ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়


আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টায় মহাখালীতে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে নিযুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান এবং স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ শাখা) ইমতিয়াজ হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

মারধরের ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, কাজী আহমেদ জাকি তার কার্যালয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন, এমন সময় ৮-৯ জন ব্যক্তি সেখানে প্রবেশ করেন। এরপর তারা তাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে মারধর শুরু করেন এবং ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘরে থাকা অন্য ব্যক্তিরা আগন্তুকদের বাধা দিয়ে বাইরে পাঠিয়ে দেন। পরে অধ্যাপক জাকি আবার গিয়ে তার চেয়ারে বসেন।

আইইডিসিআর পরিচালক সাংবাদিকদের বলেন, "সরকারি প্রতিষ্ঠানে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়েছে। আমি এখন কোনো মন্তব্য করতে চাই না, মন্ত্রণালয়ে যাচ্ছি।"

সংস্থাটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে পরিচালক নিজ কক্ষে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ড্যাবের কয়েকজন এসে পরিচালকের কক্ষে প্রবেশ করেন। এরপরই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

মারধরের অভিযোগ প্রসঙ্গে ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল সাংবাদিকদের বলেন, "ঘটনায় জড়িত দুই পক্ষই আমাদের লোক। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং এ ধরনের কোনো আচরণ সমর্থন করি না। যদি কেউ ড্যাবের নাম ব্যবহার করে অপকর্ম করে, তবে আমরা কড়া সাংগঠনিক ব্যবস্থা নেব।" তিনি আরও নিশ্চিত করেন যে, ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তি ড্যাবের সদস্য বলে তারা তথ্য পেয়েছেন।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

অন্যদিকে, ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, "অভিযুক্ত এবং ভুক্তভোগী দুজনই আমাদের সংগঠনের সদস্য। তবে অভিযুক্ত ছেলেটি আইইডিসিআরের একটি প্রজেক্টে কাজ করত, সম্প্রতি তার চাকরি চলে গেছে। এটা নাকি অন্য কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।" তিনি আরও বলেন, "তবে এ সরকারের সময় কাজী আহমেদ কী করে আগের সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তাদের সঙ্গে নিজের অফিসে বৈঠক করেন, তা-ও দেখার বিষয়।"

ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে আইইডিসিআর পরিচালকের কক্ষে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ডা. জাহিদের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাব সভাপতি ও মহাসচিব বরাবর উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, আইইডিসিআর একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, যা রোগের প্রাদুর্ভাব পর্যবেক্ষণ, গবেষণা পরিচালনা এবং জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারির দায়িত্ব পালন করে। বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের পর আইইডিসিআরের পরিচালক পদে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি তিনি হামের টিকার কার্যকারিতা নিয়েও গবেষণা করেছেন।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদমানের উপর আস্থা রাখছেন কোচ সালাহউদ্দিন, সেঞ্চুরির আশা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


সাদমানের উপর আস্থা রাখছেন কোচ সালাহউদ্দিন, সেঞ্চুরির আশা

মিরপুর টেস্টের প্রথম দিনে সাদমান ইসলাম নিজের পারফরম্যান্সে দারুণভাবে নজর কেড়েছেন। সেঞ্চুরির জন্য বাংলাদেশী ওপেনার মাত্র এক রান দূরে রয়েছেন।

বাংলাদেশের প্রথম পছন্দের ওপেনার হিসেবে সাদমানের ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার ক্ষেত্রে বিশ্বের অন্যান্য ওপেনারদের তুলনায় তাঁর পারফরম্যান্স এখনও সন্তোষজনক নয়।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আশা প্রকাশ করেছেন যে ওপেনার সাদমান ইসলাম নিয়মিতভাবে নিজের ইনিংসগুলোকে বড় করার ক্ষমতা বাড়াবেন।

৩২ টেস্টের ৬০ ইনিংসে সাদমান ১০টি অর্ধশতকের বিপরীতে মাত্র দুটি সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দলের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রানে পৌঁছানোর পর তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তিন অঙ্কের ঘরে পৌঁছালে এটি হবে তাঁর তৃতীয় সেঞ্চুরি।

সালাহউদ্দিন সাদমানের ধৈর্য ও উইকেটের অবস্থা বুঝে খেলার দক্ষতার প্রশংসা করেছেন। তাঁর মতে, বাঁহাতি এই ব্যাটার অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে কঠিন সময় পার করেছেন এবং এরপর নিজের মতো করে ইনিংস এগিয়ে নিয়েছেন।

দিনের খেলা শেষে সালাহউদ্দিন বলেন, “সে উইকেট খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং খুব বেশি ঝুঁকিপূর্ণ শট খেলেনি। কঠিন সময়টা পার করে এরপর নিজেকে ধরে রেখে ইনিংস খেলেছে।”

আলোস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়।

তবে সাম্প্রতিক এই ইনিংস থেকে সাদমান শিক্ষা নেবেন এবং ক্রিজে বেশি সময় কাটিয়ে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারবেন বলে আশাবাদী ব্যাটিং কোচ।

তিনি বলেন, “সে অনেক ভালো ও জোড়ালো কিছু অর্ধশতক করেছে, কিন্তু সেগুলোকে বড় করতে পারেনি। আশা করি, এই ইনিংস থেকে সে অনেক কিছু শিখবে এবং ভবিষ্যতে সেঞ্চুরি করা তার জন্য সহজ হবে।”

বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে ৪০০ রানের বেশি সংগ্রহ করবে বলেও বিশ্বাস করেন সালাহউদ্দিন। তবে ম্যাচের বাকি চার দিন থাকায় এখনো লড়াই সমানে সমান বলে সতর্ক করেছেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “আশা করি, এই উইকেটে আমরা ৪০০ রানের বেশি করতে পারব। তা করতে পারলে আমরা ভালো অবস্থানে থাকব।” পাঁচ দিনের পুরো খেলায় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই ভালো পারফরম্যান্স ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

উইকেটে বোলারদের জন্য সহায়তা থাকলেও বাংলাদেশের ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবে সামলেছেন বলে মনে করেন সালাহউদ্দিন। তবে ইনিংসের শুরুতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারলে স্বাগতিকরা আরও শক্ত অবস্থানে থাকতে পারত বলেও ইঙ্গিত দেন তিনি।

ম্যাচের গতিপথ নির্ধারণে বৃহস্পতিবারের প্রথম সেশন গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন এই কোচ। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

এদিকে, পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হওয়া তাওহীদ হৃদয় বৃহস্পতিবার আবার ব্যাটিং করতে পারবেন বলে আশা করছেন সালাহউদ্দিন।

ব্যাটারদের উন্নতির জন্য সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অবদানের কথাও স্বীকার করেন তিনি। সালাহউদ্দিন বলেন, গত এক বছরে আশরাফুলের করা কাজের সুফল এখন পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে বয়সভিত্তিক পর্যায়ে কোচিংয়ের মান উন্নত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সালাহউদ্দিন। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আগে তরুণদের মানসিকভাবে প্রস্তুত করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, “বয়সভিত্তিক পর্যায়ে খেলোয়াড়দের যেভাবে কোচিং করিয়েছি, সেখানে কোচ হিসেবে আমাদের ভুল ছিল। জাতীয় দলে আসার আগে খেলোয়াড়দের মানসিকভাবে কীভাবে প্রস্তুত করা যায়, তা নিয়ে আমাদের আরও সতর্কভাবে ভাবতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গের কারণে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪১২ জন বলে জানা গেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ২২২ জন। গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯০ জন এবং একই সময়ের মধ্যে, গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন। এই সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

চট্টগ্রামের চাঞ্চল্যকর দুই হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামেও পরিচিত, তাকে আলাদাভাবে মোট সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর মধ্যে নগরীর বায়েজিদে সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড এবং বাকলিয়ায় প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তারা আলাদাভাবে রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড শুনানি গ্রহণ করে। রিমান্ড শুনানির পর বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ডেভিড ইমনকে দুই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ নভেম্বরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনি জনসংযোগে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন এবং সঙ্গে থাকা সরোয়ার হোসেন বাবলাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় করা মামলায় ডেভিড ইমন অন্যতম এজাহারভুক্ত আসামি।

গত বছরের ৩০ মার্চ বাকলিয়ার অ্যাক্সেস রোডে জোড়া খুনের ঘটনাটি ঘটে। ওই দিন একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন এবং আরও দুজন আহত হন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষিকা তহুরা বেগমের বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


শিক্ষিকা তহুরা বেগমের বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ

হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটালেন বরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তহুরা বেগম।

গলায় পুষ্পমাল্য, হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার নিয়ে সুসজ্জিত গাড়িতে বাড়ির পথে রওনা হওয়ার আগে তার আবেগঘন বিদায়ী বক্তব্যে পুরো অনুষ্ঠানে পিনপতন নীরবতা নেমে আসে। সহকর্মী, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের অনেকের চোখে জল দেখা যায়। বিদায়ী এই শিক্ষিকা ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে বিদায় নেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তহুরা বেগমের অবসরজনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তব্যের একপর্যায়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। তার কান্নায় অনুষ্ঠানটির পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।

শিক্ষার্থীদের পাঠদান, নৈতিক শিক্ষা ও মানুষ হিসেবে গড়ে তোলার স্মৃতিগুলো তার বিদায়ী বক্তব্যে উঠে আসে। সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়ের কথা বলতে গিয়ে বারবার আবেগে কেঁদে ওঠেন এই শিক্ষিকা। তার বিদায়কে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিমাখা একটি পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম। এছাড়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ও মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাংবাদিক হামিদুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, "ম্যাডাম অত্যন্ত দক্ষ শিক্ষিকা ছিলেন। এই এলাকার মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীরা তার অবদান কখনো ভুলবে না।"

বিদায়ী বক্তব্যে শিক্ষিকা তহুরা বেগম বলেন, "বিদ্যালয়টি আমার অস্তিত্বের সঙ্গে মিশে গিয়েছিল। আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। বাকি জীবন লেখাপড়া ও পরিবারের সঙ্গে কাটাতে চাই।"

অনুষ্ঠান শেষে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফুল, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার দিয়ে তহুরা বেগমকে বিদায় জানান। দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসানে তার বিদায় শুধুমাত্র একটি কর্মজীবনের সমাপ্তি নয়, বরং সহকর্মী ও শিক্ষার্থীদের হৃদয়ে রেখে যাওয়া অসংখ্য স্মৃতির একটি আবেগঘন অধ্যায় হয়ে রইল।

ছবি: বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষিকা তহুরা বেগম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%