ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন এবং এরপর সেখান থেকে সড়ক পথে খুলনা যাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হয়রত খান জাহান আলী(রহ.) মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষ করার পর সড়ক পথে প্রধানমন্ত্রী খুলনা যাবেন।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

খুলনা স্টেডিয়ামে নুতন কুঁড়ি স্পোর্টস(সিজন-২) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করছে।

এদিকে, খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল হয়ে উঠেছেন। পুরো শহরকে পরিচ্ছন্ন করা হয়েছে।

জেলা স্টেডিয়াম ও তার আশ-পাশের সড়ক নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর রং-বেরংয়ের ব্যানার-ফেষ্টুন দিয়ে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছে।

এসব গ্রাফিতিতে খুলনার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার প্রভৃতির প্রতিকৃতি।

আরও পড়ুন: ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে দাসত্বের সাংবাদিকতার কারণে: কাদের গনি চৌধুরী

সরজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাগানো সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। নেতা-কর্মীদের লাগানো ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। এবারই প্রথম সরকার প্রধানের আগমনে যত্রযত্র তোরণ, ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে খুলনা মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা আসছেন, তাই মহানগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টি নন্দন করা হয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় আছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তার কঠোর প্রস্তুতি, বিএমপি সদর দপ্তরে সমন্বয় সভা

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তার কঠোর প্রস্তুতি, বিএমপি সদর দপ্তরে সমন্বয় সভা

মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত, ট্রাফিক নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ**


চরমোনাই মাদ্রাসার আসন্ন বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা গ্রহণে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

সভায় আসন্ন মাহফিলকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত, জরুরি চিকিৎসাসেবা, অগ্নিনিরাপত্তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মাহফিল চলাকালে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বিশেষ করে মাহফিলস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সভায় গুরুত্ব পায়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখার ওপরও আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমসহ বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া বরিশালের সিভিল সার্জন, এসআরবি, ডিজিএফআই, এনএসআই, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি এবং মাহফিল-সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় মাহফিলকে কেন্দ্র করে নিরাপত্তা, জনসাধারণের স্বাভাবিক চলাচল এবং জরুরি সেবার প্রস্তুতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত প্রস্তুতি গ্রহণের বিষয়টি এ সভার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ডিবি পরিচয়ে ছিনতাই, তিনজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ফরিদপুরে ডিবি পরিচয়ে ছিনতাই, তিনজন গ্রেফতার

ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের চাকরিচ্যুত দুই সদস্য রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. লিমন মিয়া (৩৪), যিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানার নান্দাহা গ্রামে বসবাস করেন। অপরজন, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. ইমদাদুল হক, যিনি জাহাঙ্গীর (৫৫) নামেও পরিচিত, খুলনার লবণচরা থানার বাসিন্দা এবং বর্তমানে ফরিদপুর শহরের রঘুন্দনপুরের মাজেদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. সাখাওয়াত মুন্সি, যিনি সাকা (৩৬) নামে পরিচিত।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসেরহাট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করেন তারা। তখন তাদের এক সদস্যকে হাতকড়া পরিয়ে ইজিবাইকের চালককে ফরিদপুর ডিবি অফিসে যেতে বলেন। কিন্তু নির্জন স্থানে পৌঁছানোর পর চালক শহিদুল ইসলামকে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যান তারা। এ সময় চালকের কাছে থাকা মোবাইল ও নগদ অর্থও ছিনিয়ে নেয়া হয়।

ইজিবাইক চালক কোতোয়ালি থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে ফরিদপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে চক্রের মূলহোতা লিমন মিয়া এবং তার সহযোগী মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকাকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যানুযায়ী ফরিদপুর শহরের রঘুন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্যানুযায়ী, লিমনের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি ও বোয়ালমারী, রাজবাড়ীর পাংশা, মাদারীপুর সদর এবং ডিএমপির শ্যামপুর থানাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১১টি মামলা রয়েছে। এসব মামলায় চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে। অন্যদিকে, জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিএমপির শ্যামপুর, গেন্ডারিয়া এবং রাজবাড়ী সদর ও পাংশা থানায় কমপক্ষে ৫টি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, তারা দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে গত ১২ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিতে ডাকাতির অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেল ও নগদ ২৪ লাখ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল ডাকাতি করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালানোর সময় ওই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তারা ডাকাতির ঘটনা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এ বিষয়ে জানান, এই চক্রের সঙ্গে একটি বড় ধরনের অপরাধী নেটওয়ার্ক জড়িত। গ্রেফতারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে তদন্তের স্বার্থে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের উদ্দেশ্যে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আহম্মেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহম্মেদ গত ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ জুন তাঁকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছিল।

ফারুক আহম্মেদের আগে এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ। নতুন পদায়নে তাঁকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ এসআরবির মহাপরিচালক নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। তাঁর এ অর্জনে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সফলতা কামনা করেছে রুয়েট পরিবার।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম কারাগারে

চট্টগ্রাম নগরের খুলশী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি পটিয়ার ৮ নম্বর কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পলাতক সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর অনুসারী কাশেমের বিরুদ্ধে খুলশী ও বাকলিয়া থানায় একটি করে মামলা রয়েছে এবং পটিয়া থানায় সাতটি মামলা মিলিয়ে মোট ৯টি মামলা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) খুলশী থানার উপ-পরিদর্শক গোলাম মো. নাসিম কালের কণ্ঠকে জানান, মঙ্গলবার রাতে নগরের জিইসি মোড় এলাকায় একটি গোপন বৈঠকের খবর পেয়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে, আদালত তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবুল কাশেম ১৮ বছর ধরে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায় দলের নেতাকর্মীরা কাশেমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%