সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৪:০৫ পি.এম
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ‘৯৬ ঘণ্টার মধ্যে’ ইরানের বিরুদ্ধে নতুন এবং সম্ভবত বৃহৎ সামরিক অভিযান শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
সূত্রগুলো জানাচ্ছে, হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। নতুন মার্কিন সামরিক অভিযানের উদ্দেশ্য কেবল ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা’ বা স্থিতিশীলতা বজায় রাখার চেয়ে অনেক বেশি বিস্তৃত হতে পারে। এর মধ্যে ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের শুরুতে ট্রাম্প পূর্ণাঙ্গ সামরিক অভিযান বন্ধ করার পর থেকে পরিস্থিতি অনেকটা এভাবেই চলছিল।
সিএনএন-কে এক কর্মকর্তা বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ হবে।’ সামরিক পরিকল্পনার অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত অন্যান্য বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারাও একই মত প্রকাশ করেছেন।
তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন, ট্রাম্প যে সামরিক অভিযানের নির্দেশ দেবেন তা নিশ্চিত, তবে প্রশ্ন হলো এটি কখন ঘটবে।
তাদের ধারণা, হামলা বছরের শেষ নাগাদ যেকোনো সময় ঘটতে পারে। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনাই বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজা সিটির শুজাইয়ায়, বাস্তুচ্যুতদের জন্য তৈরি আশ্রয়কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এই ঘটনার ফলে গৃহহীন ৮০০ ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হয়েছে।
ফিলিস্তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে ইসরাইল ক্যাম্পটিতে আগুন লাগায়।
মধ্যরাতের পরেও আগুন জ্বলতে থাকে এবং তাঁবুগুলো সম্পূর্ণরূপে পুড়ে যায়। এই তাঁবুগুলোতে প্রধানত নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা আশ্রয় নিয়েছিল।
মন্ত্রণালয় নতুন তাঁবু সরবরাহের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান সংগঠনটির সদস্যসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকেও সরে দাঁড়িয়েছেন। সোমবার, তিনি ব্যক্তিগত সিদ্ধান্তের কথা উল্লেখ করে ইতোমধ্যে সংগঠনের দায়িত্বশীলদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এদিকে, ২৩ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব চারজন থেকে কমিয়ে দুজনে নামিয়ে আনার প্রতিবাদে ২৪ অক্টোবর কড়া বিবৃতি দেয় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। আলেমদের ন্যায্য প্রতিনিধিত্ব ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সংগঠনটির এই অবস্থানের রেশ কাটতে না কাটতেই, সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগের ঘটনা নতুন আলোচনা সৃষ্টি করেছে।
যদিও তিনি পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন, কিন্তু সংগঠনের ঘোষিত অবস্থান ও চলমান প্রতিবাদের প্রেক্ষাপটে তার এই আকস্মিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স স্পষ্ট করেছে যে, সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারিত হবে নীতিগত দাবি, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত এবং সমগ্র আলেমসমাজের স্বার্থের ভিত্তিতে। রাজনৈতিক ও সাংগঠনিক পরিসরে আলেমদের যথাযথ প্রতিনিধিত্ব, আত্মমর্যাদা ও ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির প্রতিবাদ ও অবস্থান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম এবং তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা পারভিনসহ চার জনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৮ কোটি টাকা অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে। মামলার অন্য দুই আসামি মনিরুলের শ্যালক ও তার স্ত্রী।
রোববার, রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপ-পরিচালক মোজাম্মেল হক এই তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে কুয়েতের দুটি এনজিওর অর্থ আত্মসাৎ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগে এসবি অফিস থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের কারণে ইউসুফ হোসেন নামের এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার, উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এই ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ কনকাপৈত বাজারের নিকটবর্তী কনকাপৈত দক্ষিণ পাড়ার ব্যাংক কর্মকর্তা কাজী একরামের ছোট ভাই ছিলেন।
স্থানীয় সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার দুপুরে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত কাজী মো. ইউসুফ এলাকায় ইসলামী সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। তবে সম্প্রতি জীবিকার তাগিদে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ শুরু করেন।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গত দুই-তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের 'ফারিহা এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরচালকের সঙ্গে ইউসুফের বাকবিতণ্ডা হয়। ওই সময় আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজারের সীমানায় না যাওয়ার জন্য হুমকি দেন।
সোমবার সকালে কাজী ইউসুফ যখন আমজাদের বাজারে যান, তখন ফারিহা এন্টারপ্রাইজের আবুল কালাম আজাদ ও তাঁর সঙ্গীরা তাঁর ওপর হামলা চালান। হামলার ফলে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, ‘ইউসুফ হোসেন নামে অসুস্থ এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।’
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, ‘ট্রাক্টরে বালু লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়েছিল। সকালে আমজাদের বাজারে গেলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ