শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫২ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে অনুষ্ঠিত এই দ্বিকপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা, এবং যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত মেডিক্যাল সিটির আওতায় উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির লক্ষ্যে আধুনিক মেডিকেল শিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার।
বৈঠকের পূর্বে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা, চিকিৎসাসেবা পরিচালনা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, উন্নত চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।
প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেন।
ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসাপ্রযুক্তি এবং চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগানো গেলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এএসএএএল (ASAAL)-এর সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন, যিনি নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তরুণ চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ মন্তব্য করেছেন যে, কালচারাল ফ্যাসিস্টরা এখনও আগের মতো সক্রিয় রয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার এবং বিরোধীদলীয় এমপি-মন্ত্রীদের কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে দেখা যাচ্ছে। ফ্যাসিবাদের দোসররা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আগের মতোই।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘লক্ষ সুরের বাংলাদেশ—তথ্য দূষণ করব শেষ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাবরুর রশিদ বান্নাহ বলেন, "আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বললে জঙ্গি বা রাজাকার ট্যাগ দেওয়া স্বৈরাচারের স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল।" তিনি আরও বলেন, এটিকে ফ্যাসিবাদের ক্যান্টনমেন্ট কালচারাল এরিয়া থেকে সাংস্কৃতিকভাবে বৈধতা দেওয়া হতো। তিনি উল্লেখ করেন, সেই কালচারাল ফ্যাসিজম এখনও প্রতিহত করা সম্ভব হয়নি এবং এটি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সবচেয়ে বড় সংকট।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিরোধী দলের অনেক প্রভাবশালী নেতাকেও কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, "এই ফ্যাসিবাদী গোষ্ঠীই অতীতে বহু মানুষের মা-বাবাকে জেলে রেখেছে এবং ভাই-বোনদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে।"
সাংস্কৃতিক ফ্যাসিবাদের শেকড় অত্যন্ত গভীরে প্রোথিত উল্লেখ করে তিনি বলেন, এটিকে রাতারাতি বা হুট করে পরিবর্তন করা অত্যন্ত কঠিন। ফ্যাসিবাদের সাংস্কৃতিক দুর্গের ভেতরে বসেই বাংলাদেশপন্থী সংস্কৃতিকর্মীদের ঝুঁকি নিয়ে লড়াই ও কাজ চালিয়ে যেতে হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যদি অন্তত পাঁচজন নতুন ও শক্তিশালী বাংলাদেশপন্থী তরুণ মুখ তৈরি করা সম্ভব হয়, তাহলে ভবিষ্যতে তা জ্যামিতিক হারে বেড়ে ১৫, ৩০-এ রূপ নেবে এবং সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে।
গুম-খুনের সঙ্গে জড়িতরা জুলাইপন্থী সংস্কৃতিকর্মী ও আইকনদের হিটলিস্ট তৈরি করছে বলেও মন্তব্য করেন এই নির্মাতা। তিনি বলেন, "ফ্যাসিবাদী সময়ে র্যাব, পুলিশ ও বিভিন্ন বাহিনীতে থেকে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, তারা স্বৈরাচারবিরোধী ব্যক্তিদের একটি হিটলিস্ট রেখে লাল দাগ দিয়ে চিহ্নিত করে রাখছে।" বর্তমান সময়েও এ ধরনের চিহ্নিত অপরাধী ও স্বৈরাচারের দোসরদের হুমকি অব্যাহত থাকা মারাত্মক উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, "কোনো গণহত্যাকারী বা ফ্যাসিবাদের সহযোগীকে এই দেশে ছাড় দেওয়া হবে না।" তিনি মীর মুগ্ধ, আবু সাঈদ কিংবা আনাসের আত্মত্যাগ ও রক্ত বৃথা যেতে পারে না বলেও মন্তব্য করেন। তিনি বলেন, "মানুষের মৃত্যুর সিদ্ধান্ত জমিনে নির্ধারিত হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে।" শহীদদের আদর্শকে ধারণ করে সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে সব ধরনের ফ্যাসিবাদী পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়া হবে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কামাল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুরকার ও সংগীতশিল্পী বাপ্পি খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি। এ সময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আসফ আকবর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ১৪টি ক্যাটাগরিতে মোট ২৭৩ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের জন্য জেএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।
সোমবার (৯ নভেম্বর) ব্যানবেইসের পরিচালক মোহাম্মদ মশিউর রহমানের স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যানবেইসের ঢাকা প্রধান কার্যালয়ে ১০টি পদে ২৩ জন এবং দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) চারটি ক্যাটাগরিতে ২৫০ জন নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), শিক্ষা মন্ত্রণালয়।
মোট পদসংখ্যা: ২৭৩টি।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
পদ ও যোগ্যতার বিবরণ
ব্যানবেইসের ঢাকা কার্যালয়
প্রধান কার্যালয়ে ১০টি ক্যাটাগরিতে মোট ২৩ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো—
১. ইলেকট্রিশিয়ান: ২ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা। এসএসসি বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
২. এসি মেকানিক: ১ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা। এসএসসি বা সমমান পাসের পাশাপাশি এসি সার্ভিসিংয়ের প্রশিক্ষণ বা সনদ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সার্ভার টেকনিশিয়ান: ১ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা। এসএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৪. ড্রাইভার: ২ জন। মাসিক সেবামূল্য ১৯ হাজার ৬৩৬ টাকা। এসএসসি বা সমমান পাসের পাশাপাশি হালকা বা মাঝারি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. লিফটম্যান: ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৬. ডেসপাচ রাইডার: ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। এসএসসি বা সমমান পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. মেসেঞ্জার: ২ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৮. নিরাপত্তাপ্রহরী: ৪ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। জেএসসি বা সমমান পাস হতে হবে। শারীরিক সক্ষমতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৯. পরিচ্ছন্নতাকর্মী: ৮ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। জেএসসি বা সমমান পাসের পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
১০. ফরাস: ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। জেএসসি বা সমমান পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
উপজেলা ইউআইটিআরসিইতে নিয়োগ
দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) চারটি ক্যাটাগরিতে ২৫০ জন নিয়োগ দেওয়া হবে।
১. নিরাপত্তাপ্রহরী: ১২৩ জন। মাসিক সেবামূল্য ১৬ হাজার ৬৭৩ টাকা। জেএসসি বা সমমান পাস এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. নিরাপত্তাপ্রহরী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকায়): ২ জন। মাসিক সেবামূল্য ১১ হাজার ১৭৫ টাকা। জেএসসি বা সমমান পাস, শারীরিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৩. পরিচ্ছন্নতাকর্মী: ১২৩ জন। মাসিক সেবামূল্য ১৬ হাজার ৬৭৩ টাকা। জেএসসি বা সমমান পাসের পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পরিচ্ছন্নতাকর্মী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকায়): ২ জন। মাসিক সেবামূল্য ১৭ হাজার ১৭৫ টাকা। জেএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১ জহির রায়হান সড়ক (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে অথবা ডাকযোগে পাঠানো যাবে। তবে ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং আবেদনপত্রের নমুনা ব্যানবেইসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সম্মেলন আয়োজন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এ কমিটির অনুমোদন দেন। কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আসিফ ইকবাল।
কেন্দ্রীয় নেতারা জানান, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে রাঙামাটি পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলার ১০টি উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।
পিসিসিপির কেন্দ্রীয় নেতাদের দাবি, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে জনসংখ্যার অনুপাতে সমান সুযোগের দাবি রয়েছে।
নেতারা বলেন, বাঙালি শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠিতভাবে কাজ করতে হবে। নতুন আহ্বায়ক কমিটি রাঙামাটির বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে কাজ করবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এর আগেও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে পিসিসিপি। নতুন জেলা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ