ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরগুনায় দেড় মাসেই ধসে দেড় কোটি টাকার বাঁধ


বরগুনায় দেড় মাসেই ধসে দেড় কোটি টাকার বাঁধ

নদীভাঙন থেকে জনপদ রক্ষার উদ্দেশ্যে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ ও বালুভর্তি জিও ব্যাগের কাজ শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যে পায়রা নদীর ভাঙনে ধসে পড়তে শুরু করেছে। কোথাও জিও ব্যাগসহ বাঁধের অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে, আবার কোথাও বড় বড় ফাটল দেখা দিয়েছে। ফলে যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। তালতলী উপজেলার অন্তত ১৫ গ্রামের মানুষ এখন ঝুঁকির মধ্যে রয়েছেন। অন্যদিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধের স্থায়ী পুনর্নির্মাণ না হওয়ায় বহু গ্রামের বাসিন্দা আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত পেলে তাঁদের উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়।

বরগুনার উপকূলীয় অঞ্চলে নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নতুন কিছু নয়। বিশেষ করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিলে স্থানীয়দের মনে অতীতের ভয়াবহ দুর্যোগের স্মৃতি ভেসে ওঠে। তাঁরা উদ্বিগ্ন থাকেন কবে নদীর পানি বাড়বে, দুর্বল বেড়িবাঁধ ভেঙে পড়বে, কিংবা সিডরের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। উপকূলের মানুষের রাতগুলো কাটে এই আশঙ্কায়।

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় এই আশঙ্কা এখন বাস্তবে রূপ নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় পাঁচটি প্যাকেজে ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজের চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজগুলো বাস্তবায়ন করে। যদিও সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল, অল্প সময়ের মধ্যেই প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: ঝালকাঠী বিএনপিতে আওয়ামী দালাল সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের সহ সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহনের দাবী

স্থানীয় তথ্য অনুযায়ী, সংস্কার করা বাঁধ ও জিও ব্যাগের প্রায় ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটার অংশে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। ফলে আসন্ন জোয়ার, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে বাঁধের আরও বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম মন্তব্য করেন, "বাঁধ নির্মাণের সময় থেকেই কাজের মান নিয়ে আমাদের আপত্তি ছিল। নদীর তীর থেকে মাটি কেটে বাঁধ তৈরি করা হয়েছে। এখন অল্প সময়ের মধ্যেই বাঁধে ফাটল ধরেছে, জিও ব্যাগ নদীতে চলে যাচ্ছে। জোয়ারের পানি বাড়লে আমাদের ঘরবাড়ি রক্ষা করা কঠিন হবে।"

একই এলাকার বাসিন্দা আমেনা বেগম বলেন, "আমাদের পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীর কাছেই। বাঁধ ভেঙে গেলে শুধু ঘরবাড়ি নয়, ধানের জমি ও মাছের ঘেরও পানিতে তলিয়ে যাবে। আমরা স্থায়ী বাঁধ চাই। প্রতিবছর আতঙ্ক নিয়ে বসবাস করতে চাই না।" স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং জিও ব্যাগে পর্যাপ্ত বালু না ভরার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নদীতীরবর্তী জনপদেও বেড়িবাঁধ নিয়ে দীর্ঘদিনের সংকট বিদ্যমান। জেলার আজগরকাঠি, মাঝেরচর, জিনতলা, পদ্মা, রুহিতার, পালের বালিয়াতলী, আগাপদ্মাসহ বিভিন্ন গ্রামের মানুষ বন্যা ও জলোচ্ছ্বাসের খবর পেলেই আতঙ্কিত হয়ে পড়েন। এসব এলাকায় নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়েছে। বিশেষ করে আজগরকাঠি এলাকায় নদীভাঙনের শিকার হয়ে অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন: মালিকপক্ষ প্রস্তাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেবে নিম্নতম মজুরি বোর্ড

স্থানীয়রা জানান, কয়েক যুগ আগে নদীভাঙনে ওই এলাকার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কিংবা নদীতীর সংরক্ষণে কার্যকর স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্বাভাবিক জোয়ারের সময়ও ঝুঁকি থাকে, আর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই আতঙ্ক বেড়ে যায়। তাঁদের আশঙ্কা, দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যেকোনো বড় দুর্যোগে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হতে পারে।

স্থানীয় সমাজসেবক সেলিম শাহনেওয়াজ বলেন, "নলটোনা ইউনিয়নের নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। আজগরকাঠি এলাকায় নদীভাঙনে অনেক পরিবার বসতভিটা হারিয়েছে। কয়েক যুগ আগে বেড়িবাঁধ নদীতে বিলীন হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি। নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের খবর পেলেই মানুষ আতঙ্কে থাকে। আমরা চাই, শুধু সাময়িক মেরামত নয়, নদীর গতিপ্রকৃতি ও এলাকার বাস্তবতা বিবেচনায় নিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ভাঙনপ্রবণ এলাকায় কার্যকর নদীতীর সংরক্ষণ করা হোক।"

তালতলীর তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ অন্তত ১৫টি গ্রামের মানুষের জীবন-জীবিকা এখন ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তার ওপর নির্ভরশীল। অন্যদিকে নলটোনার নদীতীরবর্তী গ্রামগুলোতেও একই ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। বাঁধ ভেঙে গেলে বসতভিটা, আমন ধানের ক্ষেত, ফসলি জমি ও মাছের ঘের প্লাবিত হওয়ার পাশাপাশি সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রশ্ন উঠেছে, দেড় কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই যদি বাঁধের এমন অবস্থা হয়, তাহলে নির্মাণকাজের গুণগত মান যাচাই হয়েছিল কীভাবে? কাজের পরিমাপ ও বিল পরিশোধের আগে যথাযথ তদারকি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে নলটোনার মতো দীর্ঘদিনের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ার কারণও স্পষ্ট হওয়া প্রয়োজন। সরকারি অর্থ ব্যয়ের পরও যদি জনপদ নিরাপদ না হয়, তাহলে প্রকল্প বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা হবে কীভাবে, এ প্রশ্নও সামনে এসেছে।

আরও পড়ুন: কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নিশাত ও সম্পাদক জামির নির্বাচিত

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, "তালতলীর ওই বেড়িবাঁধের কাজের সময় নদী বাঁধ থেকে দূরে ছিল। পরবর্তী সময়ে নদীর তলদেশে ভাঙন শুরু হওয়ায় জিও ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ওই এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই তীর সংরক্ষণের জন্য প্রকল্প প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আপাতত স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। অপরদিকে নলটোনা ইউনিয়নের বেড়িবাঁধের কাজ অতি দ্রুত যাতে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে।"

উপকূলের মানুষের দাবি, দুর্যোগের পর ত্রাণ কিংবা ক্ষতিগ্রস্ত বাঁধে সাময়িক মেরামত নয়, প্রয়োজন দুর্যোগের আগেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। তালতলীর সদ্য নির্মিত বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত, প্রকল্পের কারিগরি ও আর্থিক নিরীক্ষা এবং নলটোনার দীর্ঘদিনের অরক্ষিত জনপদে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অন্যথায় সরকারি কোটি কোটি টাকা ব্যয়ের পরও নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে মুক্তি মিলবে না উপকূলবাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোয় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


মেক্সিকোয় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার

মেক্সিকোর সামরিক বাহিনী একটি নাটকীয় অভিযানে কথিত মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে। ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেস, যিনি ‘এল চ্যাপো ইসিদ্রো’ নামে পরিচিত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর শীর্ষ ১০ পলাতক অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত। তিনি গুয়াসাভে ভিত্তিক অপরাধী চক্র ‘মেজা-ফ্লোরেস অর্গানাইজেশন’ বা ‘লস মাজাতলেকোস’-এর নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার, মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে এই অভিযান চলাকালীন তীব্র গোলাগুলি শুরু হলে বেসবল ম্যাচের দর্শকরা আতঙ্কে মাঠ ছেড়ে পালিয়ে যান।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায়, ‘গোপনীয়তা এবং আকস্মিকতা বজায় রেখে অভিজাত সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করে এবং গ্রেপ্তারের পর মেজা-ফ্লোরেসকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়।’

এফবিআই-এর ওয়ান্টেড পোস্টার অনুযায়ী, মেজা-ফ্লোরেস যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল এবং মারিজুয়ানা মজুদ, বিতরণ ও আমদানির জন্য অভিযুক্ত। তাঁকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য এফবিআই ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। পোস্টারে উল্লেখ করা হয়, ২০১৯ সালে মাদক পাচার আইন লঙ্ঘন ও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এবং ২০১২ সালে মাদক পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছিল। ২০১৩ সালের এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল, মেজা-ফ্লোরেস কার্টেল তাদের প্রতিদ্বন্দ্বী সিনালোয়া কার্টেলের সঙ্গে অত্যন্ত রক্তক্ষয়ী এলাকা দখলের লড়াইয়ে লিপ্ত ছিল; যে কার্টেলটির নেতৃত্বে তখন ছিলেন কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগ করছেন।

শুক্রবার মেক্সিকোর কৃষির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গুয়াসাভে এলাকায় মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তারের এই অভিযানকে কেন্দ্র করে মেক্সিকান সামরিক বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযান শুরু হওয়ার পরপরই কর্তৃপক্ষ গুলি ও বিস্ফোরক হামলার মুখে পড়ে এবং গ্রেপ্তারের স্থানের আশেপাশের বেশ কয়েকটি পৌরসভায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ সৃষ্টি করে।

সিএনএন কর্তৃক যাচাইকৃত নাটকীয় ফুটেজে দেখা গেছে, মেক্সিকান নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার গুয়াসাভে শহরের ওপর চক্কর দিচ্ছে এবং নিচের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ শহরে ফেডারেল কর্মীদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সিএনএন কর্তৃক অবস্থান নিশ্চিত করা ওই ফুটেজে দেখা যায়, স্থানীয় সময় শুক্রবার রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুরু হলে কুরোদা পার্ক স্টেডিয়ামের গ্যালারি থেকে বেসবল দর্শকরা হুড়োহুড়ি করে বেরিয়ে যাচ্ছেন।

আতঙ্কিত হয়ে এক ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘নিচু হও, মাথা নিচু করো, নিচে বসো, নিচে!’ এ সময় মানুষজনকে ব্যারিকেড টপকে পালাতে দেখা যায় এবং ক্যামেরার আড়ালে একটি শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। একটি অফিশিয়াল সম্প্রচারে দেখা গেছে, ম্যাচ চলাকালীন মাঝপথেই ‘ভেনাদোস দে মাজাতলান’ এবং ‘আলগোদোনেরোস দে গুয়াসাভে’ দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন। সম্প্রচারে ধারাভাষ্যকাররা দর্শকদের জানান, ‘খেলা স্থগিত করা হচ্ছে; মাঠের বাইরে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবকিছু ঠিক থাকে। একটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে, আমাদের জন্য এখন বিরতিতে যাওয়াই ভালো হবে।’

মেক্সিকোর প্রধান গ্রীষ্মকালীন পেশাদার বেসবল লিগ ‘২০২৬ লিগা মেক্সিকানা’র অংশ এই ম্যাচটি স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছিল। সহিংসতা শুরু হওয়ার সময় ব্যক্তিগত কাজে বাইরে থাকা এক স্থানীয় বাসিন্দা জানান, সশস্ত্র ব্যক্তিরা বেসরকারি হাসপাতালগুলো দখল করে নিয়েছে এবং কনভিনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশনসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে বলেন, ‘নির্ধারিত সময়ের অনেক আগেই যেসব দোকান নিরাপত্তার খাতিরে শাটার নামিয়ে দিয়েছিল, আমাকে তেমনই কিছু দোকানের ভেতরে আশ্রয় নিতে হয়েছিল। মানুষজন এখনো ভেতরে আটকা পড়ে আছে।’ তিনি আরও বলেন, ‘আমি যেখানে ছিলাম, ঠিক তার কয়েক মিটার দূর দিয়েই ভারী অস্ত্রে সজ্জিত বেসামরিক লোকজনের একটি গাড়িবহর গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।’

শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে সিনালোয়া অঙ্গরাজ্য সরকার গুয়াসাভের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং রাস্তায় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার অভিযানে ইন্টারএজেন্সি গ্রুপের কর্তৃপক্ষকে মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম ১০ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম ১০ দিনের রিমান্ডে

হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্ত্রী মমতা বেগম (২০) কে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন স্বামী মামুন মিয়ার (২৯) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন তার স্বজনরা।

ঘটনাটি ঘটে বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে, যেখানে মমতা allegedly তার স্বামীকে হত্যার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, পারিবারিক কলহের কারণে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে অচেতন করা হয়। এরপর শিল, চাকু ও লোহার স্টিক দিয়ে তার ওপর হামলা চালানো হয়। স্বজনদের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে চলা হামলায় মামুনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার একটি চোখ ও সামনের দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মামুনের হার্টবিট ৩৪-এ নেমে এসেছিল। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিন দিনেও জ্ঞান না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, মামুন ও মমতা প্রায় ৪/৫ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে রয়েছে তিন বছর বয়সী একটি ছেলে ও মাত্র দুই মাস বয়সী একটি কন্যাসন্তান।

ঘটনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে মমতাকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, মমতা ঘটনার দায় স্বীকার করেছেন। তবে এ ঘটনায় অন্য কেউ সহযোগিতা করেছিল কি না, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। সহযোগীর পরিচয় জানতে চাইলেও তিনি মুখ খুলছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, "মেয়েটি কেন তার স্বামীকে এভাবে কোপালো- বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন। এর আগেও পাশের রামনগরে এমন একটি ঘটনা ঘটেছে। নারীদের জন্য কাউন্সেলিং কর্মসূচি গ্রহণ করা উচিত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’: আইন ও এর মৌলিক ধারণা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’: আইন ও এর মৌলিক ধারণা

ভারতীয় সনাতন রীতির বিয়ের সঙ্গে জড়িত থাকে পুরোহিত, মন্ত্রপাঠ, অগ্নিসাক্ষী এবং ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান। যদি বিয়ের মূল ভিত্তি হয় দুজন মানুষের সম্মতি ও একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার, তাহলে প্রচলিত আনুষ্ঠানিকতার গুরুত্ব কতটুকু? প্রায় এক শতাব্দী আগে এই প্রশ্নটি তোলেন ভারতের তামিলনাড়ুর একটি সমাজসংস্কার আন্দোলন। সেই আন্দোলনের ফলস্বরূপ শুরু হয় ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’ বা আত্মমর্যাদার বিয়ের প্রচলন।

সম্প্রতি এই বিয়ের রীতি আলোচনায় আসে ভারতের সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানের বিয়ের মাধ্যমে। গ্রিসে বিয়ের পর গত ১১ নভেম্বর তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসে। ছবিতে দেখা যায়, তারা একে অপরকে মালা পরিয়েছেন এবং গলার হার বা চেন বিনিময় করেছেন। তবে প্রচলিত হিন্দু বিয়ের মতো পুরোহিত, অগ্নিসাক্ষী কিংবা মন্ত্রপাঠের কোনো ছবি দেখা যায়নি।

পরে জানা যায়, তারা ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’ রীতিতে বিয়ে করেছেন। স্থানীয় রাজনৈতিক দল ডিএমকের তথ্যপ্রযুক্তি শাখার সম্পাদক টিআরবি রাজা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনিরুদ্ধ ও কাব্য একে অপরকে মালা পরিয়েছেন। তাদের পরিবারের দুই জ্যেষ্ঠ ব্যক্তি দুজনের হাতে চেইন তুলে দেন। পরিবার ও বন্ধুদের আশীর্বাদে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। তারা অন্য কোনো প্রথা অনুসরণ করেননি।

কী এই সেলফ-রেসপেক্ট ম্যারেজ

সেলফ-রেসপেক্ট ম্যারেজের মূল কথা হলো, বিয়ের ক্ষেত্রে দুজন মানুষের স্বাধীন ইচ্ছা, সম্মতি ও সমান মর্যাদাই প্রধান। প্রচলিত ধর্মীয় আচার, পুরোহিত কিংবা দীর্ঘ আনুষ্ঠানিকতা এই বিয়ের জন্য অপরিহার্য নয়। যুগল নিজেরাই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণের ঘোষণা দেন। এ সময় আত্মীয়স্বজন, বন্ধু কিংবা পরিচিতজনেরা সাক্ষী হিসেবে উপস্থিত থাকেন। তাদের সামনে মালা, আংটি বা অন্য কোনো প্রতীক বিনিময়ের মাধ্যমে বিয়ের অঙ্গীকার করা হয়।

তামিল ভাষায় এই বিয়েকে বলা হয় ‘সুয়ামরিয়াথাই তিরুমানম’। এই রীতিতে নারী ও পুরুষের সমান অধিকার এবং ব্যক্তিস্বাধীনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতপাতের বিভেদ, সামাজিক বৈষম্য, পণপ্রথা ও পুরুষতান্ত্রিক বিবাহব্যবস্থার বিরোধিতাও এর অন্যতম ভিত্তি।

অর্থাৎ, এই বিয়ের ধারণায় বিবাহের স্বীকৃতির জন্য ধর্মীয় কর্তৃপক্ষ বা পুরোহিতের উপস্থিতি বাধ্যতামূলক নয়। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বেচ্ছায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াই এখানে মুখ্য।

যেভাবে শুরু হয়েছিল এই বিয়ের প্রচলন

সেলফ-রেসপেক্ট ম্যারেজের ইতিহাস ভারতের সমাজসংস্কারক পেরিয়ার ইভি রামস্বামীর সঙ্গে জড়িত। ১৯২৫ সালে তিনি তামিলনাড়ুতে ‘সেলফ-রেসপেক্ট মুভমেন্ট’ বা আত্মমর্যাদা আন্দোলন শুরু করেন।

বিংশ শতকের প্রথম ভাগে শুরু হওয়া এই আন্দোলনের লক্ষ্য ছিল জাতপাতের বিভেদ, সামাজিক বৈষম্য এবং নারীর ওপর চাপিয়ে দেওয়া পুরুষতান্ত্রিক নিয়মের বিরোধিতা করা। প্রচলিত বিবাহব্যবস্থাও ছিল আন্দোলনের সংস্কার-আলোচনার অন্যতম ক্ষেত্র।

পেরিয়ারের আন্দোলন থেকে প্রশ্ন ওঠে, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তাহলে তাদের বিয়ের স্বীকৃতির জন্য পুরোহিত কিংবা নির্দিষ্ট ধর্মীয় আচার কেন প্রয়োজন হবে? বিয়েতে পণপ্রথা এবং নারী-পুরুষের অসম অবস্থানের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হয়।

এই চিন্তা থেকেই এমন একটি বিবাহরীতির প্রচলন করতে চাওয়া হয়, যেখানে পাত্র-পাত্রীর সম্মতিই হবে প্রধান। ধর্মীয় আচার পালন না করেও দুজন মানুষ সামাজিকভাবে তাদের বিবাহিত জীবন শুরু করতে পারবেন।

১৯২৮ সালে প্রথম সেলফ-রেসপেক্ট ম্যারেজ অনুষ্ঠিত হয়। সেই বিয়েতে প্রচলিত ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসরণ করা হয়নি। যুগলের সম্মতিকে গুরুত্ব দিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আইনি স্বীকৃতি পায় ১৯৬৭ সালে

এই বিবাহরীতির ইতিহাসে ১৯৬৭ সাল গুরুত্বপূর্ণ। ওই বছর তামিলনাড়ুতে হিন্দু বিবাহ আইনে ৭এ ধারা যুক্ত করে সেলফ-রেসপেক্ট ম্যারেজকে আইনি স্বীকৃতি দেওয়া হয়।

এই ধারার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে দুই হিন্দু ব্যক্তির বিয়ে পুরোহিত কিংবা প্রচলিত ধর্মীয় আচার ছাড়াই সম্পন্ন করা যায়। অর্থাৎ, যুগল নিজেরা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণের ঘোষণা দিতে পারেন এবং সাক্ষীদের উপস্থিতিতে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

তবে এই আইনি স্বীকৃতির পরিধি সীমিত। হিন্দু বিবাহ আইনের ৭এ ধারা মূলত তামিলনাড়ুতে প্রযোজ্য। ফলে ভারতের অন্য রাজ্য কিংবা অন্য ধর্মের মানুষের বিয়ের ক্ষেত্রে এই ধারার সুবিধা সরাসরি প্রযোজ্য নয়।

অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের মধ্য দিয়ে তাই আবারও আলোচনায় এসেছে প্রায় এক শতাব্দী পুরনো এই বিবাহরীতি। যেখানে বিয়ের মূল ভিত্তি হিসেবে গুরুত্ব পেয়েছে দুজন মানুষের পারস্পরিক সম্মতি, স্বাধীনতা ও সমান মর্যাদা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইন ভারতের দিকে ঝুঁকছে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


ফিলিপাইন ভারতের দিকে ঝুঁকছে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে

ফিলিপাইন ভারতের কাছ থেকে আরো দুটি অস্ত্রব্যবস্থা কেনার বিষয়টি বিবেচনা করছে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। দেশটি পাঁচটির বেশি রেজিমেন্টের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (আকাশ) এবং কয়েকটি ব্যাটারি পিনাকা রকেট লঞ্চার কেনার পরিকল্পনা করছে। এর আগে ফিলিপাইন ভারতের তৈরি ব্রহ্মোস জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনেছিল। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানায়, নতুন অস্ত্র কেনার ফলে ফিলিপাইনের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে দেশটির সামরিক সহযোগিতা আরো গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের দুই সপ্তাহ আগে, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জানিয়েছিলেন, তার দেশ আরো ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে আগ্রহী। এ বিষয়ে ভারতের কাছে একটি প্রস্তাবিত তালিকা পাঠানো হয়েছে ম্যানিলা থেকে। তালিকায় ফিলিপাইনের ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষেপণাস্ত্রের কিছু বৈশিষ্ট্য পরিবর্তনের প্রস্তাবও রয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতের কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করা হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রতিরোধক্ষমতা আরো শক্তিশালী হবে। পাশাপাশি, ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সামরিক সম্পর্ক গড়ে তোলার ভিত্তিও তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%