ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সবুজ জ্বালানির প্রসারে গ্রামীণ অর্থনীতির উন্নতির আশাবাদ প্রকাশ করেছেন আমিনুল হক


সবুজ জ্বালানির প্রসারে গ্রামীণ অর্থনীতির উন্নতির আশাবাদ প্রকাশ করেছেন আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্তব্য করেছেন যে, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বায়োগ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, সবুজ জ্বালানির প্রসার, আর্থিক সহায়তা এবং স্থানীয় উদ্যোগের সমন্বয়ে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় স্থাপিত একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনকালে এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনের সময় তিনি বায়োগ্যাস প্ল্যান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। সেইসঙ্গে প্রকল্পের আওতায় নির্বাচিত সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণও করেন।

আরও পড়ুন: ‘স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দোসররা প্রার্থী হতে পারবেন না’

অনুষ্ঠানে জানানো হয়, বায়োগ্যাস ব্যবহারের ফলে একদিকে জ্বালানি ব্যয় কমানোর সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে এটি পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় দেওয়া ঋণ সহায়তা গ্রামীণ মানুষের আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন পথ উন্মোচন করছে।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার, আর্থিক সুবিধা এবং স্থানীয় উদ্যোগের সঠিক রূপায়ণে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলায় বিনিয়োগে নতুন কর্মসংস্থান ও প্রবৃদ্ধির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


খেলাধুলায় বিনিয়োগে নতুন কর্মসংস্থান ও প্রবৃদ্ধির সম্ভাবনা

খেলা কেবল জয়-পরাজয়, পদক বা বিনোদনের জন্য নয়। একটি ক্রিকেট ম্যাচ, ফুটবল টুর্নামেন্ট বা আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সঙ্গে জড়িত রয়েছে সম্প্রচার, বিজ্ঞাপন, স্পনসরশিপ, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, পরিবহণ, ক্রীড়াসামগ্রী উৎপাদন, প্রযুক্তি এবং কর্মসংস্থানের বিশাল বাজার। বিশ্বের অনেক দেশ খেলাধুলাকে এভাবে একটি শক্তিশালী অর্থনৈতিক খাতে পরিণত করেছে। বাংলাদেশেও এবার সেই সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির পরিকল্পনায় খেলাধুলাকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি খেলাধুলাকে পেশা, বিনিয়োগ ও আয়ের উৎসে পরিণত করা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি খেলাধুলার অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করেছেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায়ও ক্রীড়াকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের কথা জানিয়ে আসছেন।

বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের (বিএসএসএফ) সাধারণ সম্পাদক, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর)-এর চেয়ারম্যান এবং ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম খেলাধুলার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করছেন। তার বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের ক্রীড়ার প্রতি মানুষের বিপুল আগ্রহ থাকলেও সেটিকে এখনো সুসংগঠিত বাণিজ্যিক কাঠামোয় রূপ দেওয়া যায়নি। ক্রীড়াকে কেন্দ্র করে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ, ক্রীড়াসামগ্রী, প্রযুক্তি, পর্যটন ও স্বাস্থ্যসেবার বড় বাজার তৈরির সুযোগ রয়েছে। তিনি বলেন, "বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী, ক্রিকেট-ফুটবলে দর্শকদের আগ্রহ এবং নারী ফুটবলসহ বিভিন্ন খেলায় সাম্প্রতিক সাফল্যকে কাজে লাগানো গেলে ক্রীড়াকে ঘিরে বড় অর্থনৈতিক বাজার তৈরি করা সম্ভব।" এ ক্ষেত্রে ক্রিকেটের বাণিজ্যিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফুটবল, শুটিং, আর্চারি ও অন্যান্য খেলায় পরিকল্পিত বিনিয়োগ করতে হবে।

সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় ক্রিয়েটিভ ইকোনমি এখন একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় সৃজনশীল অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, গ্রিন ইকোনমি ও ব্লু ইকোনমিকে ভবিষ্যৎ আয়ের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেছেন। এসব খাতকে জাতীয় অর্থনীতির মূলধারায় নিয়ে আসার উদ্যোগের কথাও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, "সরকার সৃজনশীল অর্থনীতিকে কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।" একই সঙ্গে খেলাধুলাকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে পরিণত করা হবে, যাতে এটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও মর্যাদা বাড়ায় এবং জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

অর্থমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে সরকারের ক্রীড়াবিষয়ক অর্থনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়েছে। তিনি বলেন, "এ খাতের অবদান দেশের জিডিপির ২ থেকে ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।" ক্রীড়াকে বিনোদনের উৎস হিসেবে দেখার পাশাপাশি ইভেন্ট, গণমাধ্যম, মার্চেন্ডাইজিং, পর্যটন ও সেবার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সি প্রতিভাবান খেলোয়াড়দের বৃত্তি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

খেলাধুলার অর্থনৈতিক বিকাশের অন্যতম শর্ত হচ্ছে খেলোয়াড়দের জন্য পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্য সামনে রেখে কাজ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, "আগামী পাঁচ বছরের মধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।" তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে নতুন কুঁড়ি কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়েও ক্রীড়া প্রতিযোগিতা চালুর উদ্যোগ রয়েছে। নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ, শিক্ষা ও দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিক, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক জয়ের মতো সক্ষমতা অর্জনের আশাও প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রীর এসব বক্তব্যে খেলাধুলার দুটি দিক গুরুত্ব পেয়েছে। প্রথমত, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি। দ্বিতীয়ত, খেলাধুলাকে এমন একটি পেশায় রূপান্তর করা, যেখানে একজন খেলোয়াড় নিজের দক্ষতার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবেন। এ ছাড়া দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি এ মন্ত্রণালয়ের জন্য রেকর্ড বরাদ্দ। তবে আগের অর্থবছরে মূল বরাদ্দ ২ হাজার ৪২৩ কোটি টাকা থেকে সংশোধিত বাজেটে কমে ১ হাজার ৮০৪ কোটি টাকায় নেমেছিল। ফলে নতুন বরাদ্দের পাশাপাশি অর্থের কার্যকর ব্যবহার, প্রশিক্ষণ ও অবকাঠামোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

খেলাধুলার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করছেন সাকিফ শামীম। তিনি বলেন, "খেলাধুলাকে কেবল বিনোদন বা প্রতিযোগিতা হিসেবে দেখার সময় শেষ হয়েছে।" আধুনিক বিশ্বে এটি একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। এ খাতে বিনিয়োগ হলে খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচ, ফিজিওথেরাপিস্ট, স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, ইভেন্ট ব্যবস্থাপক, ক্রীড়া সাংবাদিক, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, সম্প্রচারকর্মী ও প্রযুক্তিবিদদের কর্মসংস্থান তৈরি হয়।

তিনি তাঁর বিশ্লেষণধর্মী লেখায় উল্লেখ করেছেন, বাজারসংশ্লিষ্টদের প্রাথমিক হিসাবে বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির বার্ষিক আকার ৫ হাজার থেকে ৭ হাজার কোটি টাকা হতে পারে। পরিকল্পিত বিনিয়োগ ও বাণিজ্যিক কাঠামো গড়ে তুলতে পারলে আগামী কয়েক বছরে এ বাজার ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের ক্রীড়া অর্থনীতির প্রকৃত আকার নির্ধারণে এখনো সমন্বিত সরকারি পরিসংখ্যান নেই। ফলে এসব হিসাবকে প্রাথমিক বাজার-অনুমান হিসেবেই বিবেচনা করতে হবে। বিশ্ব অর্থনীতির উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমে যুক্তরাজ্যের অর্থনীতিতে মূল্য সংযোজন হয়েছে ৯ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড। এ খাত থেকে কর এসেছে ৪ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ লাখ ৪ হাজার ৫০০ কর্মসংস্থান সমর্থিত হয়েছে। একই সময়ে ১১ লাখ বিদেশি দর্শক খেলা দেখতে গিয়ে দেশটিতে প্রায় ৯০৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছেন। সাকিফ শামীমের বিশ্লেষণে বিশেষ গুরুত্ব পেয়েছে শুটিং। তাঁর মতে, বাংলাদেশের প্রথম অলিম্পিক পদক অর্জনের সম্ভাবনা বিবেচনায় শুটিংকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। ২০১০ সালের সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের শুটার শারমিন আখতার রত্নার স্বর্ণপদক জয় এ খেলার সক্ষমতার প্রমাণ। তবে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের জন্য আধুনিক সরঞ্জাম, দক্ষ বিদেশি ও দেশীয় কোচ, উন্নত প্রশিক্ষণকেন্দ্র, ক্রীড়া বিজ্ঞান এবং নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশ্লেষকদের মতে, সরকারের ক্রিয়েটিভ ইকোনমি পরিকল্পনায় খেলাধুলাকে যুক্ত করার মধ্য দিয়ে একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে নীতিগত পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় থাকতে হবে।

প্রথমত, জাতীয় পর্যায়ে ক্রীড়া অর্থনীতির প্রকৃত আকার নির্ধারণ করতে হবে। ক্রীড়াসামগ্রীর উৎপাদন ও বিপণন, টিকিট বিক্রি, সম্প্রচার, বিজ্ঞাপন, পর্যটন, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সেবার অর্থনৈতিক অবদান পরিমাপের ব্যবস্থা প্রয়োজন। দ্বিতীয়ত, জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। অ্যাডহক কমিটির পরিবর্তে নিয়মতান্ত্রিক নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রতিষ্ঠা জরুরি।

তৃতীয়ত, সরকারি বিনিয়োগের পাশাপাশি করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি অংশীদার করতে হবে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, ক্রীড়া পর্যটন, সম্প্রচারস্বত্ব ও ডিজিটাল কনটেন্টের বাজার সম্প্রসারণ করতে হবে। চতুর্থত, ক্রীড়া কূটনীতিকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক ফেডারেশনগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিদেশি দল, কোচ ও প্রশিক্ষকদের সঙ্গে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সব মিলিয়ে সরকারের ক্রিয়েটিভ ইকোনমি ভাবনার সঙ্গে ক্রীড়ার অর্থনৈতিক সম্ভাবনা যুক্ত হওয়ায় নতুন একটি ক্ষেত্র উন্মোচিত হয়েছে। তবে ক্রীড়াকে অর্থনীতির শক্তিতে পরিণত করতে শুধু বাজেট বরাদ্দ কিংবা অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, বেসরকারি বিনিয়োগ, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ এবং খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর) "বাংলাদেশ কি গড়ে তুলতে পারবে শক্তিশালী স্পোর্টস ইকোনমি?" শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। ঐ প্রতিবেদনে বলা হয়, ক্রীড়া একটি জাতির পরিচয়, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক মর্যাদার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে আধুনিক বিশ্বে ক্রীড়ার গুরুত্ব এর চেয়েও অনেক বিস্তৃত। এটি এখন একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, যেখানে বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন, গণমাধ্যম, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের অসংখ্য সুযোগ তৈরি হচ্ছে। বিশ্বের অনেক দেশ ক্রীড়াকে আর নিছক বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখেনি; বরং জাতীয় অর্থনীতির একটি কার্যকর চালিকাশক্তি হিসেবে গড়ে তুলেছে। অথচ বাংলাদেশে ক্রীড়ার প্রতি মানুষের বিপুল আগ্রহ ও আবেগ থাকা সত্ত্বেও সেই আগ্রহকে একটি সুসংগঠিত অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তর করার উদ্যোগ এখনো সীমিত। আমাদের মাঠ আছে, প্রতিভা আছে, দর্শক আছে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের দৃষ্টান্তও আছে। কিন্তু ক্রীড়াকে ঘিরে একটি টেকসই বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে। সময় এসেছে ক্রীড়াকে জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করার। সিএসইআর এর চেয়ারম্যান সাকিফ শামীম কয়েকটি উদাহরণ দিয়ে ওই প্রতিবেদনে জানান, বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক ক্রীড়া অর্থনীতির আকার ২০২৫ সালে প্রায় ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বৈশ্বিক জিডিপির প্রায় ২ শতাংশ। পূর্বাভাস বলছে, ২০৩০ সালে এই বাজারের আকার ৩ দশমিক ৭ ট্রিলিয়ন এবং ২০৫০ সালে ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এর মধ্যে ক্রীড়াসামগ্রীর বাজারের আকারই প্রায় ৬১৪ বিলিয়ন ডলার। অর্থাৎ ক্রীড়ার অর্থনীতি এখন আর মাঠের ভেতরের প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে বিশাল উৎপাদন, বিপণন, সম্প্রচার, প্রযুক্তি ও সেবাভিত্তিক বাজার।

অবশ্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসাবের পদ্ধতি ও সংজ্ঞায় পার্থক্য রয়েছে। কোনো গবেষণায় সম্প্রচার, বিজ্ঞাপন ও স্পনসরশিপকে গুরুত্ব দেওয়া হয়, আবার কোনো গবেষণায় ক্রীড়া পর্যটন, সরঞ্জাম, অবকাঠামো ও সংশ্লিষ্ট সেবাকেও অন্তর্ভুক্ত করা হয়। তবে হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলেও একটি বিষয়ে মতভেদ নেই: বিশ্ব অর্থনীতিতে ক্রীড়ার বাণিজ্যিক গুরুত্ব দ্রুত বাড়ছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। ইওয়াইয়ের গবেষণা অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগ ও এর ক্লাবগুলো যুক্তরাজ্যের অর্থনীতিতে ৯ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডের মূল্য সংযোজন করেছে। এ খাত থেকে কর আদায় হয়েছে ৪ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ লাখ ৪ হাজার ৫০০ কর্মসংস্থান সমর্থিত হয়েছে। একই মৌসুমে ১১ লাখ বিদেশি দর্শক প্রিমিয়ার লিগের খেলা দেখতে যুক্তরাজ্যে গিয়ে প্রায় ৯০৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছেন। ১৯৯৮-৯৯ মৌসুমের তুলনায় এই অর্থনৈতিক অবদান বেড়েছে প্রায় ১৪ গুণ।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি পেশাদার ফুটবল লিগ কীভাবে একটি দেশের অর্থনীতির বহু খাতকে একসঙ্গে সক্রিয় করতে পারে। দর্শক মাঠে আসছেন, হোটেলে থাকছেন, পরিবহন ব্যবহার করছেন, রেস্তোরাঁয় খাচ্ছেন, পণ্য কিনছেন। একই সঙ্গে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও আন্তর্জাতিক বিপণনের মাধ্যমে বিপুল রাজস্ব তৈরি হচ্ছে। অর্থাৎ একটি ক্রীড়া প্রতিযোগিতা কার্যত একটি বৃহৎ অর্থনৈতিক ইকোসিস্টেমে পরিণত হয়েছে। সাকিফ শামীম বলেন,

দক্ষিণ এশিয়ায় ভারতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডব্লিউপিপি মিডিয়ার হিসাবে, ২০২৫ সালে ভারতের ক্রীড়া অর্থনীতির আকার দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজার ৮৬৪ কোটি রুপি বা ২ দশমিক ১৩ বিলিয়ন ডলার। চার বছরে এই বাজারের আকার দ্বিগুণ হয়েছে এবং আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। এর অর্ধেকের বেশি অবদান এসেছে গণমাধ্যম খাত থেকে। তবে এই বাজারের প্রায় ৮৯ শতাংশই ক্রিকেটনির্ভর।

অন্যদিকে, ক্যারিয়ার এজ রেটিংসের একটি বিস্তৃত হিসাবে ভারতের ক্রীড়া বাজারের আকার প্রায় ৫২ বিলিয়ন ডলার এবং জিডিপিতে এর অবদান আনুমানিক ০ দশমিক ৯ শতাংশ। গবেষণা দুটির হিসাবের আওতা এক নয়। কিন্তু উভয় ক্ষেত্রেই ভারতের ক্রীড়ার বাণিজ্যিক সম্ভাবনা এবং বাজার সম্প্রসারণের বিষয়টি স্পষ্ট।

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখিয়েছে, একটি পেশাদার ক্রীড়া প্রতিযোগিতাকে কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্র্যান্ডে পরিণত করা যায়। এর সাফল্যের পেছনে রয়েছে পেশাদার ব্যবস্থাপনা, সম্প্রচারস্বত্বের বাণিজ্যিক মূল্য, ফ্র্যাঞ্চাইজি কাঠামো, স্পনসরশিপ, দর্শকসম্পৃক্ততা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা হলো, আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া সাফল্যের পাশাপাশি শক্তিশালী বাণিজ্যিক ব্যবস্থাপনা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির প্রকৃত আকার কত, তা নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করার মতো কোনো সমন্বিত সরকারি পরিসংখ্যান এখনো নেই। দেশের জিডিপিতে ক্রীড়ার অবদান আলাদাভাবে পরিমাপ করা হয় না। ক্রীড়াসামগ্রীর উৎপাদন ও বিক্রি, স্টেডিয়াম নির্মাণ, টিকিট বিক্রি, সম্প্রচার, বিজ্ঞাপন, প্রশিক্ষণ, ফিটনেস সেবা এবং ক্রীড়া পর্যটনের অর্থনৈতিক কার্যক্রম বিভিন্ন খাতের মধ্যে ছড়িয়ে রয়েছে।

বাজারসংশ্লিষ্টদের আনুমানিক হিসাবে, বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির বার্ষিক মূল্য প্রায় ৫ হাজার থেকে ৭ হাজার কোটি টাকা। পরিকল্পিত বিনিয়োগ ও বাণিজ্যিক কাঠামো গড়ে তুলতে পারলে আগামী কয়েক বছরে এই বাজার ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ক্রীড়াসামগ্রীর বাজারের আকার আনুমানিক ১ হাজার থেকে দেড় হাজার কোটি টাকা, যেখানে বার্ষিক প্রবৃদ্ধি ৬ থেকে ১০ শতাংশ। এসব পরিসংখ্যানকে প্রাথমিক বাজার-অনুমান হিসেবে বিবেচনা করা উচিত, পূর্ণাঙ্গ জাতীয় হিসাব হিসেবে নয়।

তবে এই সীমাবদ্ধতাই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত বার্তা বহন করে। যে খাতের প্রকৃত আকার, আয়, কর্মসংস্থান ও বিনিয়োগের হিসাব নেই, সে খাতের জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করা কঠিন। তাই বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির প্রথম প্রয়োজন একটি নির্ভরযোগ্য পরিমাপব্যবস্থা। জাতীয় পর্যায়ে ক্রীড়া স্যাটেলাইট অ্যাকাউন্ট প্রতিষ্ঠা কিংবা একটি সমন্বিত অর্থনৈতিক জরিপের মাধ্যমে এই খাতের প্রকৃত অবদান নির্ধারণ করা জরুরি। বাংলাদেশে ক্রীড়ার বাণিজ্যিক কার্যক্রমের সবচেয়ে দৃশ্যমান ক্ষেত্র ক্রিকেট। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের ক্রীড়া অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ২০২৫ সালে অনুষ্ঠিত বিপিএলের ১১তম আসরে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে রেকর্ড…

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯, নিষিদ্ধ সংগঠনের ৭৪ জন অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯, নিষিদ্ধ সংগঠনের ৭৪ জন অন্তর্ভুক্ত

চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ৮১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ করা। গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৪ জনও রয়েছেন। একই সময়ে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩৫৯ জনকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের ফলস্বরূপ ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ৮১৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১, আগের মামলায় ১২৩, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৪, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ এবং পরোয়ানা মূলে ১০৩ জন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সাজা পরোয়ানায় ২১ জন, মাদক মামলায় ৫৮ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৩০টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৭ হাজার ৭০৯টি ইয়াবা, ৬০ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ছয় বোতল বিদেশি মদ ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে নয় জেলায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ২৯, চট্টগ্রামে ১৯, লক্ষ্মীপুরে ছয়, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালীতে চারজন করে, খাগড়াছড়িতে তিন এবং ফেনীতে একজন রয়েছেন।

কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৫৯ জনের মধ্যে ১৭০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৮১ জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, লক্ষ্মীপুরে ৩৫, কক্সবাজারে ২৮, নোয়াখালীতে ২৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, খাগড়াছড়িতে ১২, চাঁদপুরে ১১, রাঙামাটিতে আট ও বান্দরবানে সাতজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা

খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের একটি সরকারি আদেশের মাধ্যমে তাকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জারি করা ওই আদেশ অনুযায়ী, ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান জি এম আব্দুস ছালামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে অদক্ষতা, কর্তব্যে অবহেলা, অপরাধমূলক আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম, পরিষদের সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, নাগরিক সেবা প্রদানে প্রত্যাশিত মান বজায় না রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (গ) উপধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ৩৫(১) ধারার বিধান অনুযায়ী।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট আইনের ৩৫(১) ও (২) ধারা মোতাবেক ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করায় ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন

সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও চাকরি অব্যাহত রাখার জন্য ব্ল্যাঙ্ক চেকের আকর্ষণীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে দেশের মাটিতে গবেষণার স্বপ্ন নিয়ে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এই গবেষণার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সংস্থা The World Academy of Sciences (TWAS) কর্তৃক ২০২৬ সালের ‘TWAS–Atta-ur-Rahman Award in Chemistry’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ। তিনি বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন।

পরিবেশের নমুনায় জৈব দূষণ শনাক্তকরণের জন্য সেমিকন্ডাক্টর মেটাল অক্সাইড ন্যানোস্ট্রাকচার ব্যবহার করে সাশ্রয়ী নন-এনজাইমেটিক ইলেকট্রোকেমিক্যাল সেন্সর উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞানীদের গবেষণায় অবদান ও উৎকর্ষকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে TWAS-এর এই পুরস্কার বিশেষ গুরুত্ব বহন করে।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. আবু রাশেদ বলেন, "বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষকদের কাজ সাধারণ মানুষের কাছে সেভাবে পরিচিতি পায় না। এ অবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাঁর জন্য আনন্দের ও অনুপ্রেরণার।" তবে তিনি এককভাবে এ অর্জনের কৃতিত্ব নিতে চাননি। গত পাঁচ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও গবেষণাপত্র প্রকাশে অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, "গবেষণার পথে নানা প্রতিবন্ধকতা থাকলেও আমি কাজ চালিয়ে গেছি।" তাঁর লক্ষ্য হলো কম খরচে সহজ ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করা, যা খাদ্য ও পরিবেশে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশসহ বিভিন্ন দূষণ শনাক্তকরণে কাজে আসবে। ভবিষ্যতে দেশে গবেষণার পরিসর বাড়ানোর পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের ভৌত বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম মন্তব্য করেন, "ড. আবু রাশেদের এ অর্জন নিঃসন্দেহে মাভাবিপ্রবির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।" আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি শুধুমাত্র একজন গবেষকের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও একাডেমিক অগ্রগতির পরিচায়ক। তিনি বিশ্বাস করেন, তাঁর গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও র্যাঙ্কিং এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, "এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদেরও গবেষণায় আগ্রহী ও অনুপ্রাণিত করবে।" বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষকদের সহযোগিতায় প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আশা করেন, মাভাবিপ্রবির গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং তাঁদের গবেষণার সুফল দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগবে।

এদিকে, ড. আবু রাশেদের এ অর্জন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।

সৌদির প্রস্তাব ফিরিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ

ড. আবু রাশেদের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় সৌদি আরবের Najran University-তে গবেষক হিসেবে দায়িত্ব পালন করা। সেখানে Postdoctoral Research Fellow হিসেবে কাজ করার সময় তাঁর গবেষণার দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাঁকে সেখানে থেকে কাজ চালিয়ে যাওয়ার আকর্ষণীয় প্রস্তাব দেওয়া হয়।

তার বক্তব্য অনুযায়ী, এ প্রস্তাবে এমনকি ‘ব্ল্যাঙ্ক চেকের’ কথাও বলা হয়েছিল। তবে বিদেশে কাজের সুযোগ ও আর্থিক সুবিধার চেয়ে দেশে ফিরে দেশের ছাত্রদের নিয়ে গবেষণার মাধ্যমে অবদান রাখাকেই প্রাধান্য দেন তিনি। পরবর্তী সময়ে দেশে ফিরে মাভাবিপ্রবিতে গবেষণা কার্যক্রম চালিয়ে যান।

গবেষণা ও শিক্ষাজীবনে ড. আবু রাশেদ

ড. মো. আবু রাশেদের জন্ম ২১ মে ১৯৮৫ সালে মেহেরপুর জেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে রসায়নে স্নাতক (সম্মান) এবং ভৌত রসায়ন (ইলেকট্রোকেমিস্ট্রি) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে জাপানের Japan Advanced Institute of Science and Technology (JAIST) থেকে Materials Science বিষয়ে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে ২০১৬ সালে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালের ৩০ জুন থেকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে সৌদি আরবের Najran University-তে Postdoctoral Research Fellow এবং জাপানের JAIST-এ Visiting Researcher হিসেবে কাজ করেছেন।

তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র Electro-analytical Chemistry, Electrochemical Sensor, Surface Chemistry, এবং Photo-chemical Sensor। Google Scholar-এর তথ্য অনুযায়ী, তাঁর প্রকাশিত আন্তর্জাতিক গবেষণাপত্রের সংখ্যা ৫১ টি। এর মধ্যে ২৯ টি Q1 জার্নালে প্রকাশিত। গবেষণাপত্রগুলোর মোট উদ্ধৃতির সংখ্যা ১ হাজার ৫৩৬ এবং H-index ২৫। এ ছাড়া তাঁর নামে যুক্তরাষ্ট্রের চারটি পেটেন্ট রয়েছে।

এছাড়াও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি, United Group Research Award-2017 এবং মাভাবিপ্রবি Research Excellence Award-2026 ও Gold Medal 51 edition of Geneva Invention-2026 অর্জন করেছেন। তাঁর এ আন্তর্জাতিক অর্জন দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%