মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২২ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টিউশন ফি বৃদ্ধি, সেশনজট, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব, ইন্টারনেট সমস্যাসহ বিভিন্ন অব্যবস্থাপনার কারণে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আগ্রহ কমে যাচ্ছে। গত দুই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়নি। এর আগে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন মাত্র দুজন।
ফরেন সেল সূত্রে জানা গেছে, গত সাত বছরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডিতে মোট ২৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বর্তমানে অধ্যয়নরত রয়েছেন ১৭ জন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি শুরু হওয়ার পর ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ৮জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পিএইচডিতে একজন এবং অনার্সে একজন ভর্তি হয়েছেন, গত দুই বছরে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।
কয়েকজন বিদেশী শিক্ষার্থী জানিয়েছেন, ভর্তি সময় প্রতিশ্রুত সুবিধার অর্ধেকও পাচ্ছেন না। চার বছরের ভিসা নিয়ে এলেও সেশনজটে নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ না হওয়ায় ভিসা নবায়নে ভোগান্তি হচ্ছে। পাশাপাশি ভাষাগত সমস্যাও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে ফরেন সেলের কার্যকর অফিসের অভাব এবং প্রয়োজনীয় লোকবলের সংকটকে দায়ী করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দাবি, নির্দিষ্ট ও কার্যকর অফিস না থাকায় বিদেশি শিক্ষার্থীরা প্রয়োজনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে প্রয়োজনীয় সেবা ও দাপ্তরিক সহযোগিতা দিতে নানা জটিলতা তৈরি হচ্ছে। এসব অব্যবস্থাপনার কারণে দিন দিন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমছে।
গাম্বিয়া থেকে আসা ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ আর্থিক ও জীবনযাত্রার ব্যয়ের চাপ। অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে আবাসিক হলগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়মিত খাবার, মৌলিক স্বাস্থ্যসেবা ও মাসিক বৃত্তি প্রদান করা হয়, সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের খাবার, দৈনন্দিন জীবনযাপন ও চিকিৎসার খরচ নিজেদের পকেট থেকে বহন করতে হয়। পাশাপাশি, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও সামাজিকভাবে একীভূত হওয়ার সুযোগ-সহায়তার অভাবে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সময় নিজেদের স্বাগত ও সহযোগিতাপ্রাপ্ত মনে করা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের এমনভাবে বিবেচনা করে, যেন আমরা এখানে অস্তিত্বই রাখি না। এ সমস্যা সমাধানে বিদেশি শিক্ষার্থীদের সমস্যাগুলো সক্রিয়ভাবে সমাধানের জন্য একটি কার্যকর আন্তর্জাতিক প্রশাসন বা ফরেন অ্যাফেয়ার্স বিভাগ চালু করা প্রয়োজন। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তির ব্যবস্থা, আরও অন্তর্ভুক্তিমূলক আন্তঃসাংস্কৃতিক (ক্রস-কালচারাল) অনুষ্ঠান আয়োজন এবং শিক্ষক ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা উচিত।
এদিকে ফরেন সেলের কর্মকর্তা এস. এম. শাহদৎ হোসেন বলেন, স্ট্রাকচার অনুযায়ী ফরেন সেলের অফিস থাকলেও কার্যকর উপস্থিতি নেই। নির্দিষ্ট লোকবল না থাকায় বিদেশি শিক্ষার্থীরা প্রয়োজনের সময় দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে লোকবল, দাপ্তরিক ও অবকাঠামোগত সংকট রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা আবাসন। আবাসন সংকটের কারণে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি দেশীয় শিক্ষার্থীদের তুলনায় তাদের টিউশন ও হল ফিও বেশি। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের হল ফি প্রায় ছয় গুণ বেশি। এর সঙ্গে হলের মান, আলাদা ডাইনিং ও টিউটরের ব্যবস্থা না থাকায় তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ থাকলে ফরেন সেলকে আরও সক্রিয় ও কার্যকর করা সম্ভব। নির্দিষ্ট লোকবল নিয়োগ, প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য পৃথক ও কার্যকর সুযোগ-সুবিধা চালু করা গেলে বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং তাদের শিক্ষার পরিবেশ উন্নত করা সম্ভব হবে।
এবিষয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, আমি এখন আর ফরেন সেল এর পরিচালক নাই দায়িত্ব চেন্জ হয়েছে খুব তাড়াতাড়ি প্রশাসন কর্তৃক চিঠি দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাবা। কিছু সময় পরে, একই পথে মসজিদের দিকে যাচ্ছিলেন ছেলে। সড়কের পাশে পড়ে থাকা একটি মরদেহ দেখে তিনি থমকে দাঁড়িয়ে যান। কাছে গিয়ে দেখেন, সেটি তারই বাবা শাহাদাত হোসেন।
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এই শিক্ষক নিহত হওয়ার পর, তার ছেলে রেজাউল ইসলাম এমন হৃদয়বিদারক দৃশ্যের মুখোমুখি হন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার করিমপুর গ্রামের ওসমান ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহাদাত হোসেন (৭৫) বাঘারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুরের টঙ্গীর হারবাইদ মাধ্যমিক বিদ্যালয় এবং পরবর্তীতে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।
স্থানীয়দের মতে, ফজরের আজানের পর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন শাহাদাত হোসেন। যশোর-নড়াইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি মোটরযান তাকে ধাক্কা দেয়, ফলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মারা যান।
ঘটনার কিছুক্ষণ পর, তার ছেলে রেজাউল ইসলামও মসজিদের উদ্দেশ্যে বের হন। পথে সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি প্রথমে চিনতে না পারলেও, কাছে গিয়ে বুঝতে পারেন, সেটি তার বাবা শাহাদাত হোসেন।
শিক্ষকতার পাশাপাশি, তিনি করিমপুর গ্রামে ‘অগ্রদূত সমবায় সমিতি’ গড়ে তোলাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন সমাজহিতৈষী ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে ডেঙ্গু রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৪ জন।
এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জন মারা গেছেন।
এছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য উপস্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৩৬ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৬৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩৮ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪, রংপুরে ৩৪ এবং সিলেটে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির এবং ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন।
মঙ্গলবার, জেলা প্রশাসন এবং রাজদেবোত্তর এস্টেটের সহযোগিতায় ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন রাষ্ট্রদূত। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও এবং প্রটোকল অফিসার ক্লারিয়ান।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন যখন মন্দির প্রাঙ্গণে পৌঁছান, তখন তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়। পরবর্তীতে, রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে ট্রাস্টি ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং এজেন্ট রনজিৎ কুমার সিংহের নেতৃত্বে কমিটির সদস্য ডা. ডিসি রায়, রতন সিং ও বিমল চন্দ্র দাস রাষ্ট্রদূতকে ফুলের তোড়া, উত্তরীয়, ক্রেস্ট এবং লোকসংস্কৃতি খচিত ব্যাগ উপহার দেন।
ডা. ডিসি রায় রাষ্ট্রদূত এবং তাঁর সফরসঙ্গীদের কান্তজিউ মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক দিক সম্পর্কে অবহিত করেন এবং মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখান। পরবর্তীতে, রাষ্ট্রদূত রাজদেবোত্তর এস্টেটের পরিদর্শন বইয়ে তাঁর অনুভূতি লিপিবদ্ধ করেন।
ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে, মল্লিকা দাস এবং তাঁর সঙ্গীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত এবং তাঁর সফরসঙ্গীদের বরণ করে নেন। এছাড়া, মন্দির প্রাঙ্গণে পৌঁছালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে, রাষ্ট্রদূত মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম, রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঝহারুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, প্রত্নতাত্ত্বিক বিভাগের রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং কান্তনগর প্রত্নতত্ত্ব কর্মকর্তা সিহাব হোসেন।
উল্লেখযোগ্য যে, কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরটি টেরাকোটার অনন্য কারুকাজের জন্য দেশ-বিদেশে ব্যাপকভাবে পরিচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট মহানগর বিএনপি তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন একটি কার্যালয় লাভ করেছে।
মঙ্গলবার সকালে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর তোপখানায় আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন।
এর আগে, দলের বিভিন্ন নেতার বাসা কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, "বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান। জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূরীকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই মূল লক্ষ্য।"
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে জনসমর্থন দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়া হচ্ছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ