শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৫ পি.এম
যুক্তরাষ্ট্র ভারতকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাড়তি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির আওতায়। মার্কিন আলোচকেরা চুক্তি স্বাক্ষরের পর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ না করার বিষয়টিও চুক্তির আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস .
ওই কর্মকর্তা জানান, দুই দেশের আলোচকেরা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনায় শুল্ক ও বাণিজ্য সহজীকরণ অধ্যায়ের বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে।
তিনি উল্লেখ করেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন আলোচকেরা দুই দিনের জন্য ভারতে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে শুল্ক ও বাণিজ্য সহজীকরণ নিয়ে একটি অধ্যায় রয়েছে। এর অনেক বিষয়েই সমাধানে পৌঁছানো গেছে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের সুবিধাজনক অবস্থানে রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের শুল্ক কাঠামো কীভাবে চূড়ান্ত হয়, তা আমাদের দেখতে হবে।’
ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ওই কর্মকর্তা বলেন, চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির বাইরে গিয়ে ভবিষ্যতে কোনো শুল্ক আরোপ করা হলে ভারতও তার দেওয়া বাণিজ্যিক সুবিধা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে।
তিনি আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। তবে এই পর্যায়ের চুক্তিতে সেবা খাত অন্তর্ভুক্ত থাকবে না।
শুল্ক নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে দ্বিতীয় দফার তদন্তের প্রতিবেদন প্রকাশ করলে দেশটির চূড়ান্ত শুল্ক কাঠামো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কোনো দেশ বা খাতের উৎপাদন সক্ষমতা বাজারের চাহিদার তুলনায় বেশি হলে তাকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বলা হয়।
এই তদন্তে নিজেদের জন্য অনুকূল সিদ্ধান্ত প্রত্যাশা করছে ভারত। দেশটি অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশের সঙ্গে এ বিষয়ে একমত হয়েছে যে, যেকোনো দেশে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন পরিস্থিতি অন্য বাণিজ্য অংশীদারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। এসব দেশ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।
এর আগে চলতি বছরের জুনে ভারতের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। গত মার্চে প্রস্তাবিত ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের তুলনায় এ হার কম ছিল। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এ ধরনের পণ্য আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম দফার তদন্ত শুরু হয়েছিল।
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে পারে বাণিজ্য প্রতিনিধি দপ্তর। এর ফলে ২০২৫ সালের শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে শুল্ক কাঠামো তৈরির পরিকল্পনা করছিল, তা আবার সামনে আসতে পারে।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করার পর বেশ কয়েকটি বাণিজ্য চুক্তির আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
কৃষি ও দুগ্ধ খাতে ভারতের অনড় অবস্থান
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল গত ৩ নভেম্বর জানিয়েছিলেন, জিনগতভাবে পরিবর্তিত পণ্য কিংবা বাছুরের মাংস ব্যবহার করে উৎপাদিত দুগ্ধজাত পণ্য আমদানির অনুমতি দেবে না ভারত।
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় জিনগতভাবে পরিবর্তিত পণ্য রপ্তানির জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, নির্দিষ্ট কিছু দুগ্ধজাত পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ অশুল্ক বাধা হিসেবে কাজ করছে। ২০২৫ সালের মার্চে প্রকাশিত অশুল্ক বাধাবিষয়ক এক প্রতিবেদনে ভারতের দুগ্ধজাত পণ্য আমদানির শর্তগুলোকে ‘কঠোর’ বলে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর।
কিরোরি মাল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে পীযূষ গয়াল বলেন, ‘দুগ্ধ খাত উন্মুক্ত করার বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। এখন পর্যন্ত কোনো দেশের জন্যই এ খাত উন্মুক্ত করিনি। জিনগতভাবে পরিবর্তিত কোনো পণ্য ভারতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়েও আমরা সতর্ক। অতীতেও অনুমতি দিইনি, ভবিষ্যতেও দেব না। এ ক্ষেত্রে কঠোর সনদ নিশ্চিত করতে হবে।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খাদ্য হিসেবে ব্যবহারের জন্য আমদানি করা দুগ্ধজাত পণ্য এমন প্রাণী থেকে উৎপাদিত হতে হবে, যেগুলোকে জাবরকাটা প্রাণী বা শূকরজাত উৎসের অভ্যন্তরীণ অঙ্গ, রক্তের গুঁড়া কিংবা টিস্যু মিশ্রিত খাবার খাওয়ানো হয়নি। রপ্তানিকারক দেশগুলোকে এ শর্ত পূরণের সনদও দিতে হয়।
তবে মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব শর্তের পেছনে প্রাণী বা মানুষের স্বাস্থ্যের সুরক্ষাসংক্রান্ত সুস্পষ্ট কোনো যুক্তি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আসা শতাধিক বিদেশি বক্তার প্রবেশে বাধা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। অনুমোদন পাওয়ার পরও ১১৫ জন বক্তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি অথবা তাদের ভিসা বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর এই তথ্য প্রকাশ করেছেন।
প্রবেশের অনুমতি না পাওয়া ব্যক্তিদের মধ্যে নরওয়ের এক সাংবাদিকও রয়েছেন। তিনি আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় এসেছিলেন।
কংগ্রেসের সংসদ সদস্য এবং জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শশী থারুর জানিয়েছেন, সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছিলেন মোট ৩১৫ জন বিদেশি বক্তা। তবে পরবর্তীতে তাদের মধ্যে ১১৫ জনের প্রবেশ আটকে দেওয়া হয়েছে অথবা ভিসা বাতিল করা হয়েছে।
থারুরের ধারণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, কোন আইনের কোন ধারার ভিত্তিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে, তা পরিষ্কার নয়।
তিনি আরও উল্লেখ করেন, একটি গর্বিত গণতান্ত্রিক দেশ এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে ভিন্নমত ও বিভিন্ন কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা করছে—এটি অত্যন্ত লজ্জাজনক।
ভিসা বাতিল হওয়া নরওয়ের সাংবাদিক হেলে লিং বুধবার জানান, ভারতে আসার উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষণ আগে তার ভিসা বাতিল করা হয়। গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর আগে গত মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক।
এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ভারতের এডিটরস গিল্ড। সংগঠনটির মতে, ভিসা বাতিলের এই সিদ্ধান্তে আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত পাওয়া যায়। কেন এসব ভিসা বাতিল করা হয়েছে, সরকারকে তার ব্যাখ্যা প্রকাশের পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার ভারতের হায়দরাবাদে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে আলোচনা হওয়ার কথা।
এদিকে ভিসা বাতিল ও বিদেশি প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর লক্ষ্যে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায়, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে।
কর্মসূচিটি বাস্তবায়নের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দের আবেদন জানিয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমোদন ও বরাদ্দ পাওয়ার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
যেভাবে চাল পাবেন শ্রমিকরা
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো খাদ্য মন্ত্রণালয়ের বুধবারের চিঠিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বরাবর পাঠানো চিঠিতে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ভর্তুকি মূল্যে চাল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম হবে ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এই কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
পোশাকশ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে তিন মাস এই কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রয়োজন হবে সাড়ে চার হাজার টন চাল।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চালের সংস্থান রাখার কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুত ব্যবহার করেই এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। চাল সরবরাহ, ট্রাকে বিক্রি ও পরিবহণসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়ও প্রস্তাবে তুলে ধরা হয়েছে।
এখন অর্থ বিভাগের অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপর নির্ভর করছে কর্মসূচি শুরুর বিষয়টি।
তিন মাসের বদলে দীর্ঘমেয়াদি করার পরামর্শ
অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির এ সময়ে শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর উদ্যোগ ইতিবাচক। তবে তিন মাসের পরিবর্তে কর্মসূচিটি অব্যাহত রাখলে শ্রমিকরা বেশি উপকৃত হবেন।
তিনি বলেন, তিন মাস পর ৩০ টাকা কেজি দরে চাল পাওয়ার সুবিধা বন্ধ হলে শ্রমিকদের মধ্যে আবার সংকট তৈরি হতে পারে। এই পরিস্থিতি এড়াতে বেতনের সঙ্গে সমন্বয় করে খাদ্য সহায়তার সুবিধা স্থায়ীভাবে বহাল রাখা গেলে সবচেয়ে ভালো হবে।
আবু আহমেদের মতে, শ্রমিকদের নতুন মজুরি দ্রুত নির্ধারণ করাও জরুরি। নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন মজুরি নির্ধারণ করা গেলে শ্রমিক অসন্তোষ ও সামগ্রিক সংকট অনেকাংশে কমতে পারে।
বাজেটে বাড়বে খাদ্য ভর্তুকি
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে ভর্তুকি মূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে খাদ্য ভর্তুকি বাড়বে। এতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলেও শ্রমিকদের বিষয়ে সরকার আন্তরিক।
ওই কর্মকর্তা আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলগুলোতে একাধিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এবার খাদ্যে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শ্রমিকদের কল্যাণে সরকার পাশাপাশি মালিকপক্ষেরও আরও আন্তরিক হওয়া প্রয়োজন।
নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও চলছে।
শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ নভেম্বর সরকার অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় মাংসপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন ‘মিট কার্নিভাল, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট’ শুরু হয়েছে। এই উৎসব বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে বুফে ডিনার উপভোগের সুযোগ রয়েছে। এই আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাংসের পদগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ও মুখরোচক পদও থাকবে।
মেনুর উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে সুগন্ধি ভাতের সঙ্গে মেজবানি ঢঙে রোস্ট করা বিফ ব্যাক লেগ, বিফ শর্ট রিবস কালাভুনা, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ওসো বুকো, হোল ল্যাম্ব উজি ও প্রিমিয়াম কোল্ড কাট অন্তর্ভুক্ত রয়েছে। উৎসব উপলক্ষে রন্ধনশিল্পীরা বিশেষ কিছু পদ তৈরি করেছেন। মাংসের এই আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ডেজার্ট মেনুতে বিফি চকোলেট মুস ও বেকন চকোলেট বার্কও রয়েছে।
আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার জানান, "মিট কার্নিভাল এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রিমিয়াম মাংসের সমৃদ্ধ স্বাদ, বৈচিত্র্য ও বহুমুখী ব্য বহার অতিথিদের সামনে একটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা যায়। বেঙ্গল মিটের সঙ্গে আমাদের এই সহযোগিতা উন্নতমানের উপকরণ ও দক্ষ রন্ধনশৈলীর সমন্বয়ে অতিথিদের জন্য একটি স্মরণীয় গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।"
উৎসবের জন্য মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে বেঙ্গল মিট কাজ করছে। বুফের বিভিন্ন পদের জন্য প্রতিষ্ঠানটি মাংস সরবরাহ করছে। বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৮,৯৯৯ টাকা নেট। অংশগ্রহণকারী ব্যাংকের নির্ধারিত কার্ডে প্রযোজ্য শর্ত সাপেক্ষে ডাইন ৪ পে ১, ডাইন ৩ পে ১ ও ডাইন ২ পে ১ সুবিধা পাওয়া যাবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে নিয়মিতভাবে হোটেলের অতিথি ও স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য নানা খাবারের আয়োজন হয়ে থাকে।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের অংশ হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। এই হোটেলে ব্যবসায়িক ও অবকাশযাপনকারী অতিথি এবং স্থানীয় দর্শনার্থীদের জন্য আবাসন, খাবার ও অনুষ্ঠান আয়োজনের সুবিধা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙ্গামাটি, ১৩ নভেম্বর, ২০২৬ : বর্তমান সরকার তিন পার্বত্য জেলায় টেকসই শান্তি, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছে, এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আজ রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সকল মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই সরকারের প্রতিশ্রুতি। পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে পড়া প্রান্তিক জনগণের মূলধারায় অগ্রসর হওয়ার মাধ্যমে ধাপে ধাপে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পিস থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে শান্তি), ‘সিকিউরিটি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা) এবং ‘হারমোনি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি) এই তিন দর্শনকে সামনে রেখে সরকার কাজ করছে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে জাতীয় প্রত্যয় নেওয়া হয়েছে, পার্বত্য অঞ্চলের এই সম্প্রীতির জনপদগুলো এতে অগ্রণী ভূমিকা পালন করবে।
দেশের ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কিশোর ও যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে যেভাবে অনুপ্রাণিত করছেন, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে। স্পেশাল অলিম্পিকসকে তিনি শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন হিসেবে নয়, বরং সাম্য, সম্প্রীতি, আত্মবিশ্বাস ও সুপ্ত সম্ভাবনা বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি আঞ্চলিক এই ক্রীড়া আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিভাবান বিশেষ ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারিক সেকান্দর এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণা চাকমা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ