বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:১২ পি.এম
কৃষকের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোরভাবে সতর্ক করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনে যদি কোনো ডিলারের অবহেলা বা অনিয়ম দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে তার ডিলারশিপ বাতিল করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা ও পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এনডিসি।
কৃষি সচিব উল্লেখ করেন, সঠিক সময়ে সঠিক পরিমাণে সার কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিত করা গেলে সংশ্লিষ্টদের দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে হবে। উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সার ডিলারদের মধ্যে এখন আর কোনো বিভাজন নেই; সকলেই কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার। তাই প্রত্যেককে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সার মজুত ও বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য সার মনিটরিং সেলও সার্বক্ষণিক খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বরাদ্দের পরও অনেক ক্ষেত্রে ডিলাররা সার উত্তোলন করেননি উল্লেখ করে কৃষি সচিব বলেন, যেসব ডিলারের নামে সার বরাদ্দ রয়েছে, তাদের দ্রুত তা উত্তোলন করে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। সার বিতরণে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের সুযোগ নেই।
সভায় সারের সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান। এতে সারের সার্বিক ব্যবস্থাপনার সরবরাহ ব্যবস্থায় উত্তোলন ও অনুত্তোলনসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হয়। তিনি জানান, সরবরাহ ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
কৃষকদের পরিমিত ও সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্ব দেন কৃষি সচিব। তিনি বলেন, জমির উর্বরতা ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এ জন্য কৃষকদের মাটি পরীক্ষা এবং ফসলভিত্তিক সুপারিশ অনুসারে সার ব্যবহারে সচেতন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. খোরশেদ আলম, যুগ্মসচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক, যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং উপসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মুহাম্মদ শহিদ উল্লাহ।
এছাড়া কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সার ডিলারদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সার সরবরাহ, বিতরণ ও মাঠপর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা না দেওয়ার কারণে ছুরিকাঘাতের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদ মাসুম (২৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিহত মাসুমের মামা মো. হাফিজুর রহমান (৫৪) পাহাড়তলী থানায় মামলাটি দায়ের করেন।
নিহত মাসুম আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। তিনি বিবাহিত এবং তার একটি কন্যাসন্তান রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আকবরশাহ থানার ৩ নম্বর ঝিল এলাকার মো. হাসান (৪০), গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির (৪২), অনিক (২৩), সাইফুল (৩২) ও মো. আজমকে (৩০) আসামি করা হয়েছে।
মামলার বাদী মো. হাফিজুর রহমান জানান, মো. শাহাদাত হোসেন নামে মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালান। ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হলে তা মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের একে খান মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা দাবি করা হলে চালক মো. শাহাদাত হোসেন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুমের পেটেও ছুরিকাঘাত করা হয়।
পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. রুহুল আমিন লাবু বলেন, "চিকিৎসাধীন মাসুম গতকাল রাতে মারা যাওয়ার পর আজ দুপুরে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।" নিহতের পরিবারের এজাহার অনুযায়ী, ঘটনার সময় কথা-কাটাকাটির বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা বেরিয়ে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টা করার সময় পুলিশ ৫ জনকে আটক করেছে, যাদের কাছে টায়ার ও পেট্রোল ছিল। এ ছাড়া, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ই নভেম্বর) সকালে মহাসড়কে মানুষের জানমাল রক্ষা এবং নাশকতা প্রতিরোধের উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত পৃথকভাবে শোডাউন ও অবস্থান নিয়েছে। দিনের বেলায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। বিকেলে এই তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
জানা গেছে, নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রলীগ ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর এলাকায় তারা টায়ার জ্বালিয়ে মিছিল করে। পদুয়া এলাকায় নাশকতার চেষ্টা করার সময় পুলিশ ৫ জনকে আটক করে। এছাড়া, পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চার নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে মোটর সাইকেল শোডাউন করে। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার ও বাবুচি বাজারে মিছিল করে। তবে দিনের বেলায় মহাসড়কের কোথাও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি।
চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন, "পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, বাবুচি বাজার ও জগন্নাথ এলাকায় নাশকতা বিরোধী অবস্থান নিয়েছি। কোনভাবেই মানুষের জানমালের ক্ষতি হতে দেয়া হবে না। তারপরও কেউ ক্ষতির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।"
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, "বিরোধী দলীয় উপনেতা ডাঃ তাহের এমপির নির্দেশে মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, যাতে কেউ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে।"
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, "মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হাতেনাতে ৫ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরে হামের সংক্রমণের বৃদ্ধি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিদিনই জ্বর, সর্দি-কাশি এবং হামের উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে বিভিন্ন বয়সের রোগীরা চিকিৎসা নিতে আসছেন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। রোগীর চাপ মোকাবেলার জন্য হাসপাতালের তৃতীয় তলায় একটি পৃথক হামের ওয়ার্ড চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মোট ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ৩০৫ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য ১১ জন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ থাকলেও শিশু রোগীর সংখ্যা বেশি।
হামের সংক্রমণ শিশুদের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। অনেক শিশুর ক্ষেত্রে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আক্রান্তদের চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে হামের রোগী ও উপসর্গ নিয়ে মোট ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের তৃতীয় তলায় পৃথক হামের ওয়ার্ড স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই রোগ জটিল আকার ধারণ করতে পারে। তাই শিশুর জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুকে অন্য শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে।
চাঁদপুর সরকারি হাসপাতালে মাত্র ১৭ দিনে ৩১৩ জন রোগীর ভর্তি হওয়ার তথ্য জেলার জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের আধিক্য থাকায় পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসাসেবা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই)-এর শীর্ষস্থানীয় আইনজীবীদের মধ্যে দীর্ঘকাল ধরে চলতে থাকা অভ্যন্তরীণ মতবিরোধ ও দ্বন্দ্বের সমাপ্তি ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মামলা পরিচালনা এবং আইনি কৌশল নির্ধারণের স্বার্থে সম্প্রতি তারা নিজেদের মধ্যে দূরত্ব দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আন্তর্জাতিক ও পাকিস্তানি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পিটিআইয়ের আইনি দলের সিনিয়র সদস্যদের মধ্যে মামলা পরিচালনার কৌশল, নেতৃত্ব এবং দলীয় অবস্থান নিয়ে প্রকাশ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। এর ফলে দলের শীর্ষ নেতাদের জামিন এবং বিভিন্ন মামলার আইনি লড়াইয়ে সমন্বয়হীনতা সৃষ্টি হচ্ছিল, যা দলের অভ্যন্তরে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছিল।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক বৈঠকে আইনজীবীরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটান। বৈঠকে তারা ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ইমরান খানসহ কারাবন্দি অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির আইনি লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনি দলের এই পুনর্মিলন পিটিআইয়ের চলমান আইনি ও রাজনৈতিক লড়াইয়ে নতুন গতি আনবে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। সূত্র : ডন অনলাইন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ