০৩:৫৮ পি.এম
বাড়ির আঙিনা থেকে বসতভিটা-সর্বত্র সুপারির বাগান রয়েছে। মৌসুম আসলে এসব বাগান ঘিরে কোটি টাকার বাণিজ্য জমে ওঠে। লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি বিভাগ এবার পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছে।
ফলনের কিছুটা কম হওয়ার কারণে গত বছরের তুলনায় প্রতি পোন (৮০টি) সুপারির দাম ২০ থেকে ৫০ টাকা বেড়ে গেছে। বর্তমানে আকার ও মানভেদে প্রতি পোন সুপারি ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এর ফলে উপজেলার হাটবাজারগুলো জমজমাট হয়ে উঠেছে এবং কৃষক, পাইকার ও মজুতদারদের মধ্যে ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে।
মীরগঞ্জ, রাখালিয়া, মোল্লার হাট, বাসাবাড়ি, মিতালি বাজার, বাবুর হাট ও হায়দরগঞ্জ হাটে সুপারি বিক্রির বড় বাজার রয়েছে। এর মধ্যে মীরগঞ্জ ও হায়দরগঞ্জ প্রধান বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। মৌসুমের সময় এসব বাজারে কৃষক, পাইকার, মজুতদার ও খুচরা ব্যবসায়ীদের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
আরও পড়ুন: নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, কৃষকরা দিশেহারা
রায়পুরে উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাইকার ও ব্যবসায়ীদের মাধ্যমে এসব সুপারি দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। এর ফলে সুপারি উৎপাদন ও বিপণনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে বড় কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাগানের সুপারি পাকতে শুরু করে। নভেম্বরে তা পুরোপুরি পেকে যায়। এই সময়ে কৃষকেরা বাগান থেকে সুপারি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। পাইকার ও মজুতদাররা এসব সুপারি কিনে একাংশ পানিতে ভিজিয়ে রাখেন, অন্য অংশ শুকিয়ে সংরক্ষণ করেন। পরবর্তীতে বাজারের চাহিদা ও দাম অনুযায়ী সেগুলো বিক্রি করা হয়।
বামনী ইউনিয়নের সুপারি পাইকার জামাল হোসেন বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর সুপারি কেনাবেচার মূল মৌসুম। এই সময়ে ভেজানো সুপারির মজুতদাররা বিভিন্ন বাজার থেকে দলবদ্ধভাবে সুপারি কেনেন। জানুয়ারি থেকে মার্চ মাসে বাজারে সুপারি দাম বাড়তে থাকে। তখন ভেজানো সুপারি বেশি বিক্রি হয়।
সুপারিবাগানের মালিক আব্দুর রহমান জানান, এ বছর ফলন কম হলেও দাম বাড়ায় কিছুটা স্বস্তিতে আছেন। তবে বাগান পরিচর্যা ও সুপারি সংগ্রহের খরচও কম নয়। গাছপ্রতি সুপারি পাড়ার গাছিকে ২০ টাকা মজুরি দিতে হয়। এর বাইরেও বাগান পরিচর্যা ও অন্যান্য খরচ রয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রায়পুর উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়। তবে আবাদি জমির বাইরে বাড়ির আঙিনা, উঁচু জমি ও বসতভিটাসহ বিভিন্ন স্থানে অসংখ্য সুপারির বাগান রয়েছে। এসব বাগান উপজেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত সুপারির অর্ধেকের বেশি রায়পুর উপজেলা থেকে আসে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার সুপারি বিক্রির সম্ভাবনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন