০৮:৫৩ পি.এম
ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে ৫০ জন অসহায়বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং ৪০ টি বনজ বৃক্ষরোপণ করা হয়। এরপর বাল্যবিয়ে ও মাদককে না বলে লাল কার্ড প্রদর্শন করা হয়।
মানবিকতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাচ-৯৬। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় রূপগঞ্জের একটি পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়।
বেলা ১১টায় শুরু হওয়া এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। প্রচণ্ড শীতে যখন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের কষ্ট চরমে, ঠিক তখনই ৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসেন। স্থানীয় পথচারী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত ৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। একটি কম্বল হয়তো পুরো শীত তাড়াতে পারে না, কিন্তু সেই উষ্ণতার ভেতর লুকিয়ে থাকে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা। কম্বল হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে যে স্বস্তির হাসি ফুটে উঠেছিল, তা-ই ছিল আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।
আরও পড়ুন: যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন সভাপতি নয়ন, সম্পাদক রিফাত
মানবিক সহায়তার পাশাপাশি প্রকৃতির প্রতিও দায়িত্বশীলতার পরিচয় দেন শিক্ষার্থীরা। গোলাকান্দাইল-যাত্রামুড়া সড়কের বেড়িবাঁধে রোপণ করা হয় ৪০টি সেগুন বনজ বৃক্ষ। নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের প্রয়োজনীয়তা অপরিসীম, তেমনি বেড়িবাঁধের মাটি ও পরিবেশ সুরক্ষায় এসব বৃক্ষ রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়েই তাঁদের এই সবুজ প্রয়াস।
অনুষ্ঠানের আরেকটি তাৎপর্যপূর্ণ অংশ ছিল সামাজিক ব্যাধির বিরুদ্ধে অবস্থান। শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা একযোগে বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন করেন। সমাজের এই দুই গভীর ক্ষত তরুণ প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রতীকী প্রতিবাদ স্থানীয়দের মাঝে সচেতনতার নতুন ঢেউ তৈরি করেছে।
আরও পড়ুন: সরকারি স্কুলের শ্রেণিকক্ষে ১২ বছর ধরে শিক্ষিকার বসবাসের অভিযোগ
অনুষ্ঠানে উপস্থিত বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলী ও আবুল বাশার প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা যখন সমাজের কল্যাণে কাজ করে, তখন শিক্ষক হিসেবে তাঁদের পরিশ্রম সার্থক হয়।
আয়োজক কমিটির অন্যতম আব্দুল্লাহ আল মামুন, মাসুদুর রহমান মাসুদ, জহিরুল ইসলাম হৃদয়, সেলিম রেজা, মাহবুবুল আলম টিপু, ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন পর একত্রিত হওয়ার আনন্দকে তারা অর্থবহ করতে চেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন