ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৬:৪৮ পি.এম
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মুজিবুর রহমানকে দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, পেশাগত অসদাচরণ, কর্তব্যে অবহেলা ও নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলো তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ০৫.১০.৭৯১৪.০০৭.২৩.০০৮.২৬-১০৩০ নং স্মারকে জারি করা অফিস আদেশে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাসিবুল হাসান।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক এস.এম. মুজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতা, পেশাগত অসদাচরণ, কর্তব্যে অবহেলা, নৈতিক স্খলন এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের ২৪ টি অভিযোগ উল্লেখ করে গত ১৩ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের জবাবে তিনি ২৮ মে লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন।
পরবর্তীতে ৪ অক্টোবর অনুষ্ঠিত শুনানিতে তিনি উপস্থিত হন। শুনানিতে দাখিল করা তথ্য ও বক্তব্য পর্যালোচনার পর কর্তৃপক্ষ তার জবাব সন্তোষজনক নয় বলে উল্লেখ করে।
অফিস আদেশে আরও বলা হয়, দাখিল করা জবাব ও শুনানি সন্তোষজনক না হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের ‘নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৫৩(৩) ও ৫৩(৪) ধারা অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই প্রবিধানমালার ৫৩(৭) ও ৫৪(১) ধারা অনুযায়ী তাকে প্রধান শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী শেখ এবং ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আব্দুল আলিম আকন।
প্রবিধানমালার ৫৩(৫) ধারা অনুযায়ী, তদন্ত কমিটিকে এক মাসের মধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির কাছে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ ছাড়া সাময়িক বরখাস্তকালীন সময়ে প্রধান শিক্ষক অর্ধেক খোরপোষ ভাতা পাবেন। প্রবিধানমালার ৫৪(২) ধারা অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার বিষয় নিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হামিদা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
সভায় ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মোল্লা জমাদ্দার, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার এবং অভিভাবক মো. মহাসিন ও মো. লিটন তালুকদার বক্তব্য দেন।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত এবং এর ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়।
এ ছাড়া অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের বিষয়টি সভায় তুলে ধরা হয়। তদন্তের পর তার বিষয়ে বিভাগীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও অভিভাবকদের অবহিত করা হয়।
সভায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা কামনা করা হয়।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারের সব কার্যক্রমের প্রতি অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক এবং ইতিবাচক কাজের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে, এমনটি জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের এ তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বিরোধী দলের নেতা মতবিনিময় করেছেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আয়োজিত এ মতবিনিময় সভায় বিটিএমএ-র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’
তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই কারণে অতীতের দলগুলোর মতো কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার সংস্কৃতি তারা লালন করেন না, এমন আশ্বাস জামায়াতের আমির দিয়েছেন। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দল যে নীতি অনুসরণ করছে, সে অনুযায়ী সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে। তবে সব জনস্বার্থবিরোধী কাজে তারা প্রতিবাদ জানাবে এবং সরকারের ভুল তাদের ধরিয়ে দেবে। সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তখন তার প্রতিবাদ করা, সমালোচনা করা এবং প্রয়োজন হলে প্রতিরোধ করা, এ ভূমিকা বিরোধী দল গঠনমূলকভাবে পালন করবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। উনারা উনাদের কথাগুলো বলেছেন এবং আমির জামায়াত আশ্বস্ত করেছেন যে, আপনারা ইনশাআল্লাহ পারবেন। যেহেতু আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং আপনাদের নিজেদের ব্যবসা ও পেশার প্রতি সিনসিয়ারিটি আছে, আন্তরিকতা রয়েছে। আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।’
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা স্থান পেয়েছেন, যা সাদা বলের ক্রিকেটে তাদের চোখধাঁধানো পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।
গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে তিনি মাত্র ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
শেষ টি-টোয়েন্টিতে, তিনি মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ফুল মেম্বার (পূর্ণাঙ্গ সদস্য) দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন। পুরো সিরিজে তার গড় ছিল ৭৬.৩৩ এবং স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত, যেখানে তিনি ২২৯ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের ওডিআই সিরিজে জিম্বাবুয়ে হারলেও সিকান্দার রাজা দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে এককভাবে লড়াই চালিয়ে যান। প্রথম ওয়ানডেতে তিনি কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং শেষ ওয়ানডেতে দলের রান ২৭১-এ পৌঁছে দিতে অপরাজিত ৮১ রান করেন। তিনি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবারও নিজের অলরাউন্ড সামর্থ্যের প্রমাণ দেন।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে এসেছে অসাধারণ পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে তিনি ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন ইতিহাস গড়েন। ৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, তিনি মাত্র ১১৭ বলে দ্বিশতক পূরণ করে শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : এশিয়া অঞ্চলের তরুণদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাগার এবং শিল্পখাতে দায়িত্বশীল রসায়ন চর্চার সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম অন পিসফুল ইউজ অব কেমিস্ট্রি ফর ইয়ুথ-২০২৬’।
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এবং বাংলাদেশ ন্যাশনাল অথরিটি, কেমিক্যাল উইপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই কর্মশালা ৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার ৮টি দেশের ১৭ জন প্রশিক্ষণার্থী এবং দেশি-বিদেশি ৫ জন প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানিয়েছেন, বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং রাসায়নিক শিল্পখাতে দায়িত্বশীল বিজ্ঞান চর্চার সংস্কৃতি গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি রাসায়নিক বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা এবং দায়িত্বশীল রসায়ন চর্চা সম্পর্কে তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই তিন দিনব্যাপী কর্মশালায় শান্তিপূর্ণভাবে রসায়নের ব্যবহার, রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা, দায়িত্বশীল বিজ্ঞান চর্চা এবং কেমিক্যাল উইপন্স কনভেনশন (কেমিক্যাল উইপন্স কনভেনশন— রাসায়নিক অস্ত্র কনভেনশন)-এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ