ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা


ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২৪টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার, রাজধানীর বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এই মামলাগুলি করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: হোটেল ও পর্যটন খাতে ফ্রি প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১২৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬১টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৪টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫১৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৬টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪৫টি মামলা হয়েছে।

অভিযান চলাকালীন ৭১৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

আরও পড়ুন: বেতাগীতে আ. লীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম আমিনুল ইসলাম গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার মহিষের দুধের ঐতিহ্যবাহী টক দই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সমৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ভোলার মহিষের দুধের ঐতিহ্যবাহী টক দই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সমৃদ্ধ

বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জনপদ দ্বীপ জেলা ভোলা। মেঘনা ও তেঁতুলিয়ার কোলে অবস্থিত এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেশজুড়ে একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবারের জন্য বিশেষভাবে পরিচিত। এই খাবারটি হলো ভোলার মহিষের দুধের বিখ্যাত টক দই। ঈদ, বিয়ের অনুষ্ঠান এবং যে কোনো উৎসব আয়োজনে মহিষের দই থাকে খাবারের মূল আকর্ষণ হিসেবে। প্রায় ২০০ বছর ধরে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই দইয়ের নাম।

ভোলার টক দইয়ের স্বকীয়তার মূল রহস্য লুকিয়ে আছে এর খাঁটি উপাদান এবং প্রথাগত প্রস্তুতি পদ্ধতি। গাভির দুধের তুলনায় মহিষের দুধে ফ্যাট ও প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। ভোলার চরাঞ্চলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ঘাস খাওয়া মহিষের দুধের পুষ্টিগুণ ও স্বাদ একেবারেই অনন্য।

এই দই জমানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ আকৃতির পোড়ামাটির হাঁড়ি বা সরা। মাটির পাত্র দুধের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। দইকে দীর্ঘ সময় ঠান্ডা ও প্রাকৃতিকভাবে তাজা রাখে। কৃত্রিম কোনো রাসায়নিক ছাড়াই নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে ঐতিহ্যবাহী পদ্ধতিতে এ দই জমানো হয়। ফলে এতে একধরনের প্রাকৃতিক টকভাব ও সোঁদা মাটির সুবাস তৈরি হয়, যা একে সাধারণ দই থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে।

শুধু স্বাদের দিক থেকেই নয়, পুষ্টিবিদদের মতেও মহিষের দুধের টক দই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে এই টক দইয়ে। এ দই হাড় ও দাঁতের গঠনে এবং পেশি শক্তিশালী করতে অত্যন্ত কার্যকরী। এ দইয়ে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। প্রাকৃতিক প্রোবায়োটিক হজমশক্তি বাড়াতে এবং অন্ত্রের সুরক্ষায় দারুণ ভূমিকা রাখে। কম কোলেস্টেরল ও শক্তিবর্ধক এ দই শারীরিক কর্মক্ষমতা বাড়াতে, ক্লান্তি দূর করতে জাদুর মতো কাজ করে।

ভোলার চরাঞ্চল এবং প্রত্যন্ত গ্রামের গোয়ালা ও রাখাল পরিবারগুলোর জীবিকার অন্যতম প্রধান উৎস মহিষ পালন ও দই তৈরি। প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, তাদের মধ্যে একজন রাখাল কবির হোসেন। তিনি জানান, "বছরের ১২ মাসেই মহিষ থেকে দুধ পাই। এই দুধ স্থানীয় কারিগরদের দিয়ে ও দ্বীপের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা উৎসব-পার্বণে ভোলার টক দইয়ের কদর সব সময়ই শীর্ষে।"

স্থানীয় হাসমত আলী জানান, ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। এখানে ছোট-বড় বহু চর রয়েছে। যেখানে মহিষ পালন করা অনেকটা সুবিধাজনক। প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে এ মহিষের দুধের দইয়ের সুনাম রয়েছে এ জেলার।

দইয়ের কারিগর মো. নুরুজ্জামান বলেন, "আসলে এ দই তৈরিতে তেমন কোনো কেরামতি নেই। এটা কঠিন কোনো বিষয় না। একটু খেয়াল করলেই দই তৈরি করা সম্ভব। প্রথমে একটি মাটির পাত্র (টালি) পরিষ্কার করে নিতে হবে। এরপর দুধ ভালোভাবে ছেকে মাটির পাত্রে স্থির জায়গায় রেখে দিলে হয়ে যাবে মুখরোচক টক দই। গরমের দিনে ৭ থেকে ৮ ঘণ্টা এবং শীতের দিনে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে দই তৈরিতে।"

ভোলা পৌর শহরের ঘোষপট্টি মহিষের দুধের দইয়ের প্রধান প্রাণকেন্দ্র। এ ছাড়া জেলার প্রায় সব বাজারে পাওয়া যায়। দেড় লিটারের হাড়ি ১৫০ থেকে ৩০০ টাকা এবং দুই লিটারের হাড়ির দাম ২০০ থেকে ৪০০ টাকা। অবশ্য দুধের দামের ওপর দইয়ের বাজার ওঠা-নামা করে।

বাংলার ঐতিহ্যবাহী এই খাবার আজ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়ছে। আধুনিক বিজ্ঞাপনের যুগে খাঁটি মহিষের দুধের জোগান কমে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে নকল বা ভেজাল দইয়ের প্রাদুর্ভাব এই ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে। তবে গত বছর ভোলার মহিষের দুধের দইকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা এই সুস্বাদু খাবারকে যুগ যুগ ধরে টিকে থাকার সুযোগ করে দেবে। এছাড়া কারিগরদের জন্য সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তা প্রদান করা গেলে ঐতিহ্য বজায় রেখেই উৎপাদন ও বাজারজাতকরণ আরো প্রসারিত করা যাবে বলে মনে করেন স্থানীয়রা।

ভোলার মহিষের দুধের টক দই কেবল একটি খাবার নয়, এটি উপকূলীয় মানুষের জীবনযাত্রা, শিল্প এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল। এই ঐতিহ্য টিকিয়ে রাখা মানে আমাদের গ্রামীণ সংস্কৃতির শেকড়কে বাঁচিয়ে রাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


মালয়েশিয়াগামী কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এই কার্যক্রমের সূচনা হয়।

মন্ত্রণালয়ের এক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ নভেম্বর বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।

এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কেন্দ্রগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত এবং মালয়েশিয়ান প্রতিষ্ঠান ‘বেস্টিনেট এসডিএন বিএইচডি’র প্রয়োজনীয় নিরীক্ষা (অডিট) প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে। আগ্রহী কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার পূর্বে এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।

সরকার ইতোমধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করেছে। কোনো মেডিকেল সেন্টার যাতে অতিরিক্ত ফি আদায় বা চাকরিপ্রার্থীদের হয়রানি না করে, সে বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এর আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল অনুমোদন প্রক্রিয়া গতিশীল করার এবং পদ্ধতিগত বাধা দূর করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতাগীতে আ. লীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম আমিনুল ইসলাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


বেতাগীতে আ. লীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম আমিনুল ইসলাম গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সড়কের পাশে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।

বেতাগী থানা পুলিশ সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাহরিয়া সংগ্রাম আমিনুল ইসলামের বিরুদ্ধে বেতাগী থানায় দুটি মামলা রয়েছে।

বেতাগী থানার ওসি মো. এনামুল হক বলেন, ‘আমিনুলের বিরুদ্ধে বেতাগী থানায় দুটি মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা হাজতে রয়েছে। আইনানুযায়ী তাকে ২৪ ঘণ্টা থানা হাজতে রাখা যাবে।’

এ ঘটনায় এখন পর্যন্ত (সোমবার বিকেল ৩ টা) তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোটেল ও পর্যটন খাতে ফ্রি প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


হোটেল ও পর্যটন খাতে ফ্রি প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ

দেশের হোটেল ও পর্যটন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে ফ্রি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণ কার্যক্রমটি রাজধানীর বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালিত হবে। মূল প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে : মোট চারটি বিষয়ে প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে। বিষয়গুলো হলো―

১. হাউজকিপিং,

২. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস,

৩. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং),

৪. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন।

মেয়াদ ও প্রশিক্ষণের ধরন : প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৪ মাস (৫০০ ঘণ্টা)। প্রথম ২ মাস প্রশিক্ষণ ইনস্টিটিউটে এবং পরবর্তী ২ মাস সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ (ইন্টার্নশিপ) অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউটে সপ্তাহে ৫ দিন এবং প্রতিদিন ৫ ঘণ্টা করে ক্লাস পরিচালিত হবে। ইন্ডাস্ট্রিতে প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হবে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

শিক্ষাগত যোগ্যতা ও বয়স : প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সুযোগ-সুবিধা : প্রশিক্ষণে ন্যূনতম ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে। এছাড়া কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদপত্র প্রদানের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়তা করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র : আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট আকারের ছবি, এসএসসি পাসের সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) সব সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বাছাই পরীক্ষার তারিখ ও ফলাফল সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে।

আবেদনের ঠিকানা : বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, ১৪৭/ডি, গ্রীনরোড (সোনারগাঁও ইউনিভার্সিটির বিপরীতে), ঢাকা।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ নভেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%