বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
০১:৫০ পি.এম
ফিলিস্তিনি সাংবাদিক ফারাহ আবু আইয়াশ ইসরায়েলি কারাগারে বন্দি থাকার এক বছর পূর্ণ করেছেন।
তার মুক্তি নিশ্চিতের জন্য নেওয়া বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষের ধারাবাহিক বাধা এবং প্রশাসনিক আটকাদেশের মেয়াদ বারবার বাড়ানোর কারণে তিনি এখনও মুক্তি পাননি। তাই তার ঘটনাটি অধিকৃত ফিলিস্তিনে সাংবাদিকদের ওপর নিপীড়নের অন্যতম প্রতীকে পরিণত হয়েছে।
পশ্চিম তীরে কাজ করা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদক লামা আবু হুলউ জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অধিকৃত অঞ্চলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও হেবরনে কর্মরত তাসনিমের প্রতিবেদক ফারাহ আবু আইয়াশের ঘটনাটি সেই সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে। একসময় যিনি অন্যের দুর্ভোগের খবর তুলে ধরতেন, এখন তিনিই সহকর্মীদের প্রতিবেদনের বিষয়বস্তু।
ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের প্রধান নাসের আবু বকর বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা, মারধর এবং গ্রেফতারের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেফতার করেছে। এর মধ্যে ৬০ জনেরও বেশি প্রশাসনিক আটকাদেশে রয়েছেন এবং বর্তমানে ৫০ জনেরও বেশি সাংবাদিক বিভিন্ন অভিযোগে ইসরায়েলি কারাগারে বন্দি। তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপের উদ্দেশ্য ফিলিস্তিনি সাংবাদিকদের সত্য তুলে ধরা থেকে বিরত রাখা।
ফিলিস্তিনি বন্দি বিষয়ক উচ্চ কমিশনের সভাপতি আমিন শুমান বলেন, ইসরায়েলি কারাগারে সাংবাদিকদের যে পরিস্থিতি বিরাজ করছে, ফারাহ আবু আইয়াশ তারই একটি স্পষ্ট উদাহরণ। তার প্রশাসনিক আটকাদেশ একাধিকবার বাড়ানো হয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর স্তব্ধ করা এবং অধিকৃত ভূখণ্ড ও কারাগারের অভ্যন্তরের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এক বছর ধরে ফারাহর পরিবারও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিটি আদালতের শুনানিতে তারা মুক্তির আশা করলেও প্রতিবারেই আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।
ফারাহর বোন সাবরিন আবু আইয়াশ জানান, এক বছর আমাদের কাছে কয়েক বছরের মতো মনে হয়েছে। প্রতিটি শুনানিতে আমরা মুক্তির আশা করি, কিন্তু প্রতিবারই আটকাদেশ বাড়ানো হয়। এতে আমরা আবারও শূন্যে ফিরে যাই।
তিনি আরও বলেন, পরিবার সব সময় আইনজীবী এবং মুক্তিপ্রাপ্ত বন্দিদের কাছ থেকে ফারাহর খোঁজের অপেক্ষায় থাকে। তার খবর পেলে একদিকে স্বস্তি, অন্যদিকে গভীর কষ্ট অনুভব করেন তারা।
সাবরিন জানান, ২০২৫ সালের ৫ আগস্ট মধ্যরাতে ইসরায়েলি বাহিনী বাড়িতে অভিযান চালিয়ে ফারাহকে গ্রেপ্তার করে। সে সময় তাকে হিজাব পরার সুযোগ দেওয়া হয়নি এবং অসুস্থতার জন্য প্রয়োজনীয় ওষুধও সঙ্গে নিতে দেওয়া হয়নি। পরে তার হাতে হাতকড়া পরিয়ে এবং চোখ বেঁধে সামরিক গাড়িতে তুলে নেওয়া হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলি কারাগারে কয়েক ডজন ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। তাদের মধ্যে অন্তত চারজন সাংবাদিক, যারা পেশাগত দায়িত্ব পালনের সময় গ্রেফতার হয়েছেন।
ফারাহ আবু আইয়াশের ঘটনাকে অনেক গণমাধ্যমকর্মী অধিকৃত ফিলিস্তিনে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তার সংকটের প্রতীক হিসেবে দেখছেন। তার প্রশাসনিক আটকাদেশের প্রতিটি নতুন মেয়াদ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। তথ্যসূত্র: তাসনিম নিউজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সার গুদামে হিসাবের বাইরে ৫৮ মেট্রিক টন এমওপি সার পাওয়ার ঘটনাকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্য। একই ঘটনার বিষয়ে চার কর্মকর্তা চার ধরনের ব্যাখ্যা দেওয়ায় প্রকৃত ঘটনা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
গত ৩ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংযুক্ত) ও কৃষি উপদেষ্টার দপ্তরের কর্মকর্তা মো. খোরশেদ আলম ভৈরব বিএডিসি সার গুদাম আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় গুদামের মজুদ ও হিসাব মিলিয়ে দেখা হলে ৫৮ মেট্রিক টন এমওপি সার অতিরিক্ত থাকার বিষয়টি ধরা পড়ে।
এ বিষয়ে গুদামের সহকারী পরিচালক শিপন চন্দ্র সরকার বলেন, পরিদর্শনের সময় সার গণনায় ভুল হওয়ায় এমনটি হয়েছে।
গুদামের ইনচার্জ আতাউর রহমানও একই দাবি করেন। তার ভাষ্য, পরে সেই ভুল সংশোধন করা হয়েছে। তবে কীভাবে সংশোধন করা হয়েছে বা সংশোধিত হিসাব কত, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
অন্যদিকে, কিশোরগঞ্জ বিএডিসির যুগ্ম পরিচালক ইকবাল মোহাম্মদ মুনতাসির বলেন, ইনচার্জ আতাউর রহমান হজে থাকায় বিক্রি হওয়া কিছু সার সময়মতো ডিলারদের কাছে সরবরাহ করা যায়নি। ফলে সেই সার গুদামেই থেকে যায় এবং পরিদর্শনের সময় অতিরিক্ত হিসেবে ধরা পড়ে।
আবার ঘটনাস্থলে উপস্থিত ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক বলেন, গুদামে অতিরিক্ত সার ছিল। তবে গণনায় কিছুটা কম-বেশি হতে পারে। কিন্তু অতিরিক্ত সার থাকার বিষয়টি সত্য।
এ বিষয়ে বক্তব্য জানতে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংযুক্ত) ও কৃষি উপদেষ্টার দপ্তরের কর্মকর্তা মো. খোরশেদ আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
একই ঘটনার বিষয়ে চারজন দায়িত্বশীল কর্মকর্তার চার ধরনের ব্যাখ্যা জনমনে প্রশ্ন তৈরি করেছে। এটি কি শুধুই গণনার ভুল, নাকি গুদামের হিসাব ও সার ব্যবস্থাপনায় কোনো অনিয়ম রয়েছে—এ প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো মেলেনি।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হোক। তদন্তে কোনো গাফিলতি বা অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের উদ্দেশ্যে সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এই তালিকা পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজকের দিনের মধ্যে এ বিষয়ে আলোচনা করতে যাচ্ছে ইসি।
নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্যটি নিশ্চিত করেছেন।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। এরপরেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এখানে উল্লেখযোগ্য যে, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরাই ভোট প্রদান করতে পারেন। সুতরাং, সংসদ সদস্যদের তালিকা গ্রহণ করে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের সঙ্গে যুদ্ধের পরে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত উল্লেখযোগ্যভাবে কমছে—এমন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণে গোলাবারুদ বিদ্যমান রয়েছে এবং প্রয়োজনের ভিত্তিতে নতুন অস্ত্র দ্রুত উৎপাদন ও সরবরাহও করা হচ্ছে।
বৃহস্পতিবার, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ধরনের গোলাবারুদের বিশাল মজুত রয়েছে। তিনি এ ব্যাপারে আরও জানান, দেশের ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে নতুন উৎপাদন কেন্দ্র এবং কারখানা নির্মাণের কাজ চলমান রয়েছে।
গোলাবারুদের ঘাটতি নিয়ে তথ্য প্রকাশকারীদের প্রতি ট্রাম্প কড়া ভাষায় সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি এসব তথ্যকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের তথ্য প্রকাশে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের দাবি জানানো হবে।
এর আগে সিবিএস নিউজ দুটি অবগত সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় সম্পূর্ণরূপে ব্যবহার করে ফেলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় সব মজুতই ব্যবহৃত হয়ে গেছে। রয়টার্সও আগেই জানিয়েছিল যে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় শেষ হয়ে যাচ্ছে।
সিবিএসের পূর্বের প্রতিবেদনে আরও বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘপাল্লার অস্ত্রের মজুতের ঘাটতি প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। যুদ্ধের শুরুতে যেমন নির্ভুল গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল, সেই মাত্রা দীর্ঘ সময় ধরে বজায় রাখা যাবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, এটিএসিএমএস এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুত সীমিত হয়ে পড়ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো প্যাট্রিয়ট এবং টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর, যেগুলো শিল্পপ্রতিষ্ঠান নতুন করে উৎপাদন করতে পারার চেয়ে বড় গতিতে ব্যবহার করা হচ্ছে।
এদিকে এসব উদ্বেগ উড়িয়ে দিয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে জানান, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনীয় সব সক্ষমতা বিদ্যমান। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যেকোনো সময় এবং যেকোনো স্থানে সামরিক অভিযান পরিচালনার জন্য যথেষ্ট অস্ত্রভাণ্ডার রয়েছে দেশের হাতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে ঘটে ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা।
গতকাল রাত সাড়ে ৯টায় এই ঘটনা সংগঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, সন্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পর একদল দুর্বৃত্ত সাকিবের বাড়ির সামনে এসে হামলা শুরু করে। তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সঠিকতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীরা যখন দুটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় তখন বাড়ির কাচের জানালা ভেঙে যায়।
ঘটনার সময় বাড়িতে পরিবারের কোন সদস্য উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেই জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি আবদুল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ