০৪:২১ এম
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুইজন উপ-পরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন।
ঘটনার পর আহত পুলিশ সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। তবে, পুলিশের পক্ষ থেকে ঘটনার ব্যাখ্যায় বলা হচ্ছে এটি একটি ভুল বোঝাবুঝি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তবে, এই অপ্রীতিকর ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানাচ্ছে না।
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে এই প্রতিবেদক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আহত ডিবি সদস্যদের চিকিৎসা নিতে দেখেন। পরে তারা হাসপাতাল ত্যাগ করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, "শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।"
আরও পড়ুন: বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, "ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটেছে।"
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম জানান, "পুরো ঘটনা জানি না। কর্মকর্তারা সেখানে গেছেন। বিস্তারিত জেনে পরে জানাব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন