১২:১৮ পি.এম
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন নির্মাণ ও উদ্বোধনের পরও জনবলের অভাবে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হয়নি। বর্তমানে ভবনটিতে কার্যক্রমের প্রায় ৫০ শতাংশ চালু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই নতুন ভবনে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা শুরু হবে।
সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগ (আউটডোর) এর প্রথম ও দ্বিতীয় তলায় রোগীদের সীমিত পরিসরে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে চালু রয়েছে। এছাড়া ক্যাথল্যাব, অস্ত্রোপচার-পরবর্তী সেবা ও একাডেমিক কার্যক্রমও সীমিত পরিসরে শুরু হয়েছে।
তবে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও কারিগরি জনবলের অভাবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। নতুন ভবনে ৫০০ শয্যা, ৪০টি আইসিইউ বেড, ২০টি হাই ডিপেনডেন্সি ইউনিট বেড (এইচডিইউ বেড), ১১২টি কেবিন, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনে আহত শ্রমিক সেলিমের মৃত্যু
দেশের অন্যতম স্নায়ুরোগ চিকিৎসার বিশেষায়িত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, মেরুদণ্ডের জটিলতা, পারকিনসন্স, ডিমেনশিয়া, মৃগীসহ নানা জটিল স্নায়ুরোগে আক্রান্ত হাজারো মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু শয্যা সংকটে অনেক রোগীকে ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, ‘আমাদের জনবলের ঘাটতি আছে। তবে খুব শিগগিরই লোকবল নিয়োগ করা হবে। তখন হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা মিলবে।’
চলতি বছরের ১৫ আগস্ট ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৫০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনটি স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট পদ রয়েছে ৬৪৯টি। বর্তমানে কর্মরত আছেন ২৮৮ জন। শূন্যপদ রয়েছে ৩৬১টি। অর্থাৎ অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি শূন্য।
আরও পড়ুন: খিলগাঁওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
অন্যদিকে নার্সিং বিভাগে অনুমোদিত ৮৬৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭৮ জন। শূন্য রয়েছে ১৮৬টি পদ। সব মিলিয়ে চিকিৎসক ও নার্সের ৫৪৭টি পদ শূন্য রয়েছে। নতুন ৫০০ শয্যার ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরো ৮০০ থেকে ১০০০ জন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারী প্রয়োজন।
হাসপাতালটির ২০২৫-২৬ অর্থবছরের রোগীদের সেবাগ্রহণ সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৮ লাখ ১৩ হাজার ৯৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৭৮৯ জন এবং জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে ৩১ হাজার ২৯৩ জন।
২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। পরে আরো ২০০ শয্যা যুক্ত করে সক্ষমতা বাড়ানো হয়। গত এক দশকে স্নায়ুরোগীর সংখ্যা ও চিকিৎসাসেবার চাহিদা বাড়তে থাকায় হাসপাতালটির সক্ষমতা আরো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নির্মাণ করা হয় নতুন ৫০০ শয্যার ভবন। এটি চালু হলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত হবে।
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ব্রেন টিউমার অপারেশন করাতে নিউরোসায়েন্সেস হাসপাতালে এসেছেন রাশিদুল ইসলাম। তাকে নোয়াখালী সদর হাসপাতাল থেকে এখানে রেফার্ড করা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগের সামনে কথা হয় তার ভাই রবিউল ইসলামের সঙ্গে।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জন আটক
তিনি বলেন, বড় ভাইয়ের ব্রেন টিউমার ধরা পড়েছে। নোয়াখালীর চিকিৎসকরা দ্রুত অপারেশন করাতে বলেছেন। কিন্তু এখানে বেড ফাঁকা পাচ্ছি না, তাই ভর্তি করানো যাচ্ছে না। চারদিন ধরে হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়ায় রয়েছেন বলেও জানান তিনি।
হাসপাতালের জনবলের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট অনুমোদিত পদের সংখ্যা ২ হাজার ৭২৮। এর মধ্যে ১ হাজার ৬১৯ জন কর্মরত আছেন।
হাসপাতালের অধ্যাপক পদ রয়েছে ২৭টি, এর মধ্যে ৮ জন কর্মরত আছেন। আর শূন্য রয়েছে ১৯টি পদ।
সহযোগী অধ্যাপক পদ রয়েছে ৪৫টি, এর মধ্যে ১৬ জন কর্মরত থাকলেও শূন্য রয়েছে ২৯টি পদ। সহকারী অধ্যাপক পদ রয়েছে ৮৬টি, এর মধ্যে ২৩ জন কর্মরত আছেন, শূন্য রয়েছে ৬৩টি পদ। সিনিয়র কনসালটেন্ট পদ ৮টির মধ্যে ৬টি শূন্য। জুনিয়র কনসালটেন্ট পদ রয়েছে ২৫টি এর মধ্যে শূন্য রয়েছে ১৩টি। এ ছাড়া ইনডোর মেডিক্যাল অফিসার পদ ১৫১টির মধ্যে ১১১টি শূন্য রয়েছে।
আরও পড়ুন: আজ কেমন থাকবে আবহাওয়া, বলছে অধিদপ্তর
সেবা বিভাগের জনবল চিত্র বিশ্লেষণ থেকে দেখা গেছে, উপ-সেবা তত্ত্বাবধায়কের পদ ৩টির মধ্যে ৩টি শূন্য। নার্সিং সুপারভাইজার পদ ২০টির মধ্যে ১৩টি শূন্য। সিনিয়র স্টাফ নার্সের পদ ৮৪০ জনের মধ্যে কর্মরত আছেন ৬৬৯ জন, শূন্য রয়েছে ১৭১টি পদ। এ ছাড়া আউটসোর্সিং কর্মীর পদ রয়েছে ১ হাজার ২১৫টি। এর মধ্যে কর্মরত আছেন ৬৫৬ জন। শূন্য রয়েছে ৫৫৯টি পদ।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান জানান, বর্তমানে জনবলের সংকট রয়েছে। জনবল এতদিনে নিয়োগ হয়ে যেত। কিন্তু সরকারি চাকরির নিয়োগের নীতিমালা পরিবর্তন হচ্ছে। এ কারণেই আমাদের জনবল নিয়োগে দেরি হচ্ছে।
তিনি বলেন, আমরা আশা করছি ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। নিয়োগের নীতিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি দেওয়া হবে।
হাসপাতালের পরিচালক আরো বলেন, একই সঙ্গে আউটসোর্সিংয়ে জনবল নেওয়ার কাজ চলমান। আশা করছি, দ্রুত নতুন ভবন চালু করতে পারব। নতুন ভবনে সব ধরনের সুফল পাবে রোগীরা।
আরও পড়ুন: সোমবার ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন