০৯:০৪ পি.এম
বরগুনার তালতলী
বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়েছে। সেতুটি ভেঙে যাওয়ার ফলে দুই পাড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে হাজারো মানুষ ও শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সেতুটি খালে ভেঙে পড়ে।
তবে, এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় সংস্কার না করায় সেতুটির লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয় হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই সেতুর মাধ্যমে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিএন. এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত।
আরও পড়ুন: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা
সেতুটি ভেঙে যাওয়ার ফলে নয়াপাড়া ও মোমেশেপাড়া এলাকার সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলও বন্ধ হয়ে গেছে। এর ফলে তাদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী, যেমন মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম জানান, 'সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছি। আর এখন তো স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। তাই যাতায়াতের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানাচ্ছি।'
মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, 'রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।'
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, 'আপৎকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন (এস্টিমেট) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোলো নির্মাণের ব্যবস্থা করা হবে।'
আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন