ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাবি শিক্ষার্থী হৃদয় আলী ২ দিন নিখোঁজ থাকার পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার


রাবি শিক্ষার্থী হৃদয় আলী ২ দিন নিখোঁজ থাকার পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলী নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে হৃদয়কে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হৃদয় বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে অবস্থিত। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে বসবাস করতেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হৃদয় একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ হৃদয়ের মুঠোফোন ট্র্যাক করে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নগরের শিরোইল কলোনি এলাকায় তার সবশেষ অবস্থান শনাক্ত করে। এরপর থেকে হৃদয়ের মুঠোফোনটি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: রাত পোহালেই ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস, আয়োজন নানা কর্মসূচির

শনিবার সকাল পৌনে ১২টার দিকে বড়াইগ্রামের ময়না গ্রামের ধানক্ষেতে স্থানীয় বাসিন্দারা হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও একটি চাবির রিং পাওয়া যায়। পরে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জানান। সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, ‘স্থানীয় এক ব্যক্তি ধানক্ষেতে পরিচয়পত্রসহ তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান জানান, ‘হৃদয় বর্তমানে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন। তাকে ফিরিয়ে আনতে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, পুলিশ ও বিভাগের শিক্ষকেরা নাটোরের উদ্দেশে রওনা হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি কিভাবে ঘটল, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।’

আরও পড়ুন: প্রতিষ্ঠার ৪৭ বছরেও এনালগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেবা সমস্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে অসহায় ছাত্রীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


শিবচরে অসহায় ছাত্রীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন ইউএনও

মাদারীপুরের শিবচরে অর্থের অভাবে চিকিৎসা করাতে অক্ষম এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। তার উদ্যোগের মাধ্যমে স্থানীয় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহযোগিতায় ১৫ বছর বয়সী জান্নাতুল আক্তারের গলার টনসিলের অস্ত্রোপচার বিনামূল্যে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে জান্নাতুলের অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে ইউএনও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

জান্নাতুল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আল-বাইতুল মামুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, আট বছর বয়সে জান্নাতুলের গলায় টনসিলের সমস্যা শুরু হয়। প্রথমে সমস্যা তেমন গুরুতর না হলেও গত পাঁচ-ছয় মাসে ব্যথা বৃদ্ধি পায়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। তবে আর্থিক সংকটের কারণে তার পরিবার চিকিৎসার খরচ জোগাড় করতে পারছিল না।

জান্নাতুলের বাবা ঢাকায় একটি রডের দোকানে শ্রমিকের কাজ করেন। পাঁচ সদস্যের পরিবারের খরচ চালাতে তার কঠোর পরিশ্রম করতে হয়। মেয়ের অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে না পেরে তার মা বিভিন্ন জায়গায় সাহায্য চান। কোথাও সাড়া না পেয়ে একপর্যায়ে ইউএনওর কাছে যান তিনি।

বিষয়টি জানার পর ইউএনও এইচ এম ইবনে মিজান জান্নাতুলের চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন। তিনি শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। তার অনুরোধে সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জান্নাতুলের পরিবারের সদস্যরা জানান, মেয়ের কষ্ট দেখে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো ব্যবস্থা করতে পারেননি। ইউএনওর সহযোগিতায় মেয়ের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, এজন্য তারা তার প্রতি কৃতজ্ঞ।

শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খান বলেন, ইউএনও বিষয়টি জানানোর পর তারা সহযোগিতায় এগিয়ে আসেন। সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চান তারা।

এইচ এম ইবনে মিজান কালের কণ্ঠকে জানান, মেয়েটির অসহায়ত্বের কথা জানার পর চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। এ কাজে সহযোগিতা করায় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইউএনও বলেন, সমাজে অনেক অসহায় রোগী রয়েছেন, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। এসব মানুষের পাশে দাঁড়াতে ক্লিনিক মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনাকে হুংকার দিয়ে রাখলেন সাবাহ কোচ ডাম্ব্রাউস্কাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


বার্সেলোনাকে হুংকার দিয়ে রাখলেন সাবাহ কোচ ডাম্ব্রাউস্কাস

নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষ হয়েছে। ক্লাব ফুটবল আবার মাঠে ফিরেছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৫ম রাউন্ড অনুষ্ঠিত হবে। ২৫ তারিখে আজারবাইজানের বাকুতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে সাবাহ। এই ম্যাচের প্রেক্ষাপটে সাবাহর কোচ ভালদাস ডাম্ব্রাউস্কাস মন্তব্য করেছেন, "আমরা দারুণ এক গল্প লিখব।"

সংবাদ সম্মেলনে ম্যাচের আগে এই লিথুয়ানিয়ান কোচ বলেন, "চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে আমরা কেবল উপলক্ষ্যটি উপভোগ করতে নয়, বরং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।" তবে তিনি মনে করেন, প্রতিপক্ষের খ্যাতি দেখে তার খেলোয়াড়দের ভয় পাওয়া উচিত নয়।

তিনি স্বীকার করেছেন যে ঘরোয়া লিগের ম্যাচের আগে মাঝে মাঝে স্নায়ুচাপে ভোগেন। তিনি বলেন, "এ ধরনের বড় ম্যাচগুলো উপভোগ করা উচিত।"

ডাম্ব্রাউস্কাস সাবাহ সমর্থকদের গ্যালারি ভরিয়ে তুলে এক বিশেষ আবহ তৈরি করার আহ্বান জানিয়েছেন। তিনি গুরুত্ব দিয়ে বলেন, "এই ঐতিহাসিক মুহূর্তটি পুরো ক্লাব এবং শহরের সবার।"

তিনি আরও বলেন, "আমি মনে করি এটি সমর্থক, আমাদের, খেলোয়াড়দের এবং স্টাফদের জন্য অনেক বড় একটি ম্যাচ। তাই চলুন আমরা একসাথে এটি উপভোগ করি, বিশ্বাস রাখি এবং আমাদের সবটুকু উজাড় করে দিই—মাঠে আমরা আর গ্যালারিতে আপনারা; এরপর দেখা যাক কী ঘটে।"

কোচ তার দলকে বার্সেলোনার বিপক্ষে অপ্রত্যাশিত কিছু করে দেখানোর বিশ্বাস রাখতেও উৎসাহিত করেন।

ডাম্ব্রাউস্কাস আরও যোগ করেন, "ফুটবল মাঝেমধ্যে দারুণ সব গল্প লেখে, তাই চলুন বুধবার আমরাও তেমন একটি গল্প লিখি।"

সাবাহর মিডফিল্ডার টিমোও তার কোচের এই উচ্চাকাঙ্ক্ষার সাথে একমত হয়ে স্প্যানিশ দলটিকে হারানোর ইচ্ছার কথা গোপন রাখেননি।

বার্সেলোনার মুখোমুখি হওয়াটা এখনো তার কাছে প্রায় স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনি স্বীকার করেন, "আমি জানি আমার কথাগুলো পাগলামি মনে হতে পারে, কিন্তু আমি জিততে চাই। কেন নয়?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিপরিষদের বরাদ্দ বাসা-ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


মন্ত্রিপরিষদের বরাদ্দ বাসা-ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দকৃত সরকারি বাসা বা ফ্ল্যাটের সাবলেট বা ভাড়া দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, পূর্বে সাবলেট বা ভাড়া দেওয়া বাসা থেকে ভাড়াটিয়াদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গত ১৯ নভেম্বর, মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ইমরান হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক বা তাঁর পরিবারের সদস্যরা বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ (এক বা একাধিক কক্ষ) সাবলেট বা ভাড়া দিতে পারবেন না। যারা ইতোমধ্যে বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়াদের সরিয়ে দিয়ে বরাদ্দকৃত বাসায় নিজে বসবাস নিশ্চিত করতে হবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরও যদি কোনো বাসা বা ফ্ল্যাট সাবলেট বা ভাড়া দেওয়া অবস্থায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে, বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী বরাদ্দ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তর তাদের আওতাধীন সরকারি বাসা ও ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া বন্ধের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল। পরবর্তীতে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এই সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতায় বিপাকে নওগাঁর মান্দার আলুচাষিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


জলাবদ্ধতায় বিপাকে নওগাঁর মান্দার আলুচাষিরা

নওগাঁর মান্দায় কৃষকরা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আলু চাষ নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জমিতে পানি জমে যাওয়ার ফলে রোপণ করা আলু ও বীজ পচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, নতুন করে জমি প্রস্তুত ও আলু রোপণ করতে হলে খরচ ও পরিশ্রম দ্বিগুণ বেড়ে যাবে। এছাড়া, নির্ধারিত সময়ে আলু চাষ সম্পন্ন করা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মান্দা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ১ হাজার ৫০ হেক্টর জমিতে আলু চাষ সম্পন্ন হয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় আলুর আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন মাঠ পরিদর্শন করে দেখা গেছে, অনেক আলু খেতে পানি জমে রয়েছে। কোথাও জমির নালা ও আলুর বীজ পানিতে ডুবে আছে। কৃষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে, জমি থেকে দ্রুত পানি নেমে না গেলে রোপণ করা আলু নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে নতুন করে জমি প্রস্তুত ও আলু রোপণ করতে হলে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে।

চকরামানন্দ গ্রামের কৃষক মো. আনিসুর রহমান জানিয়েছেন, তিনি দেশি পাকড়ি জাতের আলু দুই বিঘা জমিতে রোপণ করেছেন। কিন্তু বৃষ্টির কারণে জমিতে পানি জমেছে। দ্রুত পানি সরে না গেলে আলু পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করতে পারে। এই খরচের মধ্যে জমি চাষ, বীজসহ অন্যান্য ব্যয় অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, এক বিঘা জমি চাষ দিতে খরচ হচ্ছে ১ হাজার ২০০ টাকা। আলু নষ্ট হলে নতুন করে জমি প্রস্তুত ও রোপণ করতে হবে, ফলে একই জমিতে দ্বিগুণ খরচের পাশাপাশি বাড়তি পরিশ্রম করতে হবে।

পাঁজরভাঙ্গা গ্রামের কৃষক মো. মতিউর রহমান জানান, সারের সংকট রয়েছে। প্রয়োজনমতো সার না পেয়ে খোলাবাজার থেকে বেশি দামে সার কিনে ছয়টি চাষ দিয়ে জমি প্রস্তুত করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে জমিতে পানি জমেছে। জমি শুকানোর পর মাটি ঝুরঝুরে করতে আবারও কয়েক দফা চাষ দিতে হবে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে।

তিনি বলেন, আলু চাষের জন্য আট থেকে ১০টি চাষ দিতে হয়। বিশেষ করে দেশি পাকড়ি আলুর জন্য মাটি ভালোভাবে ঝুরঝুরে করতে হয়। ২৫ নভেম্বর পর্যন্ত আলু রোপণের উপযুক্ত সময় রয়েছে। এই সময় পার হলে আশানুরূপ ফলন পাওয়া কঠিন হতে পারে। আলু চাষে খরচ বেশি হওয়ায় অনেক কৃষক এবার আলুর পরিবর্তে সরিষা চাষের দিকে ঝুঁকছেন। জমিতে পানি জমে থাকলে আলুর বীজ পচে যাওয়ার পাশাপাশি নতুন করে জমি প্রস্তুত করতে হবে, যা কৃষকদের জন্য দ্বিগুণ খরচের বোঝা বহন করবে।

এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুমেলা খাতুন জানিয়েছেন, জমিতে পানি জমে আলু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে উপজেলার ১৪টি ইউনিয়নের তথ্য একত্র করতে হবে। যদি ক্ষতির পরিমাণ বেশি হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে ভর্তুকি কিংবা সহায়তার সিদ্ধান্ত আসে, তবে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%