মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৩ পি.এম
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের একটি সরকারি আদেশের মাধ্যমে তাকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জারি করা ওই আদেশ অনুযায়ী, ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান জি এম আব্দুস ছালামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে অদক্ষতা, কর্তব্যে অবহেলা, অপরাধমূলক আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম, পরিষদের সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, নাগরিক সেবা প্রদানে প্রত্যাশিত মান বজায় না রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (গ) উপধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ৩৫(১) ধারার বিধান অনুযায়ী।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট আইনের ৩৫(১) ও (২) ধারা মোতাবেক ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করায় ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও চাকরি অব্যাহত রাখার জন্য ব্ল্যাঙ্ক চেকের আকর্ষণীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে দেশের মাটিতে গবেষণার স্বপ্ন নিয়ে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
এই গবেষণার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সংস্থা The World Academy of Sciences (TWAS) কর্তৃক ২০২৬ সালের ‘TWAS–Atta-ur-Rahman Award in Chemistry’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ। তিনি বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন।
পরিবেশের নমুনায় জৈব দূষণ শনাক্তকরণের জন্য সেমিকন্ডাক্টর মেটাল অক্সাইড ন্যানোস্ট্রাকচার ব্যবহার করে সাশ্রয়ী নন-এনজাইমেটিক ইলেকট্রোকেমিক্যাল সেন্সর উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞানীদের গবেষণায় অবদান ও উৎকর্ষকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে TWAS-এর এই পুরস্কার বিশেষ গুরুত্ব বহন করে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. আবু রাশেদ বলেন, "বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষকদের কাজ সাধারণ মানুষের কাছে সেভাবে পরিচিতি পায় না। এ অবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাঁর জন্য আনন্দের ও অনুপ্রেরণার।" তবে তিনি এককভাবে এ অর্জনের কৃতিত্ব নিতে চাননি। গত পাঁচ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও গবেষণাপত্র প্রকাশে অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, "গবেষণার পথে নানা প্রতিবন্ধকতা থাকলেও আমি কাজ চালিয়ে গেছি।" তাঁর লক্ষ্য হলো কম খরচে সহজ ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করা, যা খাদ্য ও পরিবেশে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশসহ বিভিন্ন দূষণ শনাক্তকরণে কাজে আসবে। ভবিষ্যতে দেশে গবেষণার পরিসর বাড়ানোর পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের ভৌত বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম মন্তব্য করেন, "ড. আবু রাশেদের এ অর্জন নিঃসন্দেহে মাভাবিপ্রবির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।" আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি শুধুমাত্র একজন গবেষকের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও একাডেমিক অগ্রগতির পরিচায়ক। তিনি বিশ্বাস করেন, তাঁর গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও র্যাঙ্কিং এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, "এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদেরও গবেষণায় আগ্রহী ও অনুপ্রাণিত করবে।" বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষকদের সহযোগিতায় প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আশা করেন, মাভাবিপ্রবির গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং তাঁদের গবেষণার সুফল দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগবে।
এদিকে, ড. আবু রাশেদের এ অর্জন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।
সৌদির প্রস্তাব ফিরিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ
ড. আবু রাশেদের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় সৌদি আরবের Najran University-তে গবেষক হিসেবে দায়িত্ব পালন করা। সেখানে Postdoctoral Research Fellow হিসেবে কাজ করার সময় তাঁর গবেষণার দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাঁকে সেখানে থেকে কাজ চালিয়ে যাওয়ার আকর্ষণীয় প্রস্তাব দেওয়া হয়।
তার বক্তব্য অনুযায়ী, এ প্রস্তাবে এমনকি ‘ব্ল্যাঙ্ক চেকের’ কথাও বলা হয়েছিল। তবে বিদেশে কাজের সুযোগ ও আর্থিক সুবিধার চেয়ে দেশে ফিরে দেশের ছাত্রদের নিয়ে গবেষণার মাধ্যমে অবদান রাখাকেই প্রাধান্য দেন তিনি। পরবর্তী সময়ে দেশে ফিরে মাভাবিপ্রবিতে গবেষণা কার্যক্রম চালিয়ে যান।
গবেষণা ও শিক্ষাজীবনে ড. আবু রাশেদ
ড. মো. আবু রাশেদের জন্ম ২১ মে ১৯৮৫ সালে মেহেরপুর জেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে রসায়নে স্নাতক (সম্মান) এবং ভৌত রসায়ন (ইলেকট্রোকেমিস্ট্রি) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে জাপানের Japan Advanced Institute of Science and Technology (JAIST) থেকে Materials Science বিষয়ে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে ২০১৬ সালে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালের ৩০ জুন থেকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে সৌদি আরবের Najran University-তে Postdoctoral Research Fellow এবং জাপানের JAIST-এ Visiting Researcher হিসেবে কাজ করেছেন।
তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র Electro-analytical Chemistry, Electrochemical Sensor, Surface Chemistry, এবং Photo-chemical Sensor। Google Scholar-এর তথ্য অনুযায়ী, তাঁর প্রকাশিত আন্তর্জাতিক গবেষণাপত্রের সংখ্যা ৫১ টি। এর মধ্যে ২৯ টি Q1 জার্নালে প্রকাশিত। গবেষণাপত্রগুলোর মোট উদ্ধৃতির সংখ্যা ১ হাজার ৫৩৬ এবং H-index ২৫। এ ছাড়া তাঁর নামে যুক্তরাষ্ট্রের চারটি পেটেন্ট রয়েছে।
এছাড়াও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি, United Group Research Award-2017 এবং মাভাবিপ্রবি Research Excellence Award-2026 ও Gold Medal 51 edition of Geneva Invention-2026 অর্জন করেছেন। তাঁর এ আন্তর্জাতিক অর্জন দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাচের বাক্সে সারি সারি পুতুলের অবস্থান। কারও গায়ে রঙিন ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, আবার কারও মাথায় বিশেষ টুপি দেখা যাচ্ছে। প্রতিটি পুতুলের সাজে ফুটে উঠেছে মালদ্বীপ, কাতার, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, কেনিয়া, আজারবাইজান এবং সেনেগালের ঐতিহ্য। পুতুলের এই বৈচিত্র্যময় পোশাকের মাধ্যমে বিশ্বসংস্কৃতির পরিচয় মেলে, পাশাপাশি কাঠের গাড়ি, লাটিম ও মার্বেলও গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সোনালি শৈশবের স্মৃতি তুলে ধরে।
সদর উপজেলার পূর্ব আকচায়, স্থানীয় উন্নয়ন সংস্থা ইএসডিওর উদ্যোগে গড়ে ওঠা 'লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের' লোকজ খেলনা গ্যালারিতে প্রবেশ করলে দর্শকদের সামনে এমন নান্দনিক ও মনোমুগ্ধকর দৃশ্য উন্মোচিত হয়। এক ছাদের নিচে দেশ-বিদেশের সংস্কৃতির এই মেলবন্ধন দর্শনার্থীদের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে।
বিশ্বসংস্কৃতির পরিচয় ও পুতুলের মেলা
গ্যালারির একটি নির্দিষ্ট অংশজুড়ে রয়েছে বাংলাদেশ ও ভারতসহ মোট ১০টি দেশের পুতুলের প্রদর্শনী। পুতুলের পোশাক, রঙ এবং সাজসজ্জার বৈচিত্র্য দর্শনার্থীদের নজর কাড়ছে। বইয়ের পাতায় পড়া ভিন্ন দেশের নাম ও সংস্কৃতিকে সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রিভারভিউ বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন আক্তার মন্তব্য করেন, ‘বইয়ে বিভিন্ন দেশের নাম পড়লেও এভাবে একসঙ্গে তাদের ঐতিহ্যবাহী পোশাক দেখার সুযোগ হয়নি।’
জাদুঘরের এমআইএস কাম-অ্যাকাউন্টেন্ট জীবন চন্দ্র রায় জানান, দর্শনার্থীরা যেন বিভিন্ন দেশের শিল্প, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রাথমিক ধারণা লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যে এ আন্তর্জাতিক পুতুলগুলো প্রদর্শন করা হচ্ছে।
দলবদ্ধ বসা পুতুলে গ্রামবাংলার পুরোনো স্মৃতি
আন্তর্জাতিক পুতুলের পাশাপাশি গ্যালারির অন্য একটি অংশে রয়েছে গ্রামীণ সমাজের পুরোনো পরিচিত দৃশ্য—দল বেঁধে বসে থাকা নারী-পুরুষের প্রতিকৃতি। গাছের ছায়ায় বা উঠানে বসে সুখ-দুঃখের গল্প এবং হাসি-ঠাট্টায় মেতে ওঠার সেই সামাজিক আবহাওয়া বর্তমান ডিজিটাল যুগে প্রায় হারিয়ে গেছে। বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত ফারজানা বলেন, ‘পুতুলগুলোকে একসঙ্গে বসে থাকতে দেখে মনে হচ্ছে তারা গল্প করছে। বড়দের মুখে শোনা সেই পুরোনো দিনের গ্রামীণ চিত্রের দেখা মিলল এখানে।’
লাটিম ও মার্বেলে ফিরে দেখা শৈশব
গ্যালারির লোকজ খেলনার অংশে সাজানো রয়েছে কাঠের খেলনা গাড়ি, ঠেলাগাড়ি, সুতলি প্যাঁচানো লাটিম এবং মার্বেল। এক সময়ের জনপ্রিয় এসব খেলনা নতুন প্রজন্মের কাছে যেমন কৌতূহলের বিষয়, তেমনি প্রবীণদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনে।
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক মন্তব্য করেন, এই জাদুঘরটি কেবল প্রদর্শনীর স্থান নয়; এটি অতীতকে জানা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা নেওয়ার এক চমৎকার ক্ষেত্র।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মনতোষ কুমার দে'র মতে, এই গ্যালারির পুতুলগুলো যেমন দূরের দেশের পরিচয় ফুটিয়ে তোলে, তেমনি লোকজ খেলনাগুলো আমাদের শিকড় ঠাকুরগাঁও এবং শৈশবের গল্প মনে করিয়ে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় দিনদুপুরে এক বাসার গেটের তালা খুলে দুর্বৃত্তরা স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম মঙ্গলবার (২৪ নভেম্বর) মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চুরির ঘটনা ঘটেছে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যে রায়েরবাজারের পাবনা হাউজ গলির একটি বাসায়।
থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, সোমবার পরিবারের সদস্যরা জীবিকার তাগিদে বাসা থেকে বের হয়ে যান। সর্বশেষ দুপুর আনুমানিক ১২টার দিকে পরিবারের একজন সদস্য বাসা থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফিরে এসে দেখেন, অজ্ঞাতনামা চোরেরা বাসার মূল ফটকের (গেট) তালা খুলে ভেতরে প্রবেশ করেছে। এ সময় ঘরের আলমারি ও ওয়ারড্রবের তালা খোলা এবং জামাকাপড়সহ অন্যান্য মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।
ভুক্তভোগী শরিফুল ইসলামের অভিযোগ অনুযায়ী, চুরি হয়েছে দুটি স্বর্ণের গলার চেইন, এক জোড়া হাতের বালা, তিন জোড়া কানের ঝুমকা এবং নগদ ৫০ হাজার টাকা।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির সত্যতা পাওয়া গেছে এবং ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফুটেজে সংরক্ষিত রয়েছে। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামাল কিংবা জড়িতদের কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দ্রুত জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের পীরগাছায় আনোয়ার হোসেন মিন্টুর রাজনৈতিক পরিচয় নিয়ে আওয়ামী লীগ, জামায়াত ও পুলিশের বক্তব্যে ত্রিমুখী বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে সন্দেহে আটক করলেও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ২০২৩ সাল থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী তাকে সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক দাবি করে আটকের নিন্দা জানিয়েছেন। এ ঘটনার পর শতাধিক জামায়াত নেতাকর্মী থানায় অবস্থান নিলে উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আদালতে পাঠানোর পর তিনি জামিন লাভ করেন।
মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন মিন্টুকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পীরগাছা সদর ইউনিয়নে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন মিন্টু পীরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে তাকে ঘোষণা করেছে দলটি। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। পরে শতাধিক নেতাকর্মী পীরগাছা থানায় উপস্থিত হয়ে অবস্থান নেন, ফলে উপজেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
জামায়াত নেতাদের দাবি, মিন্টু ২০২৩ সালের শুরুর দিকে দলটির বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। একই বছরের ৪ সেপ্টেম্বর সহযোগী সদস্য পূরণের মাধ্যমে তিনি সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
সাবেক শিবির নেতা শফিকুল ইসলাম বলেন, "আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে জামায়াতে যোগ দেওয়ায় মিন্টু সে সময় পুলিশ ও আওয়ামী লীগের কাছে ব্যাপকভাবে অপদস্ত হয়েছিলেন।" জামায়াতে যোগদানের পর যোগ্যতার ভিত্তিতে তিনি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুখানপুকুর কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। নির্বাচনের দিন ওই কেন্দ্রে শাপলা কলি প্রতীকের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
পীরগাছা উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালেব হোসাইন বলেন, ‘মিন্টু ২০২৩ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পীরগাছা ইউনিয়নের ১ নম্বর (সুখানপুকুর) ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে আওয়ামী লীগ নেতা সন্দেহে আটকের ঘটনায় আমরা উদ্বিগ্ন।’
অন্যদিকে, উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে মিন্টুর আটকের নিন্দা জানান। তাদের পোস্টে মিন্টুকে সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়। ফলে তার রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি দাবি দেখা দিয়েছে।
রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমেদ বলেন, ‘এখানে পাল্টাপাল্টির কিছু নেই। মিন্টু ২০২৩ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এর আগে তিনি আওয়ামী লীগ করতেন।’
এদিকে, স্থানীয়দের অভিযোগ, পীরগাছা থানার ওসি বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে সমঝোতা করে ৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মিন্টুকে আদালতে পাঠান।
পীরগাছা থানার ওসি জহুরুল হক বলেন, ‘গ্রেপ্তার আনোয়ার হোসেন মিন্টু আগে আওয়ামী লীগ করতেন, এখন জামায়াত করেন। এসআই শাহজাহান ওয়ারেন্ট তামিল করতে গিয়ে তার বিরুদ্ধে ৫১ ধারার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাঁকে জামিন দেন।’
নিজের রাজনৈতিক পরিচয় ও আটকের বিষয়ে আনোয়ার হোসেন মিন্টু বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে আমি আওয়ামী কৃষক লীগ থেকে পদত্যাগ করে দলটিতে যোগদান করি। সাম্প্রতিক সময়ে আমাকে ওয়ার্ড ইউপি সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ঘোষণা করায় আমার পূর্ববর্তী রাজনৈতিক কর্তৃপক্ষ আদর্শিকভাবে ব্যর্থ হয়ে আমাকে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে থানা পুলিশের মাধ্যমে আমি এই হেনস্তার শিকার হয়েছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ