ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর


হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর নীলক্ষেত এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

গতকাল সোমবার তার জামিন নামঞ্জুর করেছিলেন অপর একটি আদালত। আজ ফের তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শাহিনুর ইসলাম।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান ড. আবুল বারকাত। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়।

তবে ওইদিনই গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আমজাদ হোসেন তালুকদার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে রবিবার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।

তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে আবেদনে বলা হয়, ঘটনার দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ সমর্থকদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন ড. আবুল বারকাত।

উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যতে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে : সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


ভবিষ্যতে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে : সেতুমন্ত্রী

দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, "ফিজিবিলিটি স্টাডি করে মাত্র পর্যালোচনা চলছে।" তিনি আরও উল্লেখ করেন, "বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।"

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীসহ দেশের সড়ক ব্যবস্থাপনা নিয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

বর্তমানে দেশের ৪৯ জেলা রেল যোগাযোগের সাথে যুক্ত আছে, এমন তথ্য উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, "আরও ১০টি জেলায় রেল যোগাযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বাস্তবায়নের জন্য প্রকল্প নেয়া হবে।"

তিনি জানান, "ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর চিন্তা করছে সরকার। এছাড়াও রাজধানীর আশপাশের এলাকাগুলোর সাথে যোগাযোগ নিয়ে ভাবা হচ্ছে।"

সেতুমন্ত্রী বলেন, "পদ্মা সেতুর রেললাইনের নীচ থেকে মাটি খুঁড়ে নেয়া হয়েছে ব্যাপারটি তা নয়-প্রয়োজনেই অতিরিক্ত কিছু মাটি সরানো হয়েছিলো। এখন আবার সিদ্ধান্ত নেয়া হয়েছে মাটি সরানো বন্ধ করে ওখানে গাছ লাগানো হবে।"

তিনি আরও জানান, "রাজধানীর মহাখালী টার্মিনাল সরাতে উত্তরার একটি জায়গায় ৫০ বিঘা জমি অধিগ্রহণের চিন্তা করা হচ্ছে। সব বাস স্ট্যান্ডই সরবে তবে সেটি রাতারাতি নয়। বর্তমানে অস্থায়ী ডিপোতে বাস রাখার ব্যবস্থা হবে। শুধু যাত্রী নেয়ার সময় টার্মিনালে বাস আসবে।"

মন্ত্রী বলেন, "দেশে যেসব প্রকল্পে চীনের আগ্রহ থাকবে এবং যেসব প্রকল্প তারা বাস্তবায়ন করতে চায় সেটা বাংলাদেশের স্বার্থে হবে, সেগুলো নিয়ে হয়তো প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হবে।"

মন্ত্রী ফের বলেন, "রেলপথ, সড়ক ও নৌপথের ক্ষেত্রে চীনের অনেক প্রস্তাব আছে। তারা বিনিয়োগ করতে চায়, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। দেশের উন্নয়ন এবং প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির স্বার্থে সেগুলো বিবেচনা করা হবে। উভয় দেশের স্বার্থ রক্ষা করে যেসব প্রকল্পে একমত হবে সেগুলো গ্রহণ করা হবে।"

তিনি জানান, "সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে এগোনো হচ্ছে। আর্থিক সক্ষমতা, কারিগরি দক্ষতা বিবেচনা করে জনস্বার্থে প্রকল্প নির্ধারণ ও বাস্তবায়ন করা হচ্ছে।"

মন্ত্রী জানান, "ভারতের সাথে চলাচিল করা মৈত্রী ও বন্ধন ট্রেন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে অভিযান চালিয়ে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার জন্য এবং এক ফ্রিজে কাঁচা-মাংস এবং রান্না করা খাবার একত্রে রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই বাজারে মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা হয়।

জানা যায়, ইছাপুরা বাজারের 'মা জননী বেকারি' তে মনিটরিংকালে দেখা যায় যে, অত্যন্ত নোংরা পরিবেশে এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বিস্কুট, পাউরুটি এবং কেক তৈরি করার প্রক্রিয়া চলছিল। এমনকি, কারখানার কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থা ছিল না। এসব অপরাধের জন্য বেকারির মালিক আমজাদ ভূঁইয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে পরবর্তীতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

পরে, মনিটরিং টিম 'মেহেরবান হোটেল' এ অভিযান চালিয়েছে। সেখানে দেখা যায়, একই ফ্রিজের ভেতর কাঁচা মাংস এবং রান্না করা খাবার একত্রে অস্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করা হয়েছে। এই অপরাধে হোটেলের মালিক জাহাঙ্গীর শেখকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন সিরাজদিখান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি চৌকস টিম।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানিয়েছেন, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় জেলা জুড়ে এই ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইম ম্যাগাজিনের তালিকায় মান্ধানা-বাভুমা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


টাইম ম্যাগাজিনের তালিকায় মান্ধানা-বাভুমা

মার্কিন সাময়িকী টাইম বিশ্বের প্রভাবশালী ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা পেয়েছেন ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

অনুমিতভাবেই উল্লেখিত তালিকায় আছেন লেব্রন জেমস, ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি, হিলারি নাইট, আরমান্ড ডুপ্লান্টিস, ইয়ানিক সিনার, নিকি হিল্টজ, কার্লোস আলকারান, ররি ম্যাকিলরয়, ভিক্টর ওয়েম্বানিয়ামার মতো বিশ্ব ক্রীড়ার আইকন বহুসংখ্যক। মান্ধানা এবং বাভুমাকে ‘টাইটানস’ বিভাগে তালিকাভুক্ত করা হয়েছে।

টাইমের সম্পাদক চার্লি ক্যাম্পবেল মান্ধানার অসাধারণ পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে ধরে জানান, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একের পর এক রেকর্ড গড়েছেন। ঘরোয়া একদিনের ক্রিকেটে দ্বিশতক, তিন সংস্করণে শতক এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি সহ সব মিলিয়ে তিনি নারী ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নাম। তাঁর রয়েছে এক পঞ্জিকা বছরে হাজারের বেশি ওয়ানডে রান করার কীর্তি।

দলগত সাফল্যেও মান্ধানার রয়েছে অবদান। তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ২০২৪ ও ২০২৬ সালের উইমেনস প্রিমিয়ার লিগ। তিনি আইসিসি নারী বিশ্বকাপে ভারতের সাফল্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে, বাভুমার অর্জন মাঠের সীমাবদ্ধতা ছাড়িয়ে সামাজিক ইতিহাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। ২০১৬ সালে তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার পর নেতৃত্বের ক্ষেত্রেও ইতিহাস সৃষ্টি করেন।

তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা জেতে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনালে শিরোপা নিশ্চিত করে। ১৯৯৮ সালের পর এটি ছিল দেশটির প্রথম আন্তর্জাতিক শিরোপা। চোট নিয়েও তিনি ফাইনালে ৬৬ রানের ইনিংস খেলেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে আটকাতে বিশেষ কৌশল নেই: আলজেরিয়ার কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


মেসিকে আটকাতে বিশেষ কৌশল নেই: আলজেরিয়ার কোচ

শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের এক দিন আগে সংবাদ সম্মেলনে আলজেরিয়ার কোচ স্পষ্ট জানিয়ে দিলেন তার দল মাঠে 'আধিপত্য' দেখাতে চাইবে। এছাড়া আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে থামানোর জন্য বিশেষ মনোযোগও দিতে চান না তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তেদের প্রচ্ছন্ন হুমকিই দিলেন। তিনি অতীতের সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, প্রতিপক্ষের সেরা তারকা মেসিকে থামানোর জন্য তার কোনো বিশেষ পরিকল্পনা নেই।

পেটকোভিচ বলেন, 'আমি কখনোই কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে থামানোর জন্য আলাদা পরিকল্পনা করিনি, এবারও তা করব না।'

তিনি আরও বলেন, 'দলের সবারই একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ, একে অপরকে সাহায্য করাও জরুরি। গোল না খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি ভিন্ন কিছু করতে, নিজেদের খেলায় আধিপত্য বিস্তার করতে। আমি কখনোই কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে থামানোর জন্য আলাদা পরিকল্পনা করিনি, এবারও তা করব না।'

তিনি বলেন, দল ফেভারিট না হলেও বিশ্বকাপে আগের অপ্রত্যাশিত ফলাফলগুলো তাদের অনুপ্রেরণা দিচ্ছে, 'আমরা যে দল নিয়ে কাজ করছি তারা খুব ভালো করছে এবং আমরা প্রস্তুত। আমরা শিরোপার ফেভারিট নই, কিন্তু এখন পর্যন্ত যা দেখা গেছে তাতে বোঝা যায় যে ভিন্ন কিছু ঘটতে পারে।'

এদিকে পেটকোভিচ একটি বিশেষ মুহূর্তের কথাও জানান, যখন সংবাদ সম্মেলনের ফাঁকে তিনি স্কালোনির সঙ্গে দেখা করেন, যাকে তিনি আগে লাৎসিওতে কোচিং করিয়েছিলেন। ২০২২ বিশ্বকাপজয়ী এবং দুইবার কোপা আমেরিকা জেতা এই কোচ সম্পর্কে তিনি প্রশংসা করে বলেন, 'তাকে আবার দেখে খুব ভালো লাগল, কারণ শেষবার আমরা ওয়াশিংটনে একসঙ্গে ছিলাম। লিওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে এবং আমি আশা করি তা অব্যাহত থাকবে।'

আলজেরিয়ার কোচ স্বীকার করেন, আসন্ন ম্যাচে একটি জায়গায় তিনি এবং স্ক্যালোনি সহমত, সেটি হচ্ছে–এটি সিদ্ধান্তমূলক ম্যাচ না হলেও গুরুত্বপূর্ণ। তার ভাষায়, 'আমি লিও স্কালোনির মতোই ভাবি, আমি মনে মনে করি না এটি সিদ্ধান্তমূলক ম্যাচ হবে, তবে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করতে পারি। এরপর আরও ম্যাচ আছে। অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে ম্যাচও গুরুত্বপূর্ণ। একে একে ম্যাচ ধরে এগোনোই আসল বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%