০৪:১২ পি.এম
চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা একজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টার দিকে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রামের দিকে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় মো. ফায়েজ (২১) হিসেবে জানা গেছে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবী পাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে, এবং সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা
অন্যদিকে, বাসের ধাক্কায় গুরুতর আহত অপর আরোহী মো. রামিম, যিনি একই ইউনিয়নের নয়ার পাড়ার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, ‘পটিয়ায় বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, এই ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা জোরদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন