ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

কাউখালীতে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত


কাউখালীতে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং প্রান্তিক কৃষক ও দিনমজুরদের চলমান আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র উদ্যোগে এক আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় অগ্রণী ব্যাংক পিএলসি, কাউখালী শাখার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকিং সেবা, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এবং সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়ের  উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ জিল্লুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আর্থিক সাক্ষরতা মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম প্রধান হাতিয়ার। প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে সঞ্চয়, বিনিয়োগ ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করতে অগ্রণী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় সহকারী মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা বর্তমানে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং ও ই-অ্যাকাউন্টসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন, অগ্রণী ব্যাংক পিএলসি, কাউখালী শাখার ব্যবস্থাপক মোঃ রাজিব আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও অগ্রণী ব্যাংক গ্রাহকবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র ব্যাংকের অফিসার খান আলিমুল রাজী।
কর্মশালায় প্রবাসী সঞ্চয়ী হিসাব, মাসিক মুনাফা প্রকল্প, দারিদ্র্য বিমোচন ঋণ, এসএমই ঋণ, কৃষি ঋণ, এটিএম ও আরটিজিএস সেবাসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় কৃষক, শিক্ষার্থী, দিনমজুর, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনবহুল ও শিক্ষাবান্ধব এলাকা বাদ দিয়ে প্রস্তাবিত বাইপাসের নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি 

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


জনবহুল ও শিক্ষাবান্ধব এলাকা বাদ দিয়ে প্রস্তাবিত বাইপাসের নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুরে "প্রস্তাবিত বাইপাসের" অপরিকল্পিত নকশা অনুমোদনে দুর্নীতিরোধ এবং জনবহুল, ব্যবসাসমৃদ্ধ ও শিক্ষাবান্ধব এলাকা বাদ দিয়ে বাইপাসের নতুন নকশা প্রণয়নের দাবিতে আজ সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উলিপুরের ভুক্তভোগী জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম, কামাল ইদ্রিস, আলমগীর হোসেন প্রমুখ। 
 
বক্তারা বলেন, বাইপাস সড়কের স্থান নির্ধারণের ক্ষেত্রে প্রাথমিক যাচাইয়ের সময় এলাকার জনগণের মতামত নেয়ার নিয়ম থাকলেও সড়ক ও জনপথ বিভাগ এই বিয়য়টিকে উপেক্ষা করে গোপনে প্রস্তাবনা পাঠিয়েছে। আমরা পরে জানতে পারি, বিগত আওয়ামী সরকারের সময়ে সড়ক ও জনপথ বিভাগের একটি সিন্ডিকেট তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাইপাস সড়কের ম্যাপ চূড়ান্ত করার পূর্বে সরকারি অর্থ লোপাটের উদ্দেশ্যে বাইপাসের সম্ভাব্য ম্যাপ ধরে বিভিন্ন জায়গায় পতিত ও কৃষি জমি কিনে নিম্নমানের অবৈধ স্থাপনা নির্মাণ করে। তাদের এসব অবৈধ স্থাপনাতে যাতায়াতের কোনো রাস্তাও নেই। তারা এমনভাবে ম্যাপ করে যাতে তাদের নির্মীয়মান যাতায়াতের রাস্তা ছাড়া এসব অবৈধ স্থাপনার উপর দিয়ে বা পাশ দিয়ে বাইপাস রাস্তাটি আসে অথবা তাদের নতুন ক্রয়কৃত জমিগুলো রাস্তার সংযোগ পায়'। নিজেদের এসব স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের মতো সাধারণ মানুষের সুবিধা-অসুবিধাকে তারা গুরুত্ব দেয়নি। যে কারণে দেখা যায়, সাধারণভাবে বাইপাস সড়কের সংযোগস্থল বাজার থেকে কমপক্ষে দুই কিলোমিটার দুর দিয়ে হলেও এক্ষেত্রে আমিন মোড় প্রান্তটি বাজারের একদম কাছেই সংযোগ দেয়া হয়েছে।
 
তারা আরও বলেন, আমিন মোড় প্রান্তটি মূল বাজার থেকে আধা কিলোমিটারেররও কম এবং এটি মূল বাজারেরই বর্ধিত অংশ। একারণে বাইপাসের আমিন মোড় প্রান্তটিই হয়তো ভবিষ্যতে যানজট ও দুর্ঘটনার জোনে পরিণত হবে। জনস্বার্থের পরিবর্তে যা হবে জনদুর্ভোগের কারণ। এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক দোকানপাট এবং প্রায় ৭০টিরও বেশি বাড়িঘর অবস্থিত। অথচ প্রস্তাবিত-নকশাটি সামান্য পরিবর্তন করা হলে এই ব্যাপক ক্ষয়ক্ষতি এড়িয়ে বাইপাস রাস্তাটি নির্মাণ করা যেতো। কিন্তু সড়ক বিভাগের সিন্ডিকেটটি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য নকশা পরিবর্তন না করার ব্যাপারে অনড় অবস্থান নেয়ার কারণে পূণঃতদন্ত থেকে আমরা কোনো সুফল পাইনি। সড়ক ও জনপথ বিভাগের এই সিন্ডিকেটটির সাথে জড়িত ব্যক্তিরা হলো আব্দুর রাজ্জাক, দেলোয়ার, রনি গং। রামদাস ধনিরাম মৌজা ছাড়াও এই গং নারিকেল বাড়ি কাজির চক মৌজা ও হায়াৎখাঁ মৌজাতেও এধরণের অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি অর্থ লোপাটের পায়তারা করছে। রাস্তার নকশা থেকে সুবিধা নেয়ার জন্য ভূমি অফিসের কোনো কোনো কর্মকর্তাও জড়িত আছে। মূলতঃ তাদের কারণেই জনবহুল আমিন মোড় সংযোগস্থলটি পরিবর্তন করা হচ্ছে না।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৪তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে ক্রেতা জানতে পারলেন ভবন ৩২তলা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


৩৪তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে ক্রেতা জানতে পারলেন ভবন ৩২তলা!

চীনের এক ব্যক্তি ফ্ল্যাট কেনার পর একটি প্রতারণার শিকার হন, যেখানে তিনি শুধু অর্থই হারাননি, হারিয়েছেন বাসস্থানও। যে ৩৪তম তলার ফ্ল্যাটটি তিনি কিনেছিলেন, পরে জানা যায় যে তার অস্তিত্ব নেই। কারণ পুরো ভবনটি ছিল মাত্র ৩২ তলা।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শেন নামের ওই ব্যক্তি ২০১৩ সালে চীনের শানসি প্রদেশের শিয়ান শহরের কাছে একটি গ্রামে ফ্ল্যাটটি কিনেছিলেন। কয়েক বছর পর তিনি জানতে পারেন যে তিনি তথাকথিত ‘গ্রে-মার্কেট’ আবাসন প্রকল্পের একটি প্রতারণার শিকার হয়েছেন।

শেন ৯০ বর্গমিটার আয়তনের একটি ফ্ল্যাট প্রতি বর্গমিটার ২,৬৪৬ ইউয়ান দরে কিনেছিলেন, যা ওই এলাকার গড় বাজারমূল্যের প্রায় এক-তৃতীয়াংশ। কম দামের কারণ হিসেবে প্রকল্পটিকে ‘সীমিত সম্পত্তি অধিকার’ প্রকল্প হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

প্রতিবেদন অনুসারে, চীনে এ ধরনের আবাসন সাধারণত সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয় এবং সাধারণ আবাসিক প্রকল্পগুলোর মতো আইনি সুরক্ষা পায় না। ফলে এগুলো আইনগতভাবে পুনরায় বিক্রি করা যায় না এবং চীনের সম্পত্তি আইনে স্বীকৃত নয়। তবুও কম দামের কারণে অনেক ক্রেতা এমন প্রকল্পে বিনিয়োগ করেন।

২০১৩ সালে শেন প্রায় ১ লাখ ১৭ হাজার ৭০০ ইউয়ান অগ্রিম পরিশোধ করেন। তার দাবি, ডেভেলপার তখন আশ্বাস দিয়েছিল যে প্রয়োজনীয় অনুমোদন ও সনদপত্র পরে সংগ্রহ করে দেয়া হবে। কিন্তু বাস্তবে এ ধরনের প্রকল্পের জন্য সেই অনুমোদন পাওয়া প্রায় অসম্ভব।

ফ্ল্যাটটি ২০১৫ সালে হস্তান্তরের কথা থাকলেও নির্মাণকাজে বিলম্ব ঘটে। পরে ২০১৭ সালে ডেভেলপার শেনকে জানান, সম্পূর্ণ ভবনে ৩২টি তলা রয়েছে, যার ফলে তার কেনা ইউনিটটি পাওয়া অসম্ভব হয়ে পড়ে। প্রাথমিকভাবে ডেভেলপার তাকে ৩২তম তলায় একটি ফ্ল্যাট দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে না পারায় সেই ফ্ল্যাটও দুই মাস পর অন্য এক ক্রেতার কাছে বিক্রি করে দেয়া হয়।

এরপর শেন অর্থ ফেরতের দাবি জানালে ডেভেলপার আর্থিক সংকটের কথা বলে পুরো টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে। ২০২০ সালে তিনি ২০ হাজার ইউয়ান এবং ২০২২ সালে আরও ৫০ হাজার ইউয়ান ফেরত পেলেও পরে ডেভেলপারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে শেন বিষয়টি সালিশে নিয়ে যান। সালিশি কর্তৃপক্ষ ডেভেলপারকে তার বাকি ৪৭ হাজার ৭০০ ইউয়ান অগ্রিম অর্থ এবং ২৭ হাজার ইউয়ান সুদ পরিশোধের নির্দেশ দেয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে অতিরিক্ত ৪৭ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেয়া হয়।

তবে চলতি বছরের মে মাস পর্যন্ত শেন সেই অর্থ পাননি। পরে স্থানীয় আদালত দেনাদারের বিরুদ্ধে ভোগব্যয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও আদেশ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ, ডেভেলপারের নামে কোনো নিবন্ধিত সম্পদ বা ব্যাংক সঞ্চয় খুঁজে পাওয়া যায়নি।

ফ্ল্যাট কেনার এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও শেন এখনও ঘরহীন এবং সম্পূর্ণ ক্ষতিপূরণও পাননি। ঘটনাটি চীনে আইনি সুরক্ষাহীন কমদামি আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সূত্র: এনডিটিভি, সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিশেষ অভিযানে আটক ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


খুলনায় বিশেষ অভিযানে আটক ৩৪

খুলনা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রযোজ্য বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত চলা অভিযানে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানায় ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ২ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসস’কে বলেছেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে মেট্রোপলিটন পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের অনুমোদন পায়নি। তবে ওই সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই ১০টি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি টাকা।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়।

এটি চলতি অর্থবছরের ১২তম বৈঠক এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক।

একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উত্থাপন করা হয়, যার মধ্যে থেকে ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে রয়েছে: পানি সম্পদ মন্ত্রণালয়ের বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প; ভূমি মন্ত্রণালয়ের "সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ" প্রকল্প; পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের "ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ" প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের "আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ" প্রকল্প; জনপ্রশাসন মন্ত্রণালয়ের "বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন" প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের "বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২" প্রকল্প; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের "ঢাকা সিএমএইচ এ ক্যানসার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধন)" প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প (১) "মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন)" প্রকল্প, (২) দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত)" প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের "বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত)" প্রকল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%