ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তে নদীতীরের ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ নিষিদ্ধ


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তে নদীতীরের ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ নিষিদ্ধ

রাজধানীর চারপাশের নদনদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন কোনো সরকারি বা বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন আর দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সরকারের পরিকল্পনা নদীতীরের ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ করে ইনার সার্কুলার রোড নির্মাণ ও নদীদূষণ প্রতিরোধের। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাকে নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।

আগে নদীর সীমানা থেকে ৫০ মিটার দূরে অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল। তবে ৫০ থেকে ২৫০ মিটার দূরত্বের মধ্যে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনাপত্তিপত্র রাজউকে জমা দিতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নদীতীরের ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণের অনুমোদন বন্ধ করা হয়েছে। তবে ওই এলাকায় আগে নির্মিত ভবনগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করা হয়নি।

নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী আহসান সমকালকে জানান, আগে নদীর সীমানা থেকে ৫০ মিটারের মধ্যে অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল না। অথচ ওই সীমার মধ্যেই অনেক অবকাঠামো গড়ে উঠেছে। এমনকি নদীর জায়গাও দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেগুলো অপসারণ করা যায়নি। এখন ১০০ মিটারের মধ্যে আগে নির্মিত ভবনগুলোর কী হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়ন করা গেলে ভালো হবে, তবে সরকার তা বাস্তবায়ন করতে পারবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে তাঁর।

আরও পড়ুন: ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার ফোন যোগাযোগের অভিযোগ

রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সমকালকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নদীর সীমানা থেকে ১০০ মিটারের মধ্যে নকশা অনুমোদন বন্ধ করা হয়েছে। অনুমোদন ছাড়া অবকাঠামো নির্মাণ করলে সংশ্লিষ্ট সংস্থাগুলো পানি ও বিদ্যুতের সংযোগ দেবে না। এ ছাড়া রাজউক নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। তবে আগে নির্মিত ভবনগুলোর বিষয়ে এখনও সরকারের সিদ্ধান্ত পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার কার্যবিবরণী অনুযায়ী, গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদনদী ও তৎসংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্য নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সভায় নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ইনার সার্কুলার রোড নির্মাণ ও নদীদূষণ প্রতিরোধের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আরও পড়ুন: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পাঠ্যবইয়ের অর্ধেকের বেশি ছাপা সম্পন্ন, উপজেলা পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ এম


নতুন পাঠ্যবইয়ের অর্ধেকের বেশি ছাপা সম্পন্ন, উপজেলা পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষাবর্ষ শুরুর পূর্বে শিক্ষার্থীদের জন্য নতুন বই সরবরাহ ও ছাপার কাজকে ত্বরান্বিত করেছে। মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই চার স্তরে ছাপানো হচ্ছে। গত বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, অর্ধেকের বেশি বই ইতোমধ্যে ছাপা হয়ে গেছে।

প্রাক-প্রাথমিক স্তরের বইয়ের ছাপা ও সরবরাহ সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৭৭ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। এনসিটিবি জানায়, বিপুলসংখ্যক বই ছাপানোর তাড়া থাকলেও পাঠ্যবইয়ের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। বইয়ের কাগজ, মুদ্রণ, বাঁধাই এবং অন্যান্য গুণগত দিক যাচাইয়ের জন্য নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

এনসিটিবির লক্ষ্য হলো, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের সব বই দেশের প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে মুদ্রণ, বাঁধাই, মান যাচাই ও পরিবহন কার্যক্রম একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। তবে মাধ্যমিক স্তরের বই নির্ধারিত সময়ে ছাপিয়ে সরবরাহ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা সমকালকে জানিয়েছেন, "নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বই ছাপা ও সরবরাহের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৭৭ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। মাধ্যমিকের বই ছাপার কাজও পুরোদমে চলছে। আশা করছি, ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। এটি নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে।"

এনসিটিবির ১৬ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চার স্তরে বই ছাপানোর ক্ষেত্রে অগ্রগতির বড় ধরনের পার্থক্য রয়েছে। প্রাক-প্রাথমিকের কাজ সম্পন্ন হলেও প্রাথমিক ও ইবতেদায়ি স্তরে মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। অন্যদিকে, মাধ্যমিক স্তরের প্রায় এক-পঞ্চমাংশ বইয়ের মুদ্রণ ও বাঁধাই এখনও বাকি রয়েছে।

মাধ্যমিকের বই নিয়ে বেশি চাপ

২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে সবচেয়ে বেশি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই ছাপানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় মুদ্রণ ফর্মের ৮২.৩৭ শতাংশ ছাপা হয়েছে। বাঁধাইয়ের কাজ শেষ হয়েছে ৮০.২১ শতাংশ বইয়ের। মুদ্রণোত্তর পরিদর্শন বা পিডিআই কার্যক্রম সম্পন্ন হয়েছে ৭৭.১২ শতাংশ বইয়ের। নবম শ্রেণির বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি, যার জন্য পাঁচ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপানো হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল পদ্ধতির বইও ছাপা হচ্ছে।

এনসিটিবি সূত্র জানাচ্ছে, মাধ্যমিক স্তরের বই ছাপানোর কাজে একাধিক মুদ্রণ প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে। এর মধ্যে ৪৯টি প্রতিষ্ঠান তাদের নির্ধারিত কাজ সম্পন্ন করেছে। সামগ্রিকভাবে মুদ্রণ কার্যক্রম ৮২ শতাংশের বেশি এগিয়েছে। বাকি বইয়ের মুদ্রণ ও বাঁধাই দ্রুত শেষ করে উপজেলা পর্যায়ে পাঠানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রাথমিকের বইয়ে সন্তোষজনক অগ্রগতি

প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য মোট সাত কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই ছাপানো হচ্ছে। এ স্তরে প্রয়োজনীয় মুদ্রণ ফর্মের ৯৮.৬৩ শতাংশ ছাপা হয়েছে। বাঁধাই সম্পন্ন হয়েছে ৯৮.৪৬ শতাংশ বইয়ের। পিডিআই শেষ হয়েছে ৯৭.২৮ শতাংশ বইয়ের।

এনসিটিবির কর্মকর্তাদের মতে, গত ২৯ অক্টোবরের মধ্যে প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট বই ২০ নভেম্বরের মধ্যে পৌঁছানোর কথা ছিল।

প্রাক-প্রাথমিক স্তরের বইয়ের ক্ষেত্রে শতভাগ অগ্রগতি অর্জিত হয়েছে। এ স্তরের জন্য মোট ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বই ছাপানোর পরিকল্পনা ছিল। ইতোমধ্যে সব বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মাদ্রাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪ কপি বই ছাপানো হচ্ছে। এ স্তরে মুদ্রণ ফর্মের ৯৬.৯১ শতাংশ ছাপা হয়েছে, বাঁধাই সম্পন্ন হয়েছে ৯৩.৬৭ শতাংশ এবং পিডিআই সম্পন্ন হয়েছে ৯২.৩৪ শতাংশ বইয়ের।

চার স্তরে বইয়ের হিসাব

এনসিটিবির তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক—এই চার স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য আট কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি বই রয়েছে। ইবতেদায়ি স্তরের জন্য তিন কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য প্রায় ১৮ কোটি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে বলে এনসিটিবি সূত্র জানিয়েছে। তবে স্তরভিত্তিক বিস্তারিত অগ্রগতি প্রতিবেদনে প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের হিসাব পৃথকভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই ছাপানোর তথ্য রয়েছে।

মান নিশ্চিত করতে নজরদারি

এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস সমকালকে জানিয়েছেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সরাসরি কার্যক্রমটি তদারকি করছেন। তারা নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে বই পৌঁছে দেওয়ার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনোভাবেই যেন মানহীন বই শিক্ষার্থীদের হাতে না যায়, সে জন্য নিয়মিত পরিদর্শন ও নজরদারি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে বেরিয়ে ফের আগের ব্যবসায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ এম


মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে বেরিয়ে ফের আগের ব্যবসায়

ময়মনসিংহে অবৈধ মাদক ব্যবসা অব্যাহত থাকলেও মাদকবিরোধী অভিযান চলছে নিয়মিত। গত মে থেকে আগস্টের মধ্যে জেলার ১৪ থানায় সাত শতাধিক মাদক মামলা দায়ের হয়েছে। সমকাল অনুসন্ধান করেছে চারটি থানার ৫০টি মামলার বিস্তারিত তথ্য, যেগুলো হলো– ময়মনসিংহের কোতোয়ালি, ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা ও ত্রিশাল।

এই ৫০ মামলার মধ্যে ২৭টি নিম্ন ও জজ আদালত থেকে এবং ২০টি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে। ফলে ৪৭টি মামলার (৯৪ শতাংশ) আসামিরা কারাগার থেকে বেরিয়ে গেছেন। উল্লেখযোগ্য হলো, ৩২ মামলার (৬৪ শতাংশ) আসামিরা কারাগারে যাওয়ার দেড় মাসের কম সময়ের মধ্যে জামিন লাভ করেছেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় ২৮২টি মাদক মামলা হয়েছে। এর মধ্যে দুই শতাধিক মামলার এফআইআর কপি সংগ্রহ করে তথ্য বিশ্লেষণ করেছে সমকাল। এসব মামলায় ৪৪২ আসামি গ্রেপ্তার হয়েছেন। কোতোয়ালি মডেল থানায় ১৭ মামলায় ২৫৫ জন, মুক্তাগাছা থানায় ৩৪ মামলায় ৫৬, ত্রিশাল থানায় ৫১ মামলায় ৭০ এবং ঈশ্বরগঞ্জ থানায় ২৫ মামলায় ৪১ জন গ্রেপ্তার হয়েছেন। এফআইআর ও আদালতের কার্যক্রম বিশ্লেষণ করে দেখা গেছে, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর দ্রুত জামিন পেয়েছেন।

গত ১৩ মে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। মামলার এজাহার অনুযায়ী, নগরীর শম্ভুগঞ্জ মোড় থেকে মাসুম মিয়াকে পাঁচ কেজি এবং পাভেল মিয়াকে তিন কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পরদিন আদালত তাদের কারাগারে পাঠান। চার দিন পর ১৮ মে নিম্ন আদালতে এবং পরে ১০ জুন ময়মনসিংহ জজ কোর্টে তাদের জামিন নামঞ্জুর হয়। তবে আইনি লড়াই চালিয়ে ২৪ দিন পর ৫ জুলাই হাইকোর্ট থেকে জামিন পান তারা। বিচার চলাকালে এই মামলায় তারা ৫৩ দিন জেল খাটেন। জামিনে বের হয়ে তারা আবার একই পেশায় যুক্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তারা জানান, প্রতি কেজি গাঁজার জন্য গ্রেপ্তারের পর আইন অনুযায়ী কমপক্ষে এক মাস জেল খাটার বিধান রয়েছে। সেই হিসাবে মাসুম মিয়ার প্রাথমিক পর্যায়ে পাঁচ মাস এবং পাভেল মিয়ার তিন মাস জেল খাটার কথা ছিল। তবে দুজনই দুই মাসের আগে জামিন পেয়ে যান।

কোতোয়ালি মডেল থানার আরেক মামলায় গত ৮ জুলাই গ্রেপ্তার হন রবিউল ইসলাম ও সাজ্জাদ হোসেন। মামলার এজাহার অনুযায়ী, ময়মনসিংহ নগরের ব্যাট-বল চত্বর এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র আট দিনের মাথায় ১৬ জুলাই নিম্ন আদালত থেকে জামিন পান সাজ্জাদ।

অন্যদিকে, রবিউল হাইকোর্টের শরণাপন্ন হন। গত ১৬ আগস্ট হাইকোর্ট তাঁকে জামিন দেন। আদালত এ বিষয়ে একটি রুল জারি করেন এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, সাধারণত প্রতি পিস ইয়াবার জন্য গ্রেপ্তারের পর আসামিরা দুই থেকে তিন দিন জেল খাটেন। সেই হিসাবে ৬৫ পিস ইয়াবার জন্য সর্বনিম্ন দুই দিন ধরে হিসাব করলেও তাদের অন্তত ১৩০ দিন জেলে থাকার কথা। কিন্তু সাজ্জাদ মাত্র আট দিন এবং রবিউল ৩৮ দিনের মাথায় কারামুক্ত হন।

এদিকে ঈশ্বরগঞ্জ থানায় গত ২০ জুন ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন আমিনুল ইসলাম। গ্রেপ্তারের দুদিন পর নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হন তিনি। পরে ১৮ জুলাই জজ কোর্টেও তাঁর জামিন নামঞ্জুর হয়। শেষ পর্যন্ত গত ১৭ আগস্ট হাইকোর্টে গিয়ে এক বছরের জামিন পান তিনি। জামিন পাওয়ার পরপরই তিনি ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

একই থানায় গত ১০ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন রতন মিয়া। গ্রেপ্তারের পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। তিন দিন পর নিম্ন আদালতে এবং পরে ১৭ আগস্ট জজ কোর্টে তাঁর জামিন আবেদন নাকচ হয়। গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্টে গিয়ে তিনি জামিন পান। পুলিশ জানায়, ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কোনো আসামির প্রাথমিক অবস্থায় কমপক্ষে ২০০ দিন কারাগারে থাকার কথা। অথচ রতন মিয়া গ্রেপ্তারের ৬৪ দিন পর কারাগার থেকে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

জেলা ও রেঞ্জ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ মাদকবিরোধী অভিযানে নিয়মিত আসামিদের ধরে আদালতে সোপর্দ করলেও আইনের মারপ্যাঁচে অপরাধীরা দ্রুত বেরিয়ে আসছে। জামিনে মুক্ত হয়েই তারা আবার মাদক ব্যবসায় জড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মতে, জামিনের সহজ প্রক্রিয়া বন্ধে কঠোর নজরদারি না বাড়ালে মাদকের বিস্তার রোধ অসম্ভব।

যে ৫০ মামলার তথ্য বিশ্লেষণ করা হয়েছে সেখানে দেখা গেছে, ২৭টি মামলায় নিম্ন আদালত ও জজ কোর্ট থেকে আসামিরা জামিন পেয়েছেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন ২০টি মামলার আসামিরা, মাত্র দুটি মামলায় আসামিরা এখনও জামিন পাননি এবং বাকি একটি মামলার আসামি মারা গেছেন। এই ৫০ মামলার মধ্যে ২০টি মামলা অন্য আদালতে বিচারের জন্য বদলি হয়েছে, যার মধ্যে ১৯টি মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং অন্য একটি মামলা জজ কোর্টে বিচারাধীন রয়েছে।

৫০ মাদক মামলার মধ্যে আসামিরা দেড় মাসের কম সময়ে জামিন পেয়েছেন ৩২টিতে, ১৫টি মামলায় জামিন হয়েছে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে, বাকি তিনটি মামলার দুটির আসামি এখনও কারাগারে, অন্য মামলার আসামির মৃত্যু হওয়ায় সেটা বাতিল হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান গত অক্টোবরে রাজশাহীর একটি মাদক মামলায় সাক্ষী দিয়ে এসেছেন। ২০১৬ সালে ৬৮ কেজি গাঁজাসহ এক আসামি গ্রেপ্তার হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করে। এই মামলার সাক্ষ্য দিয়ে এসে উপপরিচালক লুৎফুর রহমান সমকালকে জানান, ১০ বছর আগের মামলার এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। তাঁকে আদালতে জেরা করা হচ্ছে। ১০ বছর আগে অভিযান চালানোর সময় কী ঘটনা ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখা সম্ভব না হওয়ায় সাক্ষ্য দিতে গিয়ে তাঁকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আবার এই মামলার বিচারকার্য শেষ হয়ে রায় হতে আরও বেশ কয়েক বছর সময় লাগতে পারে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা শাখার তথ্য বলছে, গত সেপ্টেম্বরে তারা ১৪৯টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ৯ হাজার ৬৬৬টি ইয়াবা, ৭৪ কেজি গাঁজা, ৫১ বোতল বিদেশি মদসহ বেশ কয়েক ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪৭টি মামলা হয়। অক্টোবরে অভিযান হয়েছে ১৩৮টি। অভিযানে পাঁচ হাজার ৫৯৪টি ইয়াবা, ৪৬ কেজি গাঁজা, প্রায় দেড় হাজার লিটার মদসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মামলা হয়েছে ৩৯টি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অভিযান ও মাদক উদ্ধারের পর থানায় নিয়মিত মামলা করে তাদের কারাগারে পাঠানো হলেও অদৃশ্য শক্তির বলে তারা মাত্র এক থেকে দুই মাসের মধ্যে মুক্তি পেয়ে ফের মাদক ব্যবসায় জড়াচ্ছেন।

ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, তদন্ত কর্মকর্তাদের দুর্বল অভিযোগপত্র, জব্দ তালিকায় ত্রুটি এবং সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির করতে না পারার সুযোগ নিয়েই আসামিরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে মাদক মামলাগুলোর তদন্ত নিখুঁত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও বিচার শেষ করতে হবে। এ ছাড়া চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ীদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আদালতে আরও কঠোর ভূমিকা পালন করা জরুরি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, শুধু পুলিশ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সবার সামাজিক দায়বদ্ধতা প্রয়োজন। মাদক ব্যবসায়ীরা যেন সহজে জামিন না পান, সে জন্য আইনজীবীদের তাদের পক্ষে কাজ না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিচারকার্যে দীর্ঘসূত্রতা এবং সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারির ওপরও তিনি জোর দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ এম


গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ নিহত

গোপালগঞ্জ, ২১ নভেম্বর, ২০২৬ : জেলায় সংঘটিত একটি দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং অন্যজন একই জেলার পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির মাহমুদ এ বিষয়ে বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ এম


যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুজনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের পর ভারি বৃষ্টির ফলে সৃষ্ট পানির স্রোতে দুজনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সান বার্নারডিনো কাউন্টির চিনো ক্রিক থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে শেরিফ বিভাগের ডুবুরিদল। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। কর্তৃপক্ষের ধারণা, উভয়েই গৃহহীন ছিলেন।

সান বার্নারডিনো কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র গ্লোরিয়া ওরেজেল জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টার আগে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে জানানো হয়, চিনো হিলসের চিনো এভিনিউ ও হাইওয়ে ৭১-এর কাছে একটি খালে দুজন মানুষ পানির স্রোতে ভেসে যাচ্ছেন।

পরে স্রোতে ভেসে যাওয়া ওই দুজন প্রায় তিন মাইল দূরে সেন্ট্রাল এভিনিউয়ের কাছে ঘন ঝোপঝাড় ও গাছের মধ্যে আটকে পড়েন। উদ্ধারকারীরা দড়ির সাহায্যে একজনকে নিরাপদে টেনে তুলতে সক্ষম হন। তবে নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার চিৎকার শুনতে পেলেও তীব্র স্রোতের কারণে উদ্ধারকারীরা তার কাছে পৌঁছাতে পারেননি।

পরে ঘটনাস্থল থেকে তিন মাইলেরও বেশি দূরে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওই নারীর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে আরেকজন পুরুষের মরদেহ পাওয়া যায়। তবে তাকে উদ্ধার করার আগে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় মৃত দুজনের নাম ছিল না বলে জানান ওরেজেল। তিনি আরও বলেন, নতুন করে আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে যাবেন উদ্ধারকারীরা।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সান বার্নারডিনো শহরে গৃহহীনদের একটি অস্থায়ী শিবির থেকে আরো দুইজনকে উদ্ধার করেছে কাউন্টি ফায়ার বিভাগ। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি কুকুর ও একটি বিড়ালকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

শেরিফ বিভাগের মুখপাত্র ওরেজেল জানান, নদী ও খালের আশপাশে অস্থায়ী শিবিরে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের বিশেষ দল রয়েছে। বড় ধরনের ঝড়ের আগে শেরিফের হেলিকপ্টার থেকে মাইকে সতর্কবার্তাও প্রচার করা হয়।

তিনি বলেন, ঝড়ের সময় বিপজ্জনক এলাকা থেকে সরে যাওয়ার জন্য উদ্ধারকারীদের নির্দেশের অপেক্ষা করা উচিত নয়। বরং আগেই নিরাপদ স্থানে চলে যেতে হবে। কারণ, এ ধরনের পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%