেকু, এক্সকেভেটর ও ড্রেজার নামিয়ে রাতদিন ২৪ ঘণ্টা বালু-মাটি লুট করছেন, তা এলাকার মানুষ জানেন না। তারা অবিলম্বে সাবেক ইজারাদারের এ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী জানান, গত বছরও সাবেক এই ইজারাদার ইজারার মেয়াদ শেষ হওয়ার পর তিন মাস পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি লুট করেছিলেন। এবারের জন্যও ইজারার শর্তাবলির তথ্য গোপন করে কোনো আদালত থেকে আদেশ এনেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রাম কমিটি গঠনের আহ্বান বিএনপির নুরুজ্জামান লিটনের

অন্যদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার এই বন্ধ ঘোষিত বালুমহালটির সাবেক ইজারাদার মাম এন্টারপ্রাইজের মালিক আব্দুল মান্নাফ গত জুলাই মাসে নিজেকে ক্ষতিগ্রস্ত দাবি করে হাইকোর্টে একটি রিট করেন। গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ সাবেক ইজারাদারকে পরবর্তী তিন মাসের জন্য বালুমহালের কার্যক্রম পরিচালনার অনুমতি দেন। এই আদেশের সময়সীমা আগামী ৬ নভেম্বর শেষ হওয়ার কথা। তবে সাবেক ইজারাদার কৌশলে আগের আদেশ বাড়িয়ে নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাবেক ইজারাদারকে বালু উত্তোলনের আদেশের কপি পেয়ে রাজশাহী জেলা মাটি ও বালু ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম গত ৭ সেপ্টেম্বর নৌপরিবহণ ও ভূমি মন্ত্রণালয়, চেয়ারম্যান বিআইডব্লিউটিএ, আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সলিসিটরসহ সংশ্লিষ্টদের কাছে জরুরি চিঠি পাঠান।

ওই চিঠিতে জেলা প্রশাসক স্পষ্ট করে লেখেন, সাবেক ইজারাদারের সঙ্গে ইজারা চুক্তি অনুযায়ী তিনি ২০২৫ সালের ১৪ এপ্রিল বা ১৪৩৩ বাংলা সনের ৩০ চৈত্র বালুমহালটি ভোগদখল করেছেন। চুক্তির বিভিন্ন শর্ত অনুযায়ী মেয়াদ শেষে এই বালুমহালের ওপর সাবেক ইজারাদারের কোনো অধিকার বহাল থাকে না। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দ্রুত সময়ে আপিল দাখিলের জন্য জেলা প্রশাসক নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, জেলা প্রশাসনের চিঠি পাওয়ার পর অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দ্রুত সময়ে আপিল দাখিলের সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত কার্যকর থেকে পিছিয়ে যায় রাজশাহীর একজন নেতার হস্তক্ষেপে। ওই নেতা গত মাসের শেষে খোদ বিআইডব্লিউটিএ সদর দপ্তরে হাজির হয়ে কর্মকর্তাদের আপিল দাখিল না করার জন্য চাপ প্রয়োগ করেন। শেষপর্যন্ত বিআইডব্লিউটিএর পক্ষে আপিল দাখিলে গড়িমসির কারণে সাবেক ইজারাদার একতরফা শুনানি করে বালু উত্তোলন অব্যাহত রাখার দ্বিতীয় আদেশ হস্তগত করেন।

আরও পড়ুন: শেখ হাসিনার উদ্দেশ্য দেশে ফেরা নয়, বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন: এমরান সালেহ প্রিন্স

পদ্মার ৬ মৌজা বালুমহাল এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম অভিযোগ করেছেন, সাবেক এই ইজারাদার গত বছর ইজারার মেয়াদ শেষ হওয়ার পর আরও তিন মাস অবৈধভাবে বালু ও মাটি লোপাট করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. বেলায়েত হোসেন জানান, হাইকোর্টের প্রথম আদেশটি পাওয়ার পরপরই জেলা প্রশাসন থেকে আইন মন্ত্রণালয়ের সলিসিটরসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়। কিন্তু কর্তৃপক্ষ আপিল দাখিলে কেন বিলম্ব করছেন, সেটা আমরা জানি না। জেলা মাটি ও বালু ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে বালুমহালটি বিলুপ্ত করা হয়েছে। এটির ওপর জেলা প্রশাসনের এখন কোনো নিয়ন্ত্রণ নেই। এটির কাস্টোডিয়ান এখন বিআইডব্লিউটিএ।

অন্যদিকে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দাখিলে রহস্যজনক গড়িমসির বিষয়ে জানতে চাইলে অভ্যন্তরীণ নৌপরিবহণ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব (পরিকল্পনা ও অপারেশন) মো. সাজেদুর রহমান বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ে তা দাখিল করা হবে। সব নথিপত্র প্রস্তুত করা হয়েছে।

ইজারা চুক্তির তথ্যাবলি গোপন করে বিভিন্ন আদালত থেকে আদেশ নিয়ে বালুমহালের কার্যক্রম চালানোর অভিযোগের বিষয়ে সাবেক ইজারাদার মাম এন্টারপ্রাইজের মালিক আব্দুল মান্নাফ জানান, তিনি আদালতের আদেশ নিয়ে কার্যক্রম করছেন। হাইকোর্ট তাকে বালু উত্তোলন ও পরিবহণসহ সব কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশে ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ

পদ্মা পাড়বাসী ও সচেতন মহল জানাচ্ছেন, নদী থেকে শুধু বালু উত্তোলনের জন্য কোটি কোটি টাকার নির্মিত বাঁধ, বসতবাড়ি, মসজিদ, ডিপটিউলসহ ঘর, রাস্তা, ফসলী জমি, দোকান নদীগর্ভে বিলীন হচ্ছে। তারা অবিলম্বে পদ্মা নদীর বালু উত্তোলন বন্ধের দাবী জানাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

অসুস্থদের মধ্যে অনেককে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ইসলাম ওই এলাকার বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা।

ছেলের মজলিস আয়োজনের জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ ওই অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অনেকের পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে একই অনুষ্ঠানে খাবার খাওয়া বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। কেউ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা সদর হাসপাতালে আবার কেউ উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

এদিকে একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। অসুস্থ স্বজনদের চিকিৎসা করাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে স্বজনদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে।

স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির কোনো ধরনের দূষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস জানান, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা যথা নিয়মে চলছে, আর যেসব রোগীর জটিলতা দেখা যাচ্ছে তাদেরকে গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য রেফার্ড করানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটখিলে শ্রমিক দল নেতা মো. রাসেল হত্যা: সাবেক স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


চাটখিলে শ্রমিক দল নেতা মো. রাসেল হত্যা: সাবেক স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের শ্রমিক দলের নেতা মো. রাসেল (৩৫) হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী মুক্তা বেগম, তার পরকীয়া প্রেমিক সেলিম এবং এক শ্যালিকাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবির একটি দল। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা এসআরবি সূত্রে জানা যায়, রাসেল হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে আসছিল। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে, পুলিশের একটি দল জেলা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সহযোগিতায় ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিহত রাসেলের সাবেক স্ত্রী মুক্তা বেগম (২৬), তার সাবেক স্ত্রীর কথিত প্রেমিক সেলিম (৩২) এবং শ্যালিকা নাদিয়া সুলতানা রত্না (২৪)।

শুক্রবার দুপুরে এসআরবি-১১ ব্যাটালিয়নের নোয়াখালী জেলা কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু সাংবাদিকদের ব্রিফিং করে এ বিষয়ে জানান, গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাখালীর সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মহাখালীর সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মহাখালীতে অবস্থিত সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ মহড়ার আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের নির্দেশনায় আজ সকাল ৮ টায় সাততলা বস্তিতে প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহড়ার সূচনাতে বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধের পদক্ষেপ, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের পদ্ধতি এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ প্রদর্শনী ও অনুশীলন অনুষ্ঠিত হয়।

পরে ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তি, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কার্যকরী মহড়া সম্পন্ন হয়। মহড়ায় বারিধারা ফায়ার স্টেশন, তেজগাঁও ফায়ার স্টেশন এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন অংশগ্রহণ করে।

মহড়া শেষে ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শরীফ ভূঁইয়া এবং ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বক্তব্য প্রদান করেন।

মহড়া পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন।

এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান, মো. আব্দুল মন্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে শিহাব হত্যা মামলার পলাতক আসামী হাবিবুল বাশার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


গোদাগাড়ীতে শিহাব হত্যা মামলার পলাতক আসামী হাবিবুল বাশার গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পলাতক আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০)-কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি'র একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার উদ্দেশ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠিত হয়েছে। এসআরবি নিয়মিতভাবে দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

গত ১২ নভেম্বর রাত ১১টায় এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার ১ নং মামলার হত্যা মামলার তদন্তে পলাতক আসামি রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে এসআরবি'র আভিযানিক দল রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০), পিতা- মোঃ ইব্রাহিম আলী, সাং- লস্করহাটি, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য, ২৭ অক্টোবর ভিকটিম শিহাব রানা অটো রিকশার মালিক বিপ্লবের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় ভিকটিম শিহাবের মা শিরিন আক্তার ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় একটি নিখোঁজ জিডি করেন, যার জিডি নং- ১৪২২।

এছাড়া, ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮ টার সময় গোদাগাড়ী থানার মোহনপুর ইউপির কলিপুর গ্রাম এলাকায় গোদাগাড়ী টু আমনুরা গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক কামরুজ্জামানের ধানী জমিতে তার লাশ পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%