১১:৩২ পি.এম
দুর্গাপূজার ছুটি কাটানোর জন্য স্ত্রী ও সন্তানের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী। তিনি নরসিংদীর বাসায় রেখে গিয়েছিলেন জমি বিক্রির ৫০ লাখ টাকা, যা দিয়ে তিনি একটি ডাইং কারখানা কেনার পরিকল্পনা করেছিলেন। ছয় দিন পর ফিরে এসে দেখেন, জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা আলমারি ভেঙে টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুখন। শনিবার (২৪ অক্টোবর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন।
আরও পড়ুন: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ খুলনায়
জানা গেছে, সুখন গত পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে। নিজের ডাইং কারখানা করার স্বপ্নে গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা বাসার আলমারিতে রেখেছিলেন। কারখানা কেনার কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়েছিল।
সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, গত রোববার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে তারা বাসায় তালা দিয়ে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাতে ফিরে চাবি দিয়ে দরজা খুলতে না পেরে তাদের সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় ওই গ্রিল দিয়ে ভেতরে ঢুকে তারা ঘরের আসবাব ও জামাকাপড় ছড়ানো-ছেটানো এবং আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার খুঁজে পাননি।
সুখন চৌধুরী বলেন, জমি বিক্রির টাকা দিয়ে ডাইং কারখানা কেনার প্রস্তুতি প্রায় শেষ হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা টাকা ও স্ত্রীর গয়না নিয়ে যাওয়ায় তার সারা জীবনের স্বপ্ন ভেঙে গেছে।
ওসি এম আর আল মামুন বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
আরও পড়ুন: বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন