মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫০ পি.এম
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় সোমবার গভর্নর গ্যাভিন নিউজম এল নিনোর প্রভাব মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
পূর্বাভাসদাতারা জানিয়েছেন, এল নিনোর কারণে আগামী কয়েক মাসে এই অঞ্চলে তীব্র ও ধ্বংসাত্মক ঝড়ের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত জোয়ারের আশঙ্কাও দেখা দিয়েছে, যা উপকূলীয় এলাকায় বন্যার সৃষ্টি করতে পারে।
লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি সংবাদ সংস্থার মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
গভর্নর গ্যাভিন নিউজম মন্তব্য করেছেন, "সমস্যা দেখা দেওয়ার পর অপেক্ষা না করে আগেই তা মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।"
তিনি আরও বলেন, "এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, প্রয়োজনীয় সহায়তা দিয়ে স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো, জরুরি সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা এবং রাজ্য যে প্রস্তুত, সে বিষয়ে পরিবারগুলোর মধ্যে আস্থা তৈরি করা।"
নিউজম উল্লেখ করেছেন, "আমরা এবার এল নিনোর জন্য আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি। কারণ, প্রত্যেক ক্যালিফোর্নিয়াবাসীর নিজের ঘরে নিরাপদ থাকা, নিজ সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত করার অধিকার রয়েছে।"
এই ঘোষণা মূলত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এসেছে। এর ফলে রাজ্য সংস্থাগুলোর প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের সুযোগ সহজ হবে। বন্যা মোকাবিলার জন্য বালুর বস্তা ও পানিনিষ্কাশন পাম্পের মতো সরঞ্জামও আগেভাগে নির্দিষ্ট স্থানে রাখা হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজন হলে বন্যা মোকাবিলা, উদ্ধার ও অনুসন্ধান, প্রকৌশল এবং সরবরাহ ব্যবস্থাপনার কাজে সহায়তার জন্য ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকেও প্রস্তুত রাখা হচ্ছে।
এল নিনো হল ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে প্রাকৃতিকভাবে সংঘটিত একটি চক্রের উষ্ণ পর্যায়। এই চক্রটি ‘এল নিনো-সাউদার্ন অসিলেশন’ বা ‘ইএনএসও’ নামে পরিচিত। এটি প্রতি দুই থেকে সাত বছর পরপর ঘটে।
পূর্ব থেকে পশ্চিমমুখী বায়ুপ্রবাহ দুর্বল হলে এল নিনো শুরু হয়। তখন সাধারণত পশ্চিম প্রশান্ত মহাসাগরে জমে থাকা উষ্ণ পানি পূর্ব দিকে সরে গিয়ে সমুদ্রপৃষ্ঠে উঠে আসে।
সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ তাপমাত্রা কয়েক মাস স্থায়ী হলে ওই অঞ্চলে ঝড় ও মেঘের পরিমাণ বেড়ে যায়। এর ফলে গোটা বিশ্বজুড়ে বায়ুমণ্ডলে পরিবর্তন দেখা দেয়। কোথাও তাপমাত্রা বাড়ে এবং আবহাওয়া শুষ্ক হয়। আবার কোথাও ঠান্ডা ও বৃষ্টিপাত বেড়ে যায়।
মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এল নিনোর প্রভাবকে আরও বাড়িয়ে দিতে পারে। উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয়বাষ্প ধারণ করে। ফলে এল নিনোর সঙ্গে সম্পর্কিত বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে। আবার কিছু এলাকায় এল নিনোর কারণে খরা দেখা দিলে মাটি আরও শুষ্ক হয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের এল নিনো রেকর্ডে এবারেরটি সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা ৭৫ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এর তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কথা থাকলেও এরই মধ্যে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া সৃষ্টি করছে।
একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী সোমবার এএফপিকে জানিয়েছেন, বহুল ব্যবহৃত একটি সূচকে এই এল নিনো ইতোমধ্যে রেকর্ডের সবচেয়ে তীব্র এল নিনোর সঙ্গে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে।
বার্কলে আর্থের জলবায়ুবিদ এবং জাতিসংঘের জন্য প্রণীত জলবায়ু পরিবর্তনবিষয়ক বিস্তৃত প্রতিবেদনগুলোর সহলেখক জেক হাউসফাদার বলেছেন, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিকতা বর্তমানে ৩ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫-২০১৬ সালের এল নিনোর সময়ও এই তাপমাত্রা ছিল একই মাত্রায়।
এদিকে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় একের পর এক ঝড় আঘাত হেনেছে, যার ফলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
উপকূলীয় ভাঙনের কারণে সান্তা মনিকায় একটি সংগীত উৎসবও বাতিল করা হয়েছে। ওই উৎসবে কিলারস, অলিভিয়া ডিন ও জ্যাক হোয়াইটের অংশ নেওয়ার কথা ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবার এবং জটিল রোগে আক্রান্ত শ্রমিকদের সহায়তায় এগিয়ে এসেছে। ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা অঞ্চলের ৫ জেলার ৯৯ জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রায় ৫০ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আঞ্চলিক শ্রম দপ্তর, কুমিল্লার আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রোজী আক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উপকারভোগীদের হাতে চেক তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. আবুল বাশার, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. শাহ্ আলম শফি, এবং আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা গোলাম সহিদ সারোয়ারসহ অন্যান্য অতিথিরা।
আঞ্চলিক শ্রম দপ্তরের সূত্রে জানা গেছে, এই অনুদান কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং জটিল রোগে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার ব্যয় নির্বাহে প্রদান করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আওতায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কুমিল্লা ছাড়াও লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী জেলার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরাও এই সহায়তা পেয়েছেন। মোট ৫ জেলার ৯৯ জন উপকারভোগীর মধ্যে প্রায় ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের খ্যাতনামা অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার তিনি ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এক বিবৃতির মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। তবে, তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
যশ রাজ ফিল্মসের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জি (৭৫) আজ বিকেলে প্রয়াত হয়েছেন। আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ এবং এই গভীর শোকের সময়ে তারা সম্মানের সঙ্গে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।’
কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময় তাঁর মেয়ের সঙ্গে জনসমক্ষে দেখা গেছে। রানি মুখার্জির সঙ্গে তাঁর সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে অভিনেত্রী নিজেও অনেক সাক্ষাৎকারে কথা বলেছেন। শুধু মেয়ের মা হিসেবে নয়, কৃষ্ণা বাংলা চলচ্চিত্রের অঙ্গনেও সক্রিয় ছিলেন। তিনি একজন প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন।
এদিকে, মায়ের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।
‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’ ও ‘ব্ল্যাক’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডে রানি মুখার্জি একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। সর্বশেষ ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মারদানি ৩’ সিনেমায় তাঁকে দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হজ ২০২৭-এর নিবন্ধনের সময় শেষ হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত সময় শেষ হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না। বাংলাদেশ ব্যাংকও হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে।
সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ২৭ জুলাই বাংলাদেশে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। এই নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই।
মন্ত্রণালয় জানায়, নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। সেই সংখ্যার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে, যার মধ্যে রয়েছে সৌদি আরবে বিভিন্ন সেবার জন্য অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ প্রদান, প্রয়োজনীয় টিকাদান, হজ প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতি।
২০২৭ সালের হজের জন্য বাংলাদেশ ৭৮ হাজার ৫০০ জনের কোটা পেয়েছে। তবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন ৩৭ হাজার ৯৫৬ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩৪ হাজার ২৭২ জন নিবন্ধন করেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয়ের পূর্বের নির্দেশনার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
প্রাক-নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। তা না হলে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে।
সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকদের ভাষ্য, অনেক হজযাত্রী এত আগে হজের অর্থ জমা দিতে আগ্রহী নন। এ কারণে চূড়ান্ত নিবন্ধনের গতি প্রত্যাশিত হারে বাড়ছে না। শেষ সময়ে বিপুলসংখ্যক হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজের ব্যয় বৃদ্ধি, মানুষের আর্থিক সক্ষমতার ওপর চাপ এবং সৌদি আরবে আবাসন, পরিবহণসহ বিভিন্ন সেবার খরচ বাড়ার কারণে বাংলাদেশের হজের কোটা পূরণ হচ্ছে না। এর মধ্যে ২০২৭ সালের জন্য সৌদি আরব বাংলাদেশের হজ কোটা প্রায় ৫০ হাজার কমিয়ে ৭৮ হাজার ৫০০ জন নির্ধারণ করেছে।
২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্য প্যাকেজের মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।
২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। তবে ওই প্যাকেজে খাবারের খরচ অন্তর্ভুক্ত ছিল না। এবার খাবারের জন্য ৩৯ হাজার ৫০৮ টাকা যোগ হয়েছে। পাশাপাশি মিনা ও আরাফাতে সৌদি সরকারের সর্বনিম্ন ‘ডি’ ক্যাটাগরি প্রত্যাহার, ৭০০ রিয়াল এবং বিনিময় হারজনিত ব্যয়ও যুক্ত হয়েছে।
ফলে এবার বিমান ভাড়া প্রায় ২৫ হাজার টাকা কমলেও হজের মোট ব্যয় কমেনি। বরং সর্বনিম্ন সরকারি প্যাকেজের দাম গত বছরের তুলনায় ৩৮ হাজার ৫১১ টাকা বেড়েছে। একইভাবে বেসরকারি ব্যবস্থাপনাতেও হজের খরচ বেড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি এখন তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান উল্লেখ করেছেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় এটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের কার্যক্রমও ডিবি পরিচালনা করবে।
শেরেবাংলা নগর থানায় রোববার রাতে জামায়াতে ইসলাম থেকে বহিষ্কৃত গাজী নজরুল, তার প্রথম স্ত্রী ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন হতভাগ্য মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।
মাসুম বিল্লাহ বলেন, "তারা সবাই মিলে নির্যাতন করে আমার মেয়েকে হত্যা করেছে। বিশেষ করে ওবায়দুর রহমান ক্রিমিনাল। ও-ই মূল নায়ক। সবকিছু করেছে। আমি ওবায়দুরের ফাঁসি চাই। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু করেছে, সবকিছু ঘটিয়েছে। আমাদের পুরো পরিবার তছনছ করে দিয়েছে।"
মামলার পর থেকে আত্মগোপনে রয়েছে ওবায়দুর রহমান। এদিকে মৃত্যুর পর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি মরিয়মের হাতের লেখা নয়।
তবে লেখাটি মরিয়মের হাতের কি না, সিআইডির ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হবেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ