ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি


ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

মহান বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ডিসেম্বরের নিয়মিত কর্মসূচির পাশাপাশি, এই মাসে দলটি নতুন করে দুটি কর্মসূচি যুক্ত করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ডিসেম্বর মাসটি বিজয়ের মাস হিসেবে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষায় ১১ নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এছাড়া ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে।

দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা

টাঙ্গাইলের মির্জাপুরে শহীদদের স্মরণে নির্মিত জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এই হামলা শহীদদের প্রতি অসম্মান প্রকাশ করে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে গোড়াই হাইওয়ে থানার আনুমানিক দুইশ গজ দূরে অবস্থিত স্মৃতিস্তম্ভে আগুন লাগানো হয়। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় ফ্লাইওভারের নিচে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে প্রথমে গোড়াই হাইওয়ে থানার কাছাকাছি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। এর কিছু সময় পর গোড়াই ফ্লাইওভারের উপরে থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। এই পৃথক ঘটনার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের নেতা হাবিব, মামুন, আরিফের নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা গোড়াই এলাকায় এবং সদরে বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানিয়েছেন, স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়েছে এবং ককটেল নিক্ষেপ করেছে, তাদের চিহ্নিত করতে জেলা পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের মূল লক্ষ্য শুধুমাত্র বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রত্যাশিত শিখনফল অর্জন করা।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পিইডিপি-৫-এর আওতায় থাকা কার্যক্রমগুলোকে আরও যৌক্তিক, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিকভাবে বিন্যস্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পের প্রতিটি অংশের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহিতা স্পষ্ট থাকা প্রয়োজন। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না রেখে সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য প্রয়োজনভিত্তিক সহায়তা এবং শিক্ষক প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা এবং শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রিমিডিয়াল এডুকেশন) এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয় সাশ্রয়ী উদ্যোগগুলো বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সরকারি নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সরকারি নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র‍্যালি

পটুয়াখালীতে কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সরকারিভাবে নিবন্ধনপ্রাপ্তি উপলক্ষে আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

দীর্ঘ পথচলার ২৬ বছর পূর্তি এবং সরকারি নিবন্ধনপ্রাপ্তির আনন্দ ভাগাভাগি করে নিতে বিদ্যালয় পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের এমন সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্মিতা সেনের জন্মদিনে তার সেরা ১০ সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


সুস্মিতা সেনের জন্মদিনে তার সেরা ১০ সিনেমা

বলিউডে অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির মাধ্যমে সুস্মিতা সেন একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জয়ের পর ১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। এরপর তিনি রোমান্স, কমেডি, থ্রিলার ও সামাজিক গল্প—বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করেন।

আজ ১৯ নভেম্বর সুস্মিতা সেনের জন্মদিন। এই বিশেষ দিনে তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ১০টি সিনেমা পর্যালোচনা করা যাক।

১. ম্যায় হুঁ না (২০০৪)

ফারাহ খানের পরিচালনায় নির্মিত সিনেমায় সুস্মিতা চাঁদনি চোপড়া নামের রসায়নের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন। শাহরুখ খানের বিপরীতে তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। সিনেমাটিতে অ্যাকশন, রোমান্স, কমেডি ও আবেগের মিশ্রণ রয়েছে এবং এতে আরো অভিনয় করেছেন সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান।

২. বিবি নম্বর ওয়ান (১৯৯৯)

ডেভিড ধাওয়ান পরিচালিত জনপ্রিয় কমেডি সিনেমা ‘বিবি নম্বর ওয়ান’-এ সুস্মিতা রূপালি চরিত্রে অভিনয় করেন। সালমান খান, কারিশমা কাপুর, অনিল কাপুর ও টাবুর সঙ্গে তার অভিনয় সিনেমাটিকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতিও অর্জন করেন।

৩. আঁখে (২০০২)

থ্রিলারধর্মী সিনেমায় সুস্মিতা নেহা শ্রীবাস্তব চরিত্রে অভিনয় করেন। ব্যাংক ডাকাতির পরিকল্পনাকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পে তিনি তিন অন্ধ ব্যক্তিকে প্রশিক্ষণ দেন। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অর্জুন রামপাল ও পরেশ রাওয়ালও অভিনয় করেছেন।

৪. সময়: হোয়েন টাইম স্ট্রাইকস (২০০৩)

রবি গ্রেওয়ালের পরিচালনায় নির্মিত এই রহস্য-থ্রিলার সিনেমায় সুস্মিতা এসিপি মালবিকা চৌহান চরিত্রে অভিনয় করেন। শহরে ধারাবাহিক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দায়িত্ব তার ওপর পড়ে। সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি প্রশংসা অর্জন করেন।

৫. ফিলহাল (২০০২)

মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমার গল্প বন্ধুত্ব, মাতৃত্ব ও সারোগেসিকে কেন্দ্র করে। সুস্মিতা এখানে সিয়া শেথ চরিত্রে অভিনয় করেন। তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন টাবু ও সঞ্জয় সুরি। সংবেদনশীল বিষয়বস্তু ও অভিনয়ের কারণে সিনেমাটি তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর একটি।

৬. ম্যায়নে পেয়ার কিউ কিয়া? (২০০৫)

ডেভিড ধাওয়ান পরিচালিত রোমান্টিক কমেডি সিনেমায় সুস্মিতা নায়না চরিত্রে অভিনয় করেন। সালমান খানের চরিত্র ডা. সামিরের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে নানা জটিলতা তৈরি হয়। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সোহেল খান ও আরশাদ ওয়ারসি।

৭. দস্তক (১৯৯৬)

মহেশ ভাট পরিচালিত এই সিনেমার মাধ্যমে বলিউডে সুস্মিতা সেনের অভিষেক ঘটে। মিস ইউনিভার্স হওয়ার পর এটি অভিনয়জগতে তার প্রথম পদক্ষেপ ছিল। সিনেমাটিতে তার চরিত্রকে কেন্দ্র করে এক ব্যক্তির অস্বাভাবিক আসক্তি ও নানা ঘটনার গল্প তুলে ধরা হয়েছে।

৮. সিরফ তুম (১৯৯৯)

আগাথিয়ান পরিচালিত রোমান্টিক সিনেমা ‘সিরফ তুম’-এ সুস্মিতা নেহা চরিত্রে অভিনয় করেন। সঞ্জয় কাপুর ও প্রিয়া গিলও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। সিনেমার গান ও প্রেমের গল্প নব্বইয়ের দশকের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

৯. বাস্তুশাস্ত্র (২০০৪)

ভৌতিক গল্পের সিনেমা ‘বাস্তুশাস্ত্র’-এ সুস্মিতা ঝিলমিল রাও চরিত্রে অভিনয় করেন। একটি বাড়িকে ঘিরে অস্বাভাবিক ও রহস্যময় ঘটনা সামনে আসে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন জেডি চক্রবর্তী ও পীযূষ মিশ্র।

১০. জিন্দেগি রকস (২০০৬)

তনুজা চন্দ্র পরিচালিত এই সিনেমায় সুস্মিতা ক্রিয়া সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেন। গল্পে একজন চিকিৎসক ও তার জীবনের নানা সম্পর্কের জটিলতা উঠে এসেছে। সিনেমাটিতে সুস্মিতার সঙ্গে অভিনয় করেছেন শাইনি আহুজা ও জুনিয়র বাখরু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%